চুপচাপ খামটা নিয়ে বারান্দায় চেয়ারটায় বসল মিলি।
ঢাকা শহরে মাঝরাতেও কিছু মানুষ জেগে থাকে। বারান্দা হতে সামনের রাস্তাটা বেশ লাগে। রাতের নির্জনতায় বেশ দুরে দুরে বিচ্ছিন্নভাবে কিছু মানুষ হেঁটে যাচ্ছে। ল্যাম্পপোস্টের আলোতে ধীর পায়ে মানুষগুলোর হেঁটে যাওয়া দেখতে কেমন যেন অশরীরী লাগে।
মিলির বুকের ভেতর একটা অদ্ভুত ধুকপুক হচ্ছে। সে যেন নিজে তার বুকের আওয়াজ শুনতে পাচ্ছে। একই সাথে তার মনটা বিষণ্ণতায় ভরে আছে। আজ ছয় নভেম্বর। এ দিনটার জন্য সে সারাটা বছর অপেক্ষা করে।
হাতের খামটা খুলে ভেতর হতে ছবিটা বের করল। ছবিটা বের করে দু হাতে ধরে সাবধানে বুকে চেপে ধরল মিলি। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে বারান্দাটায় আবছা আবছা আলো। একবার খুব সাবধানে ছবিটা সামনে এনে দেখল। অনেক দিনের চেনা মানুষটার ছবি আবছা হয়ে যাচ্ছে দিনে দিনে। বহু বছর দিনের আলোতে ছবিটা দেখা হয় না তার। ছবিটার দিকে তাকিয়েই বুকের ভেতরটা হুহু করে উঠলো।
দাঁতে দাঁত চেপে কান্না আটকে রাখার চেষ্টা করল মিলি। ঘরে স্বামী সন্তান আছে। বিয়ের এক বছর আগে আফজাল না মারা গেলে জীবনটা অন্যরকম হতো। আজ আফজালের মৃত্যুবার্ষিকী। নয় বছর আগে এ দিনটায় আফজাল চলে গিয়েছিল। জীবনের এই একটাই দুঃখের ঘটনা তার। আর এই একটা দুঃখই তার চেনা পৃথিবীর রং পাল্টে দিয়েছে।
কিছু একটা মনে হতেই মিলি সোজা হয়ে বসল। চোখের পানিতে ছবিটার এক কোণ ভিজে গেছে। পানিটা মোছার অজুহাতে ছবিটা আবার বুকে চেপে রাখল, মিলি। ছবিটা বুকে চেপে ধরেই চোখ বন্ধ করে চুপ করে বসে রইল সে। সে জানে, একটু পর আফজাল আসবে। প্রতিবছর এ দিনে আফজাল এসে তাকে ছুঁয়ে যায়।
সব মৃতেরা তাদের তিরোধানের রাতে পৃথিবীতে তাদের প্রীয় মানুষকে ছুঁয়ে যায়।
"তুমি আসো, তুমি আসো" বলে বিড়বিড় করে আফজালকে ডাকছে মিলি।
Comments
Be this story’s first reader
+40 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.