আমি দেশলাই কাঠি
বারুদের ছোঁয়ায় উঠি জ্বলে
তারপর হই নিঃশেষ
ঝড়ো হাওয়া লাগে না মোটে
এক ফুঁতেই উড়ে যাই
ক্ষুদ্র ধ্বংসাবশেষ।
আমি দেশলাই কাঠি
উঞ্চতায় বাঁচি
শিশিরে নিরুত্তাপ
খসে খসে পড়ি আগুনের গোলা
পায়ে দলিতমথিত হই সাঙ্গ করি পাপ।
আমি দেশলাই কাঠি
বুভুক্ষিত,
নিরবে করতে পারি গ্রাস সমগ্র
চাইনি অবহেলা; চাইনি অর্ঘ্য।
আমি দেশলাই কাঠি
ক্ষুদ্র অতি
একটু বারুদে জ্বলে উঠি অনির্বান
ছারখার করে দিতে পারি সব
নিতে পারি শতপ্রাণ।