Poetry

ছায়ায় ছবি

October 13, 2026

70 views

আলমারিতে আজও ঝুলছে আমার পুরনো একটা জ্যাকেট,
যেটার পকেটে রয়ে গেছে তোর একটা রুপোলি ক্লিপ।
তুই চলে যাওয়ার দিন কোনো ঝড় ওঠেনি শহরের গায়ে,
না কোনো হঠাৎ বৃষ্টি, না কোনো নাটকীয় ট্রাফিকের জ্যাম;
খুবই স্বাভাবিক এক সোমবারে তুই শুধু চুলের ক্লিপটা টেবিলে রেখে দিলি,
যেন বাসের টিকিট কেটে তুই নেমে গেছিস পরের স্টপেজে।
আমি ভেবেছিলাম, নামটা তোর ‘ছবি’।
তাই যা কিছু রেখে গেছিস, তা হয়তো স্রেফ এক স্থির দৃশ্যপট।
ফ্রেমের ভেতর আটকে থাকা অলস বিকেল, কিংবা চায়ের কাপে জমতে থাকা সর।

কিন্তু মানুষ যখন চলে যায়, সে তো কোনো স্থির দৃশ্য রেখে যায় না,
সে রেখে যায় একটা চলন্ত ছায়া,
যে ছায়া রোজ সকালে এসে ঘড়ির অ্যালার্ম বন্ধ করে দেয়,
আর রাতে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে সিগারেট ধরাতে নিষেধ করে।
তুই জানতিস না, তোর দেওয়া এই মুক্তিটা কতখানি ভারী!
যে বন্দিদশায় একটা নির্দিষ্ট দেয়াল থাকে, তাকে ভেঙে ফেলা যায়;
কিন্তু চারপাশ যখন খোলা আকাশ, আর বুকের ভেতর কেবল এক শূন্য ফ্রেম,
তখন কোথায় পালাবে মানুষ?
তোর নামটা ছবি ছিল বলেই হয়তো,
তুই জীবন থেকে মুছে গিয়ে কেবল ক্যানভাসে রয়ে গেলি,
আর আমি আজীবন সেই ক্যানভাসের বাইরে দাঁড়িয়ে এক একাকী দর্শক।

Picked up where you left off

Comments

R Masud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • mamun abdulla 2 weeks ago

    তুই জীবন থেকে মুছে গিয়ে কেবল ক্যানভাসে রয়ে গেলি, আর আমি আজীবন সেই ক্যানভাসের বাইরে দাঁড়িয়ে এক একাকী দর্শক। খুব ভালো লিখেছেন, ভাই। শুভেচ্ছা রইল।

    • Borhan Mahmud 3 hours ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাই। ভালো থাকবেন।

  • R Masud 4 weeks ago First reader

    তুই জীবন থেকে মুছে গিয়ে কেবল ক্যানভাসে রয়ে গেলি, আর আমি আজীবন সেই ক্যানভাসের বাইরে দাঁড়িয়ে এক একাকী দর্শক।হায়, ছবি! হায়!

    • Borhan Mahmud 3 hours ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাই। ভালো থাকবেন।