Poetry

ফেরা ১

October 15, 2026

89 views

জেলখানার গেটটা ভারী শব্দে বন্ধ হতেই পায়ের নিচের মাটিটা কেঁপে উঠলো।
বাতাসে অনেকদিন পর খোলা আকাশের গন্ধ,
কিন্তু বুকের ভেতরটা আজ আনন্দে নয়, অজানা ভয়ে থরথর করে কাঁপছে।
যে খোকাটাকে ছয় মাসের একমুঠো মাংসপিণ্ড রেখে হাতকড়া পরেছিলাম,
সে আজ আঠারো বছরের পূর্ণ এক জোয়ান ছেলে!
বাড়ি ফিরে যখন দরজায় দাঁড়াব, সে কি আমায় চিনে কাছে আসবে?
নাকি পরপুরুষের মতো থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে, আপনি কে?
যেই চেনা ডাকটা বুক ভরে শোনার জন্য আঠারোটা বছর কাটিয়ে দিলাম,
সেই বাবা’শব্দটা কি আজ তার ঠোঁট ডিঙিয়ে বের হবে?
আর ওর মা?
যাকে একঝাঁক স্বপ্নের মাঝখানে ফেলে একা করে দিয়ে এসেছিলাম।
আমার ছেড়ে যাওয়া সংসারে সে কীভাবে আঠারোটা বছর একা একা লড়েছে?
তার চুলগুলো কি পেকে গেছে? কপালে কি বয়সের আর চিন্তার ভাঁজ?
আমায় দেখে কি সে জড়িয়ে ধরে কেঁদে ফেলবে অভিমানে,
নাকি আঠারো বছরের জমানো রাগে নিঃশব্দে একপাশে সরে দাঁড়াবে?
রাস্তার মোড়ে থেকেইআমাদের ভিটেটা দেখা যাচ্ছে।
আমার পা দুটো যেন আর সামনে এগোতে চাইছে না।
আমি কোনো বিজয়ী হয়ে ফিরছি না রে খোকা,
তোদের সব অধিকার কেড়ে নেওয়া এক অপরাধী হয়ে ক্ষমা চাইতে আসছি।
উঠানে পা রাখতেই শিউলি গাছটার নিচে একজন দাঁড়িয়ে,
চোখাচোখি হতেই বুকের সব বাঁধ ভেঙে জল হয়ে নেমে এলো চোখে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • R Masud 11 minutes ago

    দারুণ লিখেছেন ভাই। শুভেচ্ছা জানবেন।