Poetry

মধুমতী

October 15, 2026

9 views

বহুকাল ধরে বয়ে চলা মধুমতী নদী,
মনে আছে কি তোমার জন্মের কথা?
কোন পাহাড়ের কান্না,
কোন মেঘের দীর্ঘশ্বাস তোমাকে প্রথম স্রোতের স্বাদ দিয়েছিল?
পথে কত হাটবাজার, কত দরিদ্র্যের নুয়ে পড়া চাল,
কত উঠোনে ভাতের গন্ধ, কত সন্ধ্যায় ফেরেনি ঘরের মানুষ।
তাদের কাউকে কি মনে রেখেছ, মধুমতী?
যে মেয়েটি পাঁচ মাইল উজানে ঝাঁপ দিয়েছিল একদিন,
তার চুলে তখন হয়তো লেগে ছিল দুপুরের রোদ,
তার বুকের ভিতর কোন অন্ধকার ছিল, জানো?
এখন সেখানে জল বয়ে যায়, শাপলা ফোটে, নৌকা চলে,
কেউ জানে না, কতখানি নীরবতা ডুবে আছে সেইখানে।
মেয়েটির মা কি এখনও ঘাটে এসে দাঁড়ান কখনও,
নাকি অপেক্ষা করতে করতে তাঁর চোখেও নেমেছে নদী?
নদী, তুমি কি সত্যিই কিছু মনে রাখো না?
তবে কেন তোমার স্রোতে মুখ ধুলে এত পুরোনো কান্না জেগে ওঠে?
নাকি মানুষই সব ভুলে যায়, আর নদী!
সত্যিই ভুলে যাও নাকি ভুলে যাওয়ার ভান করে শুধু বয়ে চলো।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Habiba Rozy 6 hours ago

    নদী সত্যি কিছু মনে রাখে না মর্মস্পর্শী