Fiction

সিরিজ: দেখা হয় নাই চক্ষু মেলিয়া

October 16, 2026

65 views

পৃথিবীতে এমন কিছু জায়গা আছে, যেখানে কখনো যাওয়া হয়নি, যাওয়ার কোনো পরিকল্পনাও হয়তো এখনো নেই বা থাকলেও সুযোগ নেই। অথচ ছবি কিংবা ভিডিওতে দেখলে মনে হয়, ইশ! একবার যদি যেতে পারতাম!

জীবনের সব ইচ্ছা পূরণ হয় না। সব স্বপ্নের জন্য সময়, সামর্থ্য কিংবা সুযোগ হয়ে ওঠে না। তবু কিছু স্বপ্ন জমিয়ে রাখতে দোষ কী? যদি কখনো সুযোগ হয়, যদি কোনো একদিন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া যায়, তাহলে এই জায়গাগুলোও দেখা হবে।

সেই না যাওয়া জায়গাগুলোর গল্প নিয়েই আমার নতুন সিরিজ। যেখানে আমি এখনো যাইনি, কিন্তু যেতে চাই। কোনো একদিন, সুযোগ হলে।

সিরিজ: দেখা হয় নাই চক্ষু মেলিয়া

দারমা ভ্যালি, উত্তরাখণ্ড |

কিছু জায়গা আছে, যেখানে কখনো পা রাখা হয়নি, অথচ ছবি দেখে বা ইউটিউব স্ক্রল করে মনে হয়, জায়গাটা বোধহয় বহুদিনের চেনা। দুনিয়াতে এত সুন্দর জায়গা থাকতে মানুষ ঢাকার ধুলাবালি আর জ্যামে নিজের জীবন শেষ করে কেন! অবশ্য ঢাকায় থাকি বলেই হয়তো কথাটা বেশি মনে হয়। অন্য কোথাও থাকলে হয়তো সেখানকার মানুষও অন্য কোনো জায়গার ভিডিও দেখে একই কথা ভাবত। যাই হোক, আজকে এমন একটা জায়গার কথা বলি, যেখানে কখনো যাইনি। কিন্তু সুযোগ পেলে একদিন যেতে চাই।

উত্তরখণ্ডে দারমা ভ্যালি ঠিক তেমনই এক জায়গা।

চারদিকে বিশাল পাহাড়, পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো মেঘ, আর দূরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা পঞ্চচুলির পাঁচটি বরফঢাকা চূড়া। ভোরের প্রথম সূর্যের আলো যখন সেই চূড়াগুলোকে সোনালি রঙে রাঙিয়ে দেয়, তখন মনে হয়, পৃথিবীর সব সৌন্দর্য বুঝি এই এক জায়গাতেই এসে জমা হয়েছে।

সবচেয়ে ভালো লাগল ওখানকার বাড়িগুলো। জানালা খুললেই সামনে পাহাড়। চারপাশে সবুজ, নির্মল বাতাস, ঝরনার পানি। অথচ শহরে আমরা এই জিনিসগুলো পাওয়ার জন্য কত আয়োজন করি। তারপরও জানালার বাইরে তাকালে পাশের বিল্ডিং ছাড়া কিছু দেখার থাকে না। উন্নতি হয়েছে, সন্দেহ নেই। শুধু মাঝে মাঝে মনে হয়, এই উন্নতির দৌড়ে আমরা ঠিক কী কী পেছনে ফেলে এসেছি, তার হিসাবটা আর করা হয় না।

এখানে জীবন হয়তো সহজ নয়, কিন্তু কতটা সুন্দর হতে পারে, তা ভাবলেই অবাক লাগে। জানালার ওপারে পাহাড়, চারপাশে নির্মল বাতাস, ঝরনার কলতান আর এমন এক নীরবতা, যেখানে নিজের মনের কথাগুলোও স্পষ্ট শোনা যায়। শহরে আমরা একটু শান্তির জন্য কত কিছুই না খুঁজি। অথচ পৃথিবীর কোনো এক কোণে এমন কিছু জায়গা আজও রয়ে গেছে, যেখানে শান্তি খুঁজতে হয় না, শান্তি যেন চারপাশের প্রকৃতির সঙ্গে মিশে থাকে।

কোথাও যাওয়ার পরিকল্পনা নেই, টিকিট কাটা নেই, এমনকি কবে যাওয়া সম্ভব হবে সেটাও জানি না। আপাতত ভিডিওতেই ঘুরে আসা। কিন্তু যদি কখনো সুযোগ হয়, দারমা ভ্যালিতে একবার যেতে চাই। একদিন সেখানে গিয়ে কোনো এক ভোরে পাহাড়ের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকব। কোনো ছবি তোলার তাড়া থাকবে না, কিছু প্রমাণ করারও থাকবে না।

শুধু চোখভরে দেখব, আর মনে মনে বলব, পৃথিবীটা আসলেই এত সুন্দর!

#দেখাহয়নাইচক্ষুমেলিয়া #iqbalahmedapurbo #travelinspiration

Picked up where you left off

Comments

Abu Hanif was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Abu Hanif 1 day ago First reader

    খুব সুন্দর হয়েছে। আসলেই, জীবনের সব ইচ্ছা পূরণ হয় না। সব স্বপ্নের জন্য সময়, সামর্থ্য কিংবা সুযোগ হয়ে ওঠে না।