Poetry

পঙ্কিল শহরে এক নারী

October 17, 2026

54 views

আমি সেই মেয়েটিকে চিনি,
যার চোখে একদিন এক নদী ছিল,
যে নদী কখনো শুকাত না,
কেবল সবুজ ঘাসের গন্ধ নিয়ে বয়ে যেত।
তার পায়ে ছিল ধুলোমাখা একজোড়া চটি,
আর বুকে ছিল এক বুক খোলা আকাশ,
সে ছিল এক আশ্চর্য কিশোরী,
যার চুলে শাপলা ফুলের সুবাস লেগে থাকত।
তারপর একদিন শহরের চকচকে আলো তাকে টেনে নিয়ে এল এখানে,
উঁচু দালানের ছায়ায়, ইটের ভিড়ে,
গলিঘুঁজির পংকিল স্রোতে।
যেখানে শোষণের শিকার হয়ে,
চাতুর্যের ভিড়ে তার সহজ শৈশবটা হারিয়ে গেল,
সে দেখল কীভাবে মানুষ মানুষকে গিলে খায়,
কীভাবে কাচের জানলার ওপারে ভালোবাসা বিক্রি হয়।
ধীরে ধীরে তার গায়ের নরম গন্ধ মুছে গিয়ে রক্তে নামল এক কঠিন পরিণতি,
একদিন সে আয়নায় তাকিয়ে দেখল, সে আর সেই অবোধ কিশোরী নেই,
শহরের পঙ্কিলতায় ভিজতে ভিজতে সে আজ এক বিষণ্ণ, পূর্ণাঙ্গ নারী।
তার বুকজুড়ে তখন শুধু ধোঁয়ার ক্লান্তি আর এক রাস অচেনা শরীরের দাগ।
হঠাৎ কোনো এক মাতাল রাতে তার মনে পড়ল সেই মেঠো পথটার কথা,
যেখানে ধানক্ষেতের বাতাস এসে সব কষ্ট এক নিমেষে ভুলিয়ে দিত।
সে তার রেশমি শাড়িটা ছুড়ে ফেলে
আবার বুকে জড়িয়ে নিতে চাইল সেই মাটির গন্ধ,
সে বুঝে গেল, এই কৃত্রিম শহরের রূপালী ফাঁদে তার আর কোনো ঠাঁই নেই।
সে এখন আবার ফিরতে চায়
তার সেই অচেনা শৈশবের কাছে,
যেখানে কোনো পাপ নেই,
কোনো রঙিন বিষাক্ত আলো নেই।
সে জানে শহর তাকে ক্ষতবিক্ষত করেছে,
নারী বানিয়ে কেড়ে নিয়েছে তার সরলতা,
তবু সে নদীটির কাছে ফিরে যেতে চায়,
কেবল একবার নিজের সব কলঙ্ক ধুয়ে নেওয়ার জন্য।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • R Masud 8 minutes ago

    দারুণ লিখেছেন ভাই। শুভেচ্ছা জানবেন।