১। ঈশ্বরের কাছে জেব্রার কালার ডিজাইন নিয়ে আপত্তি জানিয়েছে একজন দাবাড়ু।
.
২। শত শত আকাশ নিয়ে সাঁতার কাটছিল মাছ। জলের তোড়ে একটি আঁশ খুলে পড়তেই তলিয়ে গেল একটি আকাশ।
.
৩। ডুবে যাওয়ার মতো জলের অভাবে একদল কাঠ নদীতে নৌকা নৌকা খেলছে।
.
৪। গণিতের ভাগশেষগুলো উড়ে যাচ্ছে যুদ্ধবিমান হয়ে।
.
৫। রোদ পোহাতে রোদে এসে বসল গর্ভবতী। দুপুরের মন খারাপ হলো মায়ের অভাবে।
.
৬। শিমবীজের অঙ্কুর ড্যাবড্যাব করে তাকিয়ে ছিল কচ্ছপের দিকে। সামান্য শব্দেই ভয় পেয়ে খোলসে ঢুকে যাচ্ছিল কচ্ছপটি। সেবার কিছু শিম ধরেছিল কৃষকের মগজেই শুধু।
.
৭। হাতের রেখাগুলো আমার ভবিষ্যতের অলিগলিতে পৌঁছার ক্লান্তিতে হাতের সব জায়গায় পৌঁছাতে পারেনি।
.
৮। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে হাতিকে গালাগাল করছিল পিঁপড়া। ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে অদৃশ্য হওয়া শিখলেন ঈশ্বর।
.
৯। ঘন কুয়াশার ভেতর হারিয়ে যাওয়া বুনোহাঁস বেস্টসেলার বই লিখছে ওয়ার্মহোল নিয়ে।
.
১০। মাথায় তেল দিয়ে চুল আঁচড়ে দেওয়ার মতো পরিপাটি ঘাসগুলো মায়ের কবরের।