একসময় যে বন্ধুটি ছিলো
হাঁটার সঙ্গী, রোদে ছায়া,
সন্ধ্যায় চুপচাপ একসাথে বসে থাকা।
আজ তাকে দেখি ভিড়ের ভেতরে,
চেনা মুখ, তবু যেন অচেনা।
চুল বড় বড়, আশ্চর্য মুসাফিরের বেশ, মুখে বলিরেখা।
এই শহর, এই সময়,
এখানে সম্পর্কগুলোও চেনা রশিতে অচেনা গিঁটে বাঁধা।
আশ্চর্য সময়ের সাথে মেপে মেপে
দিন কাটানো আমাদের শৈশবের স্মৃতিরা
আমাদের কানে কানে এখনো গল্প করে।
অনুভব এসে নিজেই বলে,
আজকাল পথ ভুলে গেছো তুমি।
আমাদের পাশে হাঁটে রোদ-বৃষ্টি,
আকাশের মেঘেরা পাশাপাশি ভেসে চলে।
মেঘেরাও একে অন্যের নাম জানে না,
যেভাবে আমরা প্রতিদিন আরো দুরত্ব বাড়াই।
অনেক কথা জমে ছিলো মনে,
অনেক প্রশ্ন, অনেক অপূর্ণতা।
ভেবেছিলাম, সব হারিয়ে গেছে,
এই শহর আর ফেরাবে না কিছুই।
তবু আজ হঠাৎ
এক চায়ের দোকানের ধারে,
এক ভাঙা বেঞ্চের পাশে
দাঁড়িয়ে গেলো এক চেনা হাসি।
কিছুই বললাম না প্রথমে,
শুধু চোখে চোখ রেখে
বললো, আরে তুমি! কী খবর?
তখন, সত্যি বলছি,
এই চেনা অচেনা পৃথিবীটা
আরও একটুখানি আপন মনে হলো।
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
দারুণ লিখেছেন। চেনা রশিতে অচেনা গিঁটে বাঁধ, যেভাবে আমরা প্রতিদিন আরো দুরত্ব বাড়াই। সুন্দর💪