Poetry

দোটানার এই জীবন

October 24, 2026

7 views

বয়স বাড়ে আসলে ক্যালেন্ডারে নয়,
বাড়ে অপেক্ষার ভেতর।
একদিন যে মানুষটি ট্রেনের শব্দ শুনে ঘড়ি দেখত,
সেই পরের ট্রেনের শব্দ শুনে হিসাব করে বলে,
আবার একটা সন্ধ্যা নেমে এলো।
চুলে সাদা রং আসে ধীরে,
কিন্তু বিদায়ের বোধ আসে আরও ধীরে।
প্রথমে মানুষ জিনিস হারায়,
তারপর প্রতীক্ষা বা অনুসন্ধানের মন হারায়।
তারপর হতে সে ধীরে ধীরে দিন তারিখের হিসাব হারায়।
বয়সের সাথে সাথে ছোট হয়ে আসে তার পৃথিবী,
ঘর, কিছু চেনা মুখ আর কিছু ওষুধের নাম,
আর কিছু অসমাপ্ত বাক্যে সীমাবদ্ধ হয়ে যায় জীবন।
তবু আশ্চর্য,
এই ক্ষয়ই মানুষকে পরকাল চেনায়।
মনে হয়, ওপারে হয়তো আরেকটি উঠোন আছে,
যেখানে অনেকেই বসে আছে নীরবে,
যেন তারা কোথাও যায়নি।
শুধু অন্য ঘরে বসে আছে।
বয়স বাড়া মানে তাই কেবল বৃদ্ধ হওয়া নয়।
একটি অদ্ভুত দরজার মাঝখানে দাঁড়িয়ে থাকা,
এক পাশে বাস্তবের ধুলো,
অন্য পাশে অদেখা আলোর ভুবন।
বয়স বাড়তে বাড়তে সব মানুষ সে দরজায়
অদ্ভুত এক দোটানায় দাঁড়িয়ে জীবনের হিসেব করে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login