Poetry

লক্ষ্মীরাতে

October 25, 2026

4 views

লক্ষ্মীরাত । জোছনাপূর্ণ কলস

কলসে হাত, হাত অলস

অলস হাত খোঁজে যমুনার তল

ফুলের ছল, ভ্রমরের ছল

ছলে, জলে, তুমুল তুমুল ঢেউ

ঢেউয়ে ভাঙে নয়া নাওয়ের গলুই ।

জোনাকির সাথে বাউলের তর্কে ভার

দেহতত্ত্ব! হুতোম পেঁচা নকশাকার,

কার্তিকের জমিনে আসর

একটু দূরে বাবুইপাখির বাসর

বাসরে, নিরাকার-আকার রহস্যময়

আকার-বেকারার- এইসময় ।

জলে জ্বলে সোনার হার

অলস হাত ত্বরিত চলে এবার

এবারে কে পাবে তারে?

জোনাকির মান, ভ্রমর আন্ধারে

মন্ত্র ভোলে, জপে প্রেমমত্ত গান

'রজনী হইসা অবসান...'

থমকে দাড়ায় রাত

মোহনা শুকনা যমুনার, মন্দ বরাত!

ফাঁকে, জোনাকিরে আলো দেয় চাঁদ

ফুলের ঘ্রাণে ভ্রমর কুপোকাত!

ফের জোনাকির সাথে বাউলের তর্কে ভার

দেহতত্ত্ব! হুতোম পেঁচা নকশাকার

কার্তিকের জমিনে আসর

একটু দূরে বাবুইপাখির বাসর ।

হঠাৎ হোগলাবনে

বাতাস বয় দক্ষিণে

দেয় আত্মহারা দোল

একতারা পায় বোল্

জোনাকি-বাউল মিটমাট

স্বপ্ন ফসলে দুরন্ত সভ্যতার ঘাট,

সোনার হার ওঠে ভ্রমরের হাতে

লক্ষ্মীরাতে ফুলের মন মাতে ।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login