সত্যরে যে জেনেছে, ভেবেছে প্রতিষ্ঠা করবে।
তার জন্য অপেক্ষা করছে বুলেট অথবা বিষ
কিংবা একটি দুর্ঘটনা!
তারপরও আমরা জয়ধ্বনি করব-
আমেরিকা মহান, আমেরিকা মহান, আমেরিকা মহান।
দিন শেষে যখন সত্যরে জানব, বুঝব, আর ভুল শুধরে সহীহ হওয়ার চেষ্টায় মত্ত হব,
একটি বুলেট সজোরে আঘাত হানবে পাঁজরে কিংবা মাথার খুলিতে।
মুক্তার মতো ছড়িয়ে রবে মগজ দানাগুলো
পথে-ঘাটে, কংক্রিটের দেউলে;
নয়তো বা কাকের বাসা থেকে ছিটকে পড়া থেঁতলানো ডিমের মতো।
অথবা নিঃশব্দে বিষ মিশ্রিত খাদ্য
কিংবা পানীয় দিয়ে আপ্যায়ন করা হবে।
অথচ পোস্টমর্টেম রিপোর্টে লেখা থাকবে
মৃত্যুর কারণ: আকস্মিক হার্ট অ্যাটাক!
কিংবা একটি দুর্ঘটনা,
নিছক একটি লোক দেখানো দুর্ঘটনায়
ছিন্নভিন্ন খাঁচার অচীন পাখি
উড়ে গিয়ে বসবে কাকের বাসায়।
এরপর অন্য কেউ জয়ধ্বনি করবে-
আমেরিকা মহান, আমেরিকা মহান, আমেরিকা মহান।
অতঃপর একদিন
তার চোখ থেকে রঙিন চশমাটি যখন খুলে পড়বে,
সূর্যকিরণে ঝলসে উঠবে সত্য,
যদি সে দেশকে ভালোবেসে ফেলে মনের অজান্তেই,
তার জন্য অপেক্ষারত বুলেট
অথবা বিষ
কিংবা দুর্ঘটনাটি
স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে আসতে থাকবে।