১. হাওর, ১৮৯৪
আষাঢ় মাস। টাঙ্গুয়ার হাওরের পানি বাড়তে বাড়তে তাহিরপুরের গ্রামগুলো দ্বীপ হয়ে গেল।
হাওর মানে শীতে ধু-ধু মাঠ, বর্ষায় সাগর।
যে সময়ের কথা তখন সিলেট ছিল আসাম প্রদেশে। কলকাতা আর শিলঙের সাহেবরা অঞ্চলটিকে চিনত চা আর খাজনার জন্য।
হাওরে সাপের কামড়ে যত মানুষ মরত, বজ্রপাতে মরত তার চেয়ে বেশি।
দুই বছর আগে বজ্রপাতে মারা গেছেন মঈনুদ্দিনের মা। সন্ধ্যায়, ঘাটে। হাতে ছিল তামার কলসি।
কলসিটা পরে পাওয়া গেল কয়েক পা দূরে। ঢাকনাটা তোবড়ানো, যেন কেউ ঘুষি মেরেছে।
বুড়োরা বলত, বাজ পড়া মানে হল আল্লাহ গলা খাঁকারি দিচ্ছেন। পাপে নিবিষ্ট মানুষকে সাবধান করছেন। মাঝি মঈনুদ্দিন পুরোপুরি বিশ্বাস করত না।
মায়ের মৃত্যুর পর থেকে সে রাতে ঘরের চালে বসে বিদ্যুৎ চমকানো গুনত। গুনতে গিয়ে খেয়াল করল, বিদ্যুৎ একটা ছন্দে চমকায়। যেন দোলনা। ঘুমন্ত শিশুর পিঠে মা যেমন চাপড় দেয়, তেমন।
এক সন্ধ্যায় মঈনুদ্দিন দেখল, চালের মাথায় একটা রোগা বিড়াল। একটা চোখ নীল, একটা সবুজ। থাবা চেটে মুখ ধুচ্ছে।
সিলেটে বলে, বিড়াল মুখ ধুলে মেহমান আসে।
মঈনুদ্দিন চারদিকে তাকাল। হু হু কালো পানি ছাড়া আর কিছু তো নেই। সে জিজ্ঞেস করল, "কইরে, মেহমান কেটা?"
বিড়াল জবাব দিল না।
ভোরে বৃষ্টির ভেতর থেকে একটা নৌকা এল। ছাতার নিচে এক লোক। কোলে টিনের ট্রাঙ্ক। মঈনুদ্দিনের গ্রামে সে আসেনি। পরের গ্রামে যাবে।
২. থালা
নৌকার লোকটার নাম হারাধন মাস্টার। গ্রামে গ্রামে ঘুরে অঙ্ক পড়ান। মজুরি চাল আর রাতের আশ্রয়।
কলকাতার প্রেসিডেন্সি কলেজে কিছুদিন পড়েছিলেন। মঈনুদ্দিন দেখলো লোকটা টিনের ট্রাঙ্কটা পানি থেকে বাঁচানোর জন্য প্রাণ দিয়ে ফেলছেন।
তিন দিন তিনি নৌকায় ছিলেন। দ্বিতীয় দিনে ট্রাঙ্ক খুললেন।
ভেতরে একটা কাচের বয়াম। নাম লিডেন জার।
হারাধন বুঝিয়ে দিলেন, বাচ্চাদের মতো করে। এভাবেই তিনি সব বোঝান।
"১৭৪৫ সালে হল্যান্ডের লাইডেন শহরে কয়েকজন পণ্ডিত দেখলেন, বিদ্যুৎ বোতলে ভরে রাখা যায়।"
"বয়ামের ভেতরে-বাইরে টিনের পাত লাগাও। রেশমি কাপড়ে অ্যাম্বার ঘষো। বিদ্যুৎ জমবে, কলসিতে পানি জমার মতো। তারপর তার ছোঁয়াও। সব একসঙ্গে বেরোবে। কড়াৎ।"
"বোতলভরা ছোট্ট বজ্র।"
তারপর অঙ্ক। হারাধনের কাছে সবই অঙ্ক।
"ঘষা গোনো। বিশ ঘষায় বিশ ভাগ ঢোকে। বিশ ভাগই বেরোয়। কিছু তৈরি হয় না, কিছু হারায় না। শুধু যোগ হয়, তারপর খরচ হয়।"
"দুটো বয়াম পাশাপাশি রাখলে জমে দ্বিগুণ।"
তিনি বয়ামে বিদ্যুৎ ভরলেন। নীল স্ফুলিঙ্গ এক হাত লাফিয়ে গেল। মঈনুদ্দিনের হাতের লোম খাড়া হয়ে যায়।
এরপর হারাধন মাষ্টার একটা তারের কুণ্ডলী বের করলেন। পাশে কম্পাস। স্ফুলিঙ্গ তারের ভেতর দিয়ে গেল, কাঁটা লাফিয়ে উঠল।
"চলন্ত বিদ্যুৎ চুম্বক বানায়। তার যত পাকে জড়াবে, তত জোর।"
এরপর তিনি কেমন তীক্ষ্ণ চোখ করে মঈনুদ্দিনের দিকে তাকিয়ে বললেন, "পৃথিবীর সবচেয়ে বড় চলন্ত বিদ্যুৎ তোর মাকে মেরেছে।"
মঈনুদ্দিন অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, "ওটাকে ধরা যায়?"
হারাধন নৌকার পাটাতনে ভেজা আঙুলে আঁকলেন। তারপর তার মেকি সিলেটিতে বললেন , "ফ্র্যাঙ্কলিন নাম একজন সাইব আছিল। উচ্চা জাগাত হে লোয়ার ডগা বসাইছিল। হেইখান থাকি একটা তার মাটিত নামাইছিল। বাইজ চালে না পড়ি তারের পথ ধরি গেছিল।"
"লোয়া উপরে, লোয়া মাটিত। বাইজ হেই পথেই যায়। খালি খুঁটি অইবো এমুন জিনিসের, যেইটা নিজে বিজলি বইবো না। কাঠ, হাড্ডি, হুকনা বাঁশ।"
মঈনুদ্দিন নিজের লগিটার দিকে তাকাল। দুই মানুষ লম্বা বাঁশ। তার সবচেয়ে উঁচু শুকনো জিনিস।
হারাধন দেখালেন, তার কীভাবে পেঁচাতে হয়, পাকগুলো ঘন ঘন। বাঁশে সরিষার তেল মাখাতে হয়, যাতে বৃষ্টি গড়িয়ে যায়। তারের মাথা নামাতে হয় ধাতুর পাত্রে, যেখানে পানির মত চুঁয়ে চুঁয়ে বিজলি জমা হবে।
"ঝড়ের সময় ধরবি না। ব্যস। এখন আমি যা জানি, তুইও জানলি।"
থালার ব্যাপারটা মঈনুদ্দিন নিজে ভেবে বের করল। হারাধন তাকে জার্মান অধ্যাপক হার্টজের কথা বলেছিলেন। ছত্রিশ বছর বয়সে মারা গেছিলেন হার্টজে। তিনি প্রমাণ করেছিলেন, স্ফুলিঙ্গ ফাঁকা বাতাসে অদৃশ্য ঢেউ ছড়ায়।
সেই ঢেউ তিনি ধরেছিলেন বাঁকা ধাতুর আয়নায়। বাটি যেভাবে বৃষ্টি ধরে।
"প্রতিটা স্ফুলিঙ্গ এটা করে," হারাধন বললেন। "বজ্র তো সবচেয়ে বড় স্ফুলিঙ্গ। সে পুরো আকাশে ঢেউ ছড়াচ্ছে।"
কলকাতায় অধ্যাপক জগদীশচন্দ্র বসু, বাঙালি, নিজের ল্যাবরেটরিতে এই ঢেউ বানাচ্ছেন। শিগগিরই প্রকাশ্যে দেখাবেন, এমন কথা শোনা যায়।
তামা বিদ্যুৎ বয় সবচেয়ে ভালো, রুপোর পরেই। এটাও হারাধন বললেন।
তৃতীয় দিনে বয়ামটা নৌকার ঝাঁকুনিতে ফেটে গেল। হারাধন সেটা মঈনুদ্দিনকে দিয়ে দিলেন। সঙ্গে একগোছা তামার তার, কম্পাস। আরেকটা জিনিস দিলেন হারাধন, মইনুদ্দিনকে। কথা দিলেন যে, ফিরে আসবেন।
তারপর দাঁড় বেয়ে ধর্মপাশার দিকে চলে গেলেন।
ফাটা বয়াম আর একগোছা তার দিয়ে খেলনাও হয় না। তাছাড়া ঐসময় গরিব মানুষ চাইলেই তামা কিনতে পারত না। পুরো হাওরে মঈনুদ্দিনের তামা বলতে ছিল ওই একটা বস্তুই।
সে মায়ের কলসিটা নিয়ে গেল সুনামগঞ্জের এক কামারের কাছে। কামার দুই আনায় পিটিয়ে একটা অগভীর থালা বানাল। কিছু জিজ্ঞেস করল না।
তোবড়ানো ঢাকনাটা মঈনুদ্দিন তুলে রাখল তাকে।
ঐযে আকাশ মঈনুদ্দিনের মাকে নিয়ে গেল, গ্রামের সবাই তারপর থেকে বাজ পড়লে ঘরে ঢুকে দরজা দিত।
মঈনুদ্দিন ঠিক করল, সে ঢুকবে না। আকাশ কী বলে, সে শুনবে।
আর জবাব দেবে মায়ের কলসি। যে কলসি আকাশ তোবড়ে দিয়েছে, সে-ই এবার আকাশের সঙ্গে কথা বলবে।
ফাটা বয়ামটা সে জোড়া দিল। সরিষার তেল আর মাছের আঁশের আঠা, ফাটলে ফাটলে। শুকাতে দিল তিন দিন।
তারপর থালাটা বসাল চালের মাঝখানে। পাশে বয়াম। বাঁশটা দাঁড় করাল ঘরের কোণে, মাথা আকাশের দিকে। তারের পাক বেয়ে বজ্র নামবে, শেষ হবে থালায়।
সব তৈরি। এখন শুধু অপেক্ষা।
প্রথম শীতে হারাধন ফিরে এলেন। হাতে খবরের কাগজের কাটিং।
নভেম্বরে কলকাতার টাউন হলে বসু সাহেব একটা কাণ্ড করেছেন। ঘরের এক মাথায় তিনি একটা যন্ত্রে স্ফুলিঙ্গ তুললেন। ঘরের অন্য মাথায় একটা ঘণ্টা আপনা-আপনি বেজে উঠল। বারুদ ফেটে গেল। মাঝখানে কোনো তার নেই।
ঢেউ গেছে দেয়াল ভেদ করে। গেছে দর্শকদের গা ঘেঁষে, কেউ টেরও পায়নি।
মঈনুদ্দিনের ঘরের চালে বসে হারাধন কাটিংটা ধীরে ধীরে পড়লেন। তারপর বুঝিয়ে দিলেন, থালার সঙ্গে এর সম্পর্ক কী।
"বসু সাহেব স্ফুলিঙ্গ বানান একটা বাক্সে। ছোট স্ফুলিঙ্গ, ছোট ঢেউ। ঘরের ওপাশে বসানো আছে একটা ধরার যন্ত্র। ঢেউ পৌঁছালে ঘণ্টা বাজে।
তোমার স্ফুলিঙ্গ বানায় আকাশ। বিরাট বাজ, বিরাট ঢেউ। ধরার যন্ত্র তোমার থালা। ঢেউ পৌঁছালে সে বাজে না, গুনগুন করে।
বসু সাহেবের বাক্স ঘরে। তোমার বাক্স আকাশ।"
মঈনুদ্দিন বলল, "বসু সাইবের ল্যাবরেটরি আছে। আমার আছে চালা।"
তারপর সে তিন বর্ষা অপেক্ষা করল।
তৃতীয় বর্ষার প্রথম রাতে বাঁশের মাথায় বাজ পড়ল। থালা গলল না। গুনগুন করে উঠল।
বদলানো চৌম্বক ক্ষেত্রে পাতলা তামার দীঘিতে তরঙ্গ উঠছিল।
মঈনুদ্দিন স্পষ্ট শুনলো থালাটা গান গাইছে। কিন্তু মানুষের ভাষায় না।
ফ্যারাডের নাম মঈনুদ্দিন শোনেনি। সে অন্যভাবে বলল, "আকাশ ঠেলে, আর আমার মা জবাব দেয়।"
এক মাসের মধ্যে সে বুঝল, থালা আসলে কীসের জন্য।
অদৃশ্য ঢেউ চলে আলোর গতিতে। বজ্রের শব্দ চলে শব্দের গতিতে। তাই ঝড় দিগন্তের ওপারে থাকতেই থালা গুনগুন করে, মেঘ দেখা যাওয়ার কয়েক মিনিট আগে।
এক সন্ধ্যায় পরিষ্কার আকাশের নিচে থালা গুনগুন করে উঠল। মঈনুদ্দিন ঘাটের জেলেদের বলল, নৌকা তুলে ফেলো।
দুই ঘণ্টা পর পাহাড় থেকে ঝড় নামল। খোলা হাওরে তিনটা নৌকা টুকরো হলো। কেউ মরল না।
এরপর বাচ্চারা প্রতি সন্ধ্যায় থালার পাশে বসতে এল। পেছন পেছন এল জেলেরা। বলল, মাঝির সঙ্গে একটু কথা আছে।
বাচ্চারা বসত, কারণ থালা না বলা পর্যন্ত বাইরে খেলা যায়। আর, মুখে না বললেও, আওয়াজটা ছিল নিচু আর গরম। যেন বন্ধ দরজার ওপাশ থেকে কেউ কথা বলছে।
বিড়ালটা প্রতি রাতে থালার পাশে বসে থাকত। যেন অপেক্ষা করছে। আকাশ চমকালে তার লোমে নীল স্ফুলিঙ্গ লাফাত।
৩. রফিক, বর্তমান
রফিক হোসেনের বয়স একচল্লিশ। বিড়াল সে কখনো পছন্দ করেনি। তবু একটা বিড়াল ঢাকার মোহাম্মদপুরে তার ফ্ল্যাটের সামনে ঘুরঘুর করছে। একটা চোখ নীল, একটা সবুজ।
সে পাত্তা দেয় না।
সে ফ্লাক্স ইঞ্জিনিয়ার। সাইক্লোনের সময় দেশের নতুন গ্রিড সাবস্টেশনগুলো যাতে পুড়ে না যায়, সেজন্য চৌম্বক ঢাল বানায়। এই চাকরি তার বাবার যুগে ছিল না।
রফিক হোসেনের রান্নাঘরের তাকে একটা জিনিস রাখা। বাবার থেকে উত্তরাধিকার সূত্রে সে এই একটা জিনিসই পেয়েছে। পিরিচের সাইজের তোবড়ানো একটা তামার ঢাকনা।
সে জানে না এটা কোত্থেকে এসেছে। শুধু জানে, বেচা যাবে না।
ঝড়ের রাতে ঢাকনাটা গুনগুন করে। বন্ধ দরজার ওপাশ থেকে কেউ যেন কথা বলছে, এমন নিচু সুরে।
রফিক নিজেকে বুঝিয়েছে, ওটা ফ্রিজের শব্দ।
তিন বছর আগে এক ঝড়ের রাতে সে ঢাকনাটার পাশে একটা যন্ত্র রেখেছিল। ধার করা ফ্লাক্সগেট ম্যাগনেটোমিটার। চৌম্বক ক্ষেত্রের সামান্য নড়াচড়াও যে যন্ত্র ধরে ফেলে।
সারা রাত যন্ত্রটা লিখে গেল। সকালে রফিক গ্রাফ দেখল। ঝড়ের গুনগুনের সঙ্গে ঢাকনার গুনগুন মিলে যাচ্ছে না। ঢাকনার নিজের একটা ছন্দ আছে, নয় মিনিট পরপর, মাঝখানে একটু থমকে যাওয়া।
কাউকে দেখানোর ছিল না। তাই গ্রাফটা সে দিয়ে দিল শৌখিন ভূ-পদার্থবিদদের এক খোলা ফোরামে। তারপর ভুলে গেল।
বাবা একবার বলেছিলেন, "আমরা ঝড়ের সঙ্গে কথা বলা মানুষ।" রফিক হেসেছিল। বাবা হাসেননি।
রফিক একা থাকে। পছন্দ করে, নাকি অভ্যস্ত হয়ে গেছে, এখন আর বলতে পারে না।
রফিকের বাঁ কানের ওপর থেকে চুলে একটা সাদা রেখা পেছন দিকে নেমে গেছে। ধূমকেতুর লেজের মতো।
বাবার চুলেও ঠিক এমন একটা রেখা ছিল, একই জায়গায়। রফিক আয়নায় তাকালে আজকাল বাবাকে দেখে।
৪. আমন্ত্রণ
ভেনেজুয়েলা থেকে ইমেইল এল। পাঠিয়েছে কাতাতুম্বো অ্যারে।
রফিক ওদের ছবি দেখেছে। মারাকাইবো হ্রদের পানি ফুঁড়ে উঠেছে একসার কালো মিনার, প্রতিটা দশতলা উঁচু। ওরা বিদ্যুৎ বানায় না। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কান পেতে থাকে।
জায়গাটা বেছে নেওয়ার কারণ আছে। ওখানে প্রায় প্রতি রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ চমকায়। পৃথিবীতে আর কোথাও আকাশ আর সারাক্ষন এতো জোরে চিৎকার করছে না।
রফিকের কাজও চৌম্বক ক্ষেত্র নিয়ে। তবে সে ক্ষেত্রকে ঠেকায়। ওরা শোনে।
সম্বোধন নেই। শুধু লেখা: আমরা আপনার পরিবারের কম্পাঙ্কে একটা সংকেত পাচ্ছি।
সঙ্গে রফিকের নিজেরই গ্রাফ। ফোরাম থেকে নেওয়া। তার ওপর ওদের একটা গ্রাফ বসানো। দুটো রেখা এক রেখা।
দুটোতেই একটা ধীর ছন্দ, নয় মিনিট পরপর। যেন নাড়ির স্পন্দন, মাঝখানে একটু থমকে যাওয়া।
দ্বিতীয় অনুচ্ছেদে ব্যবহারিক বিষয়াদি লেখা। হ্রদের পাশের নতুন বিদ্যুতের লাইন থেকে যন্ত্রে গোলমাল ঢুকছে। ওদের শিল্ডিং বোঝে এমন ফ্লাক্স ইঞ্জিনিয়ার দরকার। পরামর্শকের চুক্তি, বিমানের টিকিট, থাকার জায়গা -সব পাবে রফিক।
রফিক চারবার পড়ল। তার কোনো পারিবারিক কম্পাঙ্ক নেই। আছে শিদলের তরকারি রাঁধতে পারা মা, ২০০৯ সালে জ্বরে মারা যাওয়া বাবা, আর হাওরের এক গ্রামে থাকা এক ঊর্ধ্বতন পূর্বপুরুষ। তার সম্পর্কে একটাই কথা জানা যায়: তিনি একবার "আকাশের সঙ্গে ঝগড়া করেছিলেন"।
এবার সে বুঝল, ঢাকনাটার একটা কম্পাঙ্ক আছে যা পৃথিবীর আর সব কিছুর থেকে আলাদা হয়ে বাজছে। আর ঢাকনাটাই তার পরিবার।
তার পুরোনো থিসিস সুপারভাইজার একবার বলেছিলেন, অ্যারের প্রতিষ্ঠাতারা আসলে রেডিওর ইতিহাসবিদ। তাঁরা নিকোলা টেসলার হারানো মাপজোখ খুঁজছিলেন, ১৮৯৯ সালের কলোরাডো স্প্রিংস থেকে। টেসলা বলেছিলেন, পুরো পৃথিবী ঘণ্টার মতো বাজে।
শিল্ডিংয়ের চুক্তিটা ছিল ভালো অজুহাত। আসল কারণ ঢাকনা।
যাওয়ার আগে সে ঢাকনাটা গামছায় জড়িয়ে ব্যাগে ভরল।
বিড়ালটা বসে বসে তার গোছগাছ দেখল।
তারপর, ভদ্রভাবে, উধাও হয়ে গেল।
৫. মারাকাইবো হ্রদ
মারাকাইবো দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় হ্রদ। ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমে। অগভীর, উষ্ণ। সরু প্রণালী দিয়ে ক্যারিবীয় সাগরের সঙ্গে যুক্ত। তিন দিকে পাহাড়।
দক্ষিণ-পশ্চিম কোণে কাতাতুম্বো নদী হ্রদে পড়েছে। সেখানে বছরে প্রায় দেড়শো রাত একই জায়গায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ চমকায়।
প্রায় নিঃশব্দে, কারণ ঝড়গুলো হচ্ছে অনেক ওপরে।
হ্রদের গরম আর্দ্র বাতাস আন্দিজ থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের সঙ্গে লড়াই করে। থামে না।
স্থানীয়রা বলে, "ঈশ্বরের ভুলে বন্ধ না করা বাতিঘর।" নাবিকেরা এটা দেখে পথ চিনত, কেউ কারণ বোঝার অনেক আগে থেকে।
কঙ্গো মিরাডোরের খুঁটির বাড়িগুলোর পাশে রফিক অ্যারেটা (এখানে array মানে সুসমন্বিত কতগুলো শোনার যন্ত্র বা এরকম কিছু) দেখল। পানি থেকে উঠে আসা কালো মিনারের বৃত্ত। প্রতিটা দশতলা দালানের সমান উঁচু।
অ্যারে আসলে একটা কান। বিদ্যুৎ বানায় না, সংকেত পাঠায় না। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র শোনে, হাসপাতালে মেশিনগুলো যেভাবে হৃৎস্পন্দন শোনে।
এই জায়গায় বানানোর কারণ, পৃথিবীতে এই একটাই জায়গা, যেখানে পৃথিবীর চৌম্বকক্ষেত্র সবচেয়ে জোরে কথা বলে, সারাক্ষণ কথা বলে।
ঘাটে অপেক্ষা করছিলেন পরিচালক। লম্বা, বর্ষাতি পরা, নাম ডক্টর ইলিয়ানা কিসপে।
তিনি পেরুর মানুষ, আন্দিজের হুয়ানকায়োর।
কিসপে কেচুয়া নাম, মানে স্ফটিক।
তিনি লিমার কাছে জিকামারকা রেডিও অবজারভেটরিতে প্রশিক্ষণ নিয়েছেন। সেখানে চৌম্বক বিষুবরেখার ওপরের বায়ুমণ্ডলের বিদ্যুতায়িত স্তর নিয়ে কাজ হয়। কাতাতুম্বো এই বিষয়ের জন্য পৃথিবীর সেরা প্রাকৃতিক গবেষণাগার। তাই তিনি এখানে এসেছেন।
কিসপের ঠাকুরমা তাঁকে শিখিয়েছিলেন, ইনকারা বজ্রের দেবতা ইল্যাপার পূজা করত। যারা তাঁর কথা স্পষ্ট শুনতে পেত, তারা ঠিক মানুষ না।
তিনি বললেন, "আপনার পূর্বপুরুষ ঝড়ের সঙ্গে কথা বলতেন। আমারও।"
যেন আগে থেকেই জানতেন।
তিনি রফিককে নিয়ে ডক ধরে হাঁটলেন, মিনারগুলো বোঝালেন।
প্রতিটা মিনারে পেঁচানো সিরামিক সুপারকন্ডাক্টরের ফিতা।
সুপারকন্ডাক্টর এমন জিনিস, যা যথেষ্ট ঠান্ডা হলে বিদ্যুৎকে বিনা বাধায় চলতে দেয়। ঘর্ষণহীন নদীর মতো। একবার শুরু হলে চক্কর খেতেই থাকে।
সাধারণ তার বিদ্যুতের সঙ্গে লড়ে, শক্তি নষ্ট করে তাপ হয়ে।
এই সিরামিক ঠান্ডায় অদ্ভুত আচরণ করে। মাইনাস ১৯০ ডিগ্রি সেলসিয়াসের নিচে বিদ্যুৎ এর ভেতর দিয়ে চলে বিনা বাধায়।
মাইনাস ১৯০ শুনলে হাড় কাঁপে। কিন্তু পদার্থবিদদের কাছে এটা প্রায় গরম। সাধারণ সুপারকন্ডাক্টরের দরকার মাইনাস ২৬৯, যা পরম শূন্যের ঠিক পাশে।
প্রতিটা মিনারের কেন্দ্রে একটা ম্যাগনেটোমিটার বসানো। চৌম্বক ক্ষেত্র মাপার যন্ত্র। ভেতরে সেই ফিতার একটা ছোট লুপ। চৌম্বক ক্ষেত্র একটু বদলালেই লুপের বিদ্যুতে তার ছাপ পড়ে, আর যন্ত্র সেই ছাপ গোনে।
বিষয়টা কেমন সুক্ষ তা বোঝানোর জন্য কিসপে বললেন, "মনে করেন ফ্রিজে আমরা যে চৌম্বক লাগাই সেটা দুর্বল কিন্তু ওটার শক্তি কিন্তু আপনি হাতে অনুভব করতে পারেন, অ্যারে যে সংকেত খোঁজে, সেটা ওই শক্তি থেকেও প্রায় পাঁচশো কোটি গুণ দুর্বল।”
কিসপে বললেন, "ফুটবল স্টেডিয়ামের শেষ মাথায় একজন ফিসফিস করছে, আর মাঝখানে দর্শকের গর্জন। সেই ফিসফিস শোনার মতো ব্যাপার। "
গর্জন মানে সবকিছু। প্রতিটা মোটর, তার, রেডিও। এমনকি যন্ত্রের নিজের পরমাণুর কাঁপুনিও।
এই ফিসফিস ধরার মতো নীরব শুধু সুপারকন্ডাক্টিং লুপ। পুরো ঠান্ডা, পুরো স্থির।
তাই তাপমাত্রা এত জরুরি। ফিতা কয়েক ডিগ্রি গরম হলে সুপারকন্ডাক্টরত্ব হারায়। তখন সে সাধারণ তার, আর শব্দে ফোঁসফোঁস করে।
ভিড়ের ঘরে একজনের গলা শোনার চেষ্টার জন্য তো ঘর ফাঁকা করতেই হয়।
তাই ক্রায়োজেনিক কম্প্রেসর দিনরাত চলে।
হ্রদের ওপরের পানি স্যুপের মতো গরম, তাই অ্যারে লেকবেডে চল্লিশ মিটার গভীর খাদ খুঁড়ে সবচেয়ে ঠান্ডা পানি তুলে আনে। সেই পানি কম্প্রেসরের তাপ নিয়ে যায়।
এরপর কন্ট্রোল রুমে কিসপে ছবিটা দেখালেন।
ড্যাগেরোটাইপ। ১৮৩৯ থেকে ১৮৬০-এর দশক পর্যন্ত চালু ছিল এই ধরনের ছবি। প্রতিটা আয়নার মতো চকচকে, রুপো মাখানো তামার পাত। আলোয় তোলা, পারদের বাষ্পে ফোটানো।
কপি নেই, একটাই। পাত হেলালে ছবি ফুটে ওঠে, আবার মিলিয়ে যায়।
১৮৯৪ সালে ড্যাগেরোটাইপ প্রায় সেকেলে। কিন্তু কিছু খ্যাপাটে মানুষ পুরোনো যন্ত্র রেখে দিয়েছিল।
অ্যারের ইতিহাসবিদরা কলকাতার এক বনেদি বাড়ির নিলামে পাতটা কিনেছেন।
নিচে লেখা: মাঝি, সিলেট, ১৮৯৪।
ছবিতে এক লোক। বাঁ কানের ওপর থেকে চুলে একটা সাদা রেখা। দাঁড়িয়ে আছে তামার থালার সামনে। থালার গোড়ায় একটা বিড়াল, পুরো স্পষ্ট। ছবির একমাত্র জিনিস, যা একদম স্থির ছিল।
কিসপে বললেন, "দেখেন চুলটা আপনার মতো না।"
মুখটা রফিকের নয়। কিন্তু রফিকেরই।
৬. আকুলতার পদার্থবিদ্যা
কিসপে বোঝালেন ভূতের গল্প বলার মতো সরল আর লজ্জিত সুরে। শুরু করলেন সত্য দিয়ে।
পৃথিবীর পৃষ্ঠ আর আয়নোস্ফিয়ার, প্রায় একশো কিলোমিটার ওপরের বিদ্যুতায়িত স্তর, মিলে একটা ফাঁপা খোল। রেডিও তরঙ্গ ঘণ্টার শব্দের মতো এই খোলের ভেতর বাজতে পারে।
প্রতি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও প্রায় পঞ্চাশবার বজ্র পড়ে। প্রতিটা বজ্র এই খোলে আঘাত করে।
পৃথিবীর পরিধি প্রায় চল্লিশ হাজার কিলোমিটার। তাই একটা তরঙ্গ সেকেন্ডে প্রায় সাড়ে সাতবার ঘোরে। খোলটা তখন ৭.৮৩ হার্টজে গুনগুন করে।
এর নাম শুমান অনুরণন। ১৯৫২ সালে জার্মান পদার্থবিদ উইনফ্রিড শুমান এর ভবিষ্যদ্বাণী করেন। ১৯৬০ সালে প্রথম মাপা হয়।
এর ওপরে আছে আরও সুর, প্রায় ১৪, ২০, ২৬ আর ৩৩ হার্টজে। পৃথিবীর আকারই এগুলো ঠিক করে।
এটা ঝড়ের হৃৎস্পন্দন। প্রতি বিকেলে বাড়ে, যখন আফ্রিকা, আমেরিকা আর এশিয়া পালা করে জ্বলে ওঠে।
এটা মানুষের শোনার সীমার অনেক নিচে। তাই বিজ্ঞানীরা গতি বাড়িয়ে শোনেন।
তারপর কিসপে বললেন, অ্যারের ম্যাগনেটোমিটার বারো বছর ধরে অনুরণনটা রেকর্ড করছে। প্রথম আর দ্বিতীয় সুরের মাঝখানে ওরা একটা রেখা পেয়েছে, ঠিক এগারো হার্টজে।
খোলে ওখানে কোনো সুর নেই। এগারোতে কিছু বাজার কথা নয়।
"আমরা একে বলি ধ্রুব তরঙ্গ," কিসপে বললেন। "কারণ এটা কমে না। অনুরণন কমে যায়, যদি না কেউ তাকে শক্তি যোগায় । একে কেউ শক্তি যোগাচ্ছে।"
রেখাটায় একটা ধীর ছন্দ, নয় মিনিট পরপর।
তাঁর আর্কাইভিস্টরা পুরোনো মানমন্দিরের ম্যাগনেটোগ্রাম খুঁজে দেখেছেন।
১৮৯০-এর দশকের কাগজের ড্রামে কালির দাগ। সেখানেও একই টুকটুক।
সবচেয়ে পুরোনোটা ১৮৯৪ সালের এক আষাঢ়ের বর্ষার।
"টেসলা আন্দাজ করেছিলেন, পৃথিবী একটা বাদ্যযন্ত্র," কিসপে বললেন। "ভুল ছিল শুধু কে বাজাচ্ছে, সেটা।"
তিনি স্পিকারে ছন্দটা বাজালেন, হাজার গুণ দ্রুত করে, কানের শোনার সীমায় এনে।
শব্দটা বন্ধ দরজার ওপাশে তামার গুনগুনের মতো।
রফিক চিনল। ওটা তার তামার ঢাকনা।
৭. কূপ
সেই রাতে ঘুম এল না। রফিক গামছায় মোড়া ঢাকনাটা বগলে নিয়ে মেইন্টেন্যান্স ডকের শেষ মাথায় হাঁটল।
রাত তিনটা। তার শরীর ভাবছে, ঢাকায় এখন দুপুর।
ডকটা খোলা পানির ওপর লম্বা ইস্পাতের জাল।
ঘনীভূত পানিতে পিছল।
গন্ধ ওজোন, ডিজেল আর পচা কচুরিপানার।
পেছনে কম্প্রেসরগুলো ঘুমন্ত জন্তুর বুকের মতো ধকধক করছে।
মিনারের বৃত্তের ওপাশে বিদ্যুৎ চমকাচ্ছে বিনা বজ্রধ্বনিতে। মেঘে সাদা শিরা খুলছে আর বন্ধ হচ্ছে। প্রতি মিনিটে পুরো হ্রদ আলোর ঝলকানিতে সচকিত হয়ে উঠছে, আবার পরক্ষনেই কালো।
প্রতিটা মিনারের ডগায় হালকা বেগুনি আভা। নাবিকেরা যাকে বলে সেন্ট এলমোর আগুন।
রেলিংয়ে একটা বিড়াল বসা। একটা চোখ নীল, একটা সবুজ। মুখ ধুচ্ছে।
রফিক তাকিয়ে রইল। বিড়ালটাও তাকাল। মুখ ধোয়া শেষ করে অন্ধকারে হেঁটে চলে গেল।
সে জালের পাশে হাঁটু গেড়ে বসল। নিচে পানি হালকা সবুজ জ্বলছে। পুরোনো ফটোগ্রাফিক প্লেটের রঙ। যেন রুপো এমন ছবি ধরে রেখেছে, যা কেউ এখনো ফোটায়নি।
শ্যাওলা, সে নিজেকে বলল। আর অ্যারের আলো।
কিন্তু ঢাকনাটা তার পাঁজরে গরম হতেই সবুজ পানি থেকে আলো বেরোতে থাকল।
গুনগুন করে উঠল ঢাকনাটা।
সে ঢাকনাটা খুলে জালের ওপর রাখল। নিচে তাকাল।
পানিতে একজন মানুষ তার পাশে হাঁটু গেড়ে বসা। চুলে সাদা রেখা। হাঁটু পর্যন্ত ভেজা, যেন এইমাত্র পানি ভেঙে এসেছে। কাঁধে গামছা। পরনে লুঙ্গি। দুই হাতে একটা তামার থালা।
প্রতিবিম্ব রফিকের আগে আধ সেকেন্ড নড়ছে। যেন আসলটা ওই, আর নকল রফিক।
লোকটা গভীর চেনা চোখে তাকাল।
সিলেটি টানে বলল, "দেরি করলা। বিলাইয়ে কইছিল, তুমি আইবা।"
৮. কথোপকথন
ওরা ঠিক কথা বলল না। গুনগুন করল। যেন একটা ক্ষুদ্র আর্তনাদ। মানুষ না বুঝে ঘুমের ভেতর পাশ ফেরার সময় যেমন করে। সেই গুনগুন অর্থ হয়ে উঠল।
মঈনুদ্দিন বলল, সে বজ্র ধরার যন্ত্র বানায়নি। বানিয়েছিল একটা কান।
১৮৯৪ সালে হাওরের আকাশ কথা বলেছিল। শব্দে নয়, একটা টানে, একটা আকুলতায়। সে অজান্তে জবাব দিয়েছিল। মাস্টারের রেখে যাওয়া ফাটা বয়াম, সরিষার তেল আর মায়ের তামা দিয়ে।
সেই জবাব এক শতাব্দী ধরে পৃথিবীর ক্ষেত্রে ঢেউ তুলেছে। মেরু থেকে মেরুতে ফিরে এসেছে। শেষে এখানে পৌঁছেছে, পৃথিবীর একমাত্র জায়গায়, যেখানে আকাশ কখনো ঘুমায় না।
মঈনুদ্দিনের হাতের থালা আর জালের ওপর ঢাকনা, একই কলসির দুই অংশ। ওরা এখন একসঙ্গে বাজছে, একটা নিখুঁত পঞ্চমে। একটা পরিপূর্ণ টংকার।
বসু সাইব ঢেউ হুনছিল লাবরেটরিত," মঈনুদ্দিন হেসে বলল। "আমি হুনছি চালা থাকি। আর আকাশ আমারে ফিরি হুনছে।
রফিক এই সুযোগে বিড়ালের বিষয়টাও সমাধান করে ফেলতে চাইল।
মঈনুদ্দিন হাসল। ধ্রুব বা স্তব্ধ তরঙ্গের কিছু জায়গা থাকে, যেখানে কিছু নড়ে না, বলল সে। তরঙ্গের দুই মাথা যেখানে মেলে, সেই স্থির বিন্দু।
বিড়ালটা সেরকম একটা বিন্দু। সে বসেছিল তার চালের একটা চুপচাপ স্থির বিন্দুতে। এখন বসে এই ডকের চুপচাপ স্থির এক বিন্দুতে। ওর জন্যে এই দুটা আলাদা জায়গা না। তাই একসঙ্গে দুই জায়গায় থাকতে পারে, খবর বইতে পারে।
"ও দড়ির গিঁট। দুই মাথা যেখানে বান্ধা।"
রফিক জিজ্ঞেস করল, "আপনি কি তাহলে এখনো কোথাও কোনো একভাবে বেঁচে আছেন?"
মঈনুদ্দিন নরম গলায় বলল, "আছি। এক ঢেউ হয়ে। এখনো ঘাটে ভিড়ি নাই।"
৯. সিদ্ধান্ত
এতো বছরে মইনুদ্দিনের অনেক জ্ঞান হয়েছে। সে জানাল, অ্যারে এই তরঙ্গটাকে বাড়াতে পারে, যতক্ষণ না সেটা স্থায়ী কিছু হয়ে যায়। একজন মানুষ, একটা কণ্ঠ, একটা দরজা।
কিন্তু পৃথিবীর ক্ষেত্র সসীম। একটাই বিশাল যন্ত্র। তাকে সেখানে লিখতে হলে মুছতে হবে একটা সুর, যা আগে থেকেই আছে।
একটা জীবনের সমান দৈর্ঘ্যের সুর।
রফিকের ভেতরের ইঞ্জিনিয়ার অঙ্কটা সঙ্গে সঙ্গে দেখল। খোলের সুর স্থির। এগারো হার্টজের রেখায় নতুন কণ্ঠ ঢুকতে পারে শুধু তখন, যখন পুরোনো একটা চুপ করে।
বাকি রফিক বিনা বলাতেই বুঝল।
হাড়ে গুনগুন, সাদা রেখা, বিড়াল, একাকিত্ব। সে প্রতিধ্বনি, আর মঈনুদ্দিন প্রশ্ন।
একজন সংকেত। একজন উত্তর।
১০. আষাঢ়
সকালে ডক্টর কিসপে ডক ফাঁকা পেলেন। জালে পানির ফোঁটা। একটা তামার থালা, তার পাশে একটা তামার ঢাকনা। দুটোই গুনগুন করছে।
অ্যারের লগে দেখা গেল, এগারো হার্টজের রেখা শেষ পর্যন্ত চুপ করেছে। আর শুমান চূড়া সরেছে চুল পরিমাণ। যেন পৃথিবী একটা নতুন শব্দ শিখেছে।
***
প্রায় ষোলো হাজার কিলোমিটার দূরে তাহিরপুরের এক ঘরের চালে বৃষ্টি নামল। গ্রামটাতে তখনো বিদ্যুৎ নেই।
এক মাঝির নাতি, বয়স নয়, বসে বসে বজ্রের শব্দ শুনছিল। খেয়াল করল, শব্দটা আসছে একটা ছন্দে। ঘুমন্ত শিশুর পিঠে মা যেমন চাপড় দেয়, তেমন।
তার পাশে একটা বিড়াল। একটা চোখ নীল, একটা সবুজ। একদম স্থির বসে আছে। অপেক্ষা করছে।