মন খারাপ করে বসে আছেন কাশেম আলী। নতুন অফিসে বেশ একটা ঝামেলায় পড়েছেন। অফিসের একমাত্র পিয়নটার নামও কাশেম আলী। যে কেউ যে কোনো প্রয়োজনে যখনই কাশেম, কাশেম বলে ডাক দিচ্ছে, তখনই তিনি লাফ দিয়ে উঠছেন বা সচকিত হয়ে যাচ্ছেন। আজ সকালে পাশের কিউবিকল হতে একজন যখন বলে উঠলো, এই কাশেইম্যাকে নিয়ে আর পারছিনা; শুনেই তার মাথা গরম হয়ে গিয়েছে। গতকাল আরেক কারণে বাসায় তার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিলো। আজ ডাক্তারের এপয়েন্টমেন্ট নিয়েছেন পপুলার এ। সেখানে যেতে হবে বিকেল বেলা। সকাল হতেই ঠান্ডা মাথায় থাকার জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন তিনি। আজ সারাদিন মেজাজ খারাপ করবেন না বলে প্ল্যান করে এসেছিলেন। মেজাজ খারাপ হলেই রক্তচাপ বৃদ্ধি পাবে। বিকেলে ডাক্তারের চেম্বারে যাবার আগে মাথা ঠান্ডা করে ফেলতে হবে। এর মধ্যেই এদিক ওদিক হতে যখন তখন তিনি শুনতে পাচ্ছেন, এই কাশেম, চা নিয়ে আয়। প্রতিবার এসব শুনছেন আর মেজাজ ঠান্ডা রাখার জন্য একশত থেকে এক পর্যন্ত গুনছেন।
অফিস হতে বেরিয়ে একটা রিকশায় যখন উঠলেন, তখন তিনি আটাত্তরে আছেন। মানে একটু আগে নামের গন্ডগোলের জন্য উলটো গননা শুরু করেছিলেন। সে গননায় আটাত্তরে ঠেকেছেন যখন, তখন রিকশায় উঠলেন। রিকশাওয়ালা একজন মাঝবয়সী লোক। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনে বিড়বিড় কইরা কি কন? কোন দোয়া নাকি? শিখাইয়া দিয়েন স্যার।
কাশেম আলী এর জবাবে কি বলবেন, বুঝতে পারলেন না। রিকশাওয়ালা প্যাডেল চাপতে চাপতে আবার জিজ্ঞেস করলো। তখন তিনি আটান্নতে। কথার জবাবে তিনি রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়?
-কুমিল্লায় স্যার। রিকশাওয়ালা জবাব দিলো।
-তোমার নাম কি?
-কাশেম আলী, স্যার।
মনটা খারাপ হয়ে গেল কাশেম আলীর। আজকে সকালে কাকে দেখে উঠেছিলেন তিনি, ভাবতে লাগলেন। ভেবে দেখলেন, কাউকেই দেখেন নি। তিনি বিছানা হতে উঠে বেসিনে গিয়ে নিজেকেই প্রথম দেখেছিলেন আয়নায়।
নিজেকে দেখে দিন শুরু করলে দিন কুফা যায়- এরকম তিনি শোনেন নি। মন ভালো রাখা দরকার। ডাক্তারের কাছে যাচ্ছেন তিনি। রিকশাওয়ালার সাথে কথা বলা বন্ধ করে দিলেন তিনি। পপুলারে গিয়ে আরেক বিপত্তিতে পড়লেন তিনি। যে ডাক্তারের কাছে তিনি এপয়েন্টমেন্ট করেছিলেন, তিনি জানতেন তার নাম ডক্টর আলী। এখন ঐ ডাক্তারের রুমের সামনে গিয়ে দেখলেন, সেখানে লেখা আছে ড কাশেম আলী, এফ সি পি এস, এম বি বি এস ইত্যাদি ইত্যাদি। কাশেম আলীর রক্তচাপ এখন মনে হচ্ছে সত্যিই বেড়ে যাচ্ছে।
যখন ডাক্তারের কাছে গিয়ে বসলেন, তখন ডাক্তার তাকে জিজ্ঞেস করলেন,
-কেমন আছেন আপনি এখন?
প্রশ্নের দিকে খেয়াল ছিলোনা তার। তিনি বলে ফেললেন, একানব্বই।
ডাক্তার হেসে বললেন, একানব্বই কিভাবে কারো নাম হয়?
ডাক্তারের কথায় তিনি সম্বিত ফিরে পেলেন। তারপরই স্বাভাবিকভাবে তার সমস্যাগুলো নিয়ে বললেন। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বেরোবার সময় ডাক্তারের এসিস্ট্যান্ট এর কাছে টাকা দেয়ার পর ফেরত দেয়া ভাংতি টাকা গুলো গুণে দেখতে গিয়ে লক্ষ্য করলেন, একটা পঞ্চাশ টাকার নোটে ভুল বানানে লেখা আছে,
“মিলি, তমাকে না পেলে আমি মরে যাভো।
ইতি কাশেম আলী”।
লেখাটা দেখে কাশেম আলীর ভিমড়ি খাবার যোগাড় হলো। নিজেকে কোনরকমে সামলে নিয়ে বিড়বিড় করে আবার একশত থেকে এক পর্যন্ত গোনা শুরু করলেন। আজকের সারাদিন কাশেমময় হয়ে গেছে কোনো আশ্চর্য কারণে। মন খারাপ করে রিকশায় বাসা ফিরলেন। এবারে রিকশাওয়ালাকে তার নাম জিজ্ঞেস করলেন না। কে জানে এর নামও যদি...।
বাসার কাছে মহল্লার মোড়ে নেমে বাসায় যাবার উদ্দেশ্যে মহল্লার গলিতে ঢুকলেন তিনি। বাসার সামনে আসতেই শুনতে পেলেন,মসজিদের মাইকে বলা হচ্ছে,
-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী এই মহল্লার বাসিন্দা জনাব কাশেম আলী কিছুক্ষণ আগে জিগাতলা মোড়ের নিকটে একটি সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কাশেম আলী এবার চুড়ান্ত ভড়কে গেলেন। তিনি অবাক হয়ে ভাবতে শুরু করলেন, আজ দিনটা এমন কেন? সবার নাম কি আজ কাশেম আলী?
বাসার নিচে এসে কলিং বেলে চাপ দিলেন। কয়েকবার বেল চাপলেন। কারো কোন সাড়া নাই। বেলটি বাজছেও না। তিনি ভাবলেন, কারেন্ট নাই নাকি? আশেপাশে তো সব লাইট জ্বলছে। নাকি কলিং বেলটি নষ্ট হয়ে গেছে! কি মনে করে বাসার দরজার দিকে হাত বাড়ালেন। কাশেম আলী অবাক হয়ে দেখলেন, তিনি ম্যাজিকের মতো কিভাবে যেন দরজা ফুঁড়ে নিজের বাসায় ঢুকে গেছেন। বাসায় সবাই এত ব্যাকুল হয়ে কাঁদছে কেন!