তুই কি আমার সঙ্গী হবি?
উড়বো দুজন নীল আকাশে,
রোজ হারাবো মেঘের পরে।
হঠাৎ চোখের আড়াল হলে,
অভিমানে গাল ফুলাবি?
তুই কি আমার সঙ্গী হবি?
দেখতে যাবো পর্বত মালা
সাগর, নদী কিংবা নালা।
এতো এতো চারুর ভীরে
রাখবি মনে আমার ছবি?
তুই কি আমার সঙ্গী হবি?
অচিন পথের পথিক হবো,
গাছের তলায় রাত কাটাবো।
নতুন কোনো পথের খোঁজে
আমার পাশে পাশেই রবি?
তুই কি আমার সঙ্গী হবি?
যখন আমি যুদ্ধে যাবো,
সব হারিয়ে নিঃস্ব হবো।
আরেকটিবার জেতার জন্য
তুই কি আমার সাহস হবি?
৫ জুন ২০২০ || বগুড়া