পৃথিবীর হলদে আলোয় যা দেখেছি
সব লিখে যাবো সাদা কালোয়।
লাল নীল শহরের ল্যাম্পোস্টগুলোর
হলুদ আলোর নিচে দেখেছি
বিষন্ন নীল, নতজানু পড়ে থাকে।
রঙিন বিলবোর্ডের নিয়ন আলোয়
কত বাহারি রঙের স্বপ্ন গড়াগড়ি খায়,
আমি তা গুণে শেষ করতে পারিনি।
নেভীব্লু আর সাদা রঙের সপ্নগুলো
সবচেয়ে বেশি উজ্জ্বল;
গাঢ় অন্ধকারেও স্পষ্ট দেখা যায়।
আমি দেখেছি কয়েকটা রঙিন কাগজের স্বপ্ন
টুটি চেপে ধরে আছে কিছু মানুষের।
সবচেয়ে মলিন, রংচটা স্বপ্নের গায়ে
কেমন ঘামের দুর্গন্ধ থাকে তা আমি জানি।
আমি পৃথিবীর আলোয় পৃথিবীরে দেখেছি,
দেখেছি ভোর, দেখেছি গোধুলী।
আমি দেখেছি ভোর থেকে গোধূলীর
মুহুর্মুহু রংবদল।
দেখেছি গোধূলী থেকে ভোর;
রংহীন, ধূসর, কালো, আঁধার।
সাদা কালো পৃথিবী আঁকতে গিয়ে দেখেছি
এই পৃথিবীর এত রং, নেই শুধু সাদা আর কালো।
আমি সেই হলুদ আলোয় দেখেছি
পৃথিবী আসলে নীল,
না না লাল, নাকি সবুজ ; অথবা কমলা ?
পৃথিবী আসলে লাল,নীল, সবুজ কিংবা কমলা নয়,
পৃথিবী হচ্ছে হলুদ, সর্ষে ফুলের মতো হলুদ।
যে হলুদ আলোয় দেখা যায় সব,
সাদা,কালো এবং অন্য অন্য সব রং।
শুধু দেখতে চাইতে হয়।
২ নভেম্বর ২০২৪ || পাবনা