Poetry

রঙ্গিলা জীবন

November 10, 2026

21 views

কিসের তবে খোঁজো তুমি সুখের আলিঙ্গন?

দুই দিন পরে বৃথা তোমার রঙ্গিলা জীবন।

মিথ্যে মায়ার রঙিন খেলায় বাঁধো সুখের ঘর

আজ যে আপন বুকের মাঝে কাল সে হবে পর।

 রুপোলি চাঁদের আলো মেখে হাসো অহংকারে

 কখন যে ঘোর কাটবে তোমার একলা পারাপারে!

মায়ার মেলা সাঙ্গ হলে নিভবে চোখের আলো

রঙিন বেশবাস খসে গিয়ে ঘিরবে আঁধার কালো।

 দম ফুরালেই শূন্য খাঁচা উড়বে অচিন পাখি

ধূলির ধরায় পড়ে রবে  দিয়ে তোমায় ফাঁকি ।

যতই করো বাহাদুরি যতই বাড়াও ডাল

এক নিমেষে পড়বে খসে সাজানো মহাকাল।

নাম-যশ আর প্রতিপত্তির ঠুনকো এই তো খেলা

সন্ধ্যা হলেই ভাঙবে হাটের মায়ার কাঁচা মেলা।

সাড়ে তিন হাত মাটির তলায় মিলবে চিরঠাঁই

রইবে না কেউ পাশে তখন সঙ্গে দোসর নাই।

অহমিকার দর্প ছেড়ে চোখ মেলে চাও তবে

অবিনাশী সত্যটুকু সঙ্গে নিয়ে চলো ভবে।

কিসের তবে খোঁজো তুমি সুখের আলিঙ্গন

দুইদিন পরে বৃথা তোমার রঙ্গিলা জীবন।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login