সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বৃহত্তম শহর শারজার শাসক শেখ ড. সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি মাত্র ৫ দিনে একটি নতুন ঐতিহাসিক উপন্যাস লিখেছেন। ‘আল জুলান্দা খালিদ বিন সুলতান আল কাসিমি’ শিরোনামের এই বইটি তার প্রকাশিত ২১৯তম বই।
ঐতিহাসিক নথিপত্রের ওপর ভিত্তি করে রচিত এই উপন্যাসটির মোড়ক উন্মোচন করা হয় গত ৭ নভেম্বর শারজা আন্তর্জাতিক বইমেলায়। শেখ ড. সুলতান জানিয়েছেন, পাঁচ অধ্যায়ের এই উপন্যাসটি লিখতে তার মাত্র পাঁচ দিন সময় লেগেছে। এছাড়া আল কাসিমি পাবলিকেশন্স থেকে বইটি ছাপাতে সময় লেগেছে মাত্র আধা দিন।
‘আল জুলান্দা খালিদ বিন সুলতান আল কাসিমি’ উপন্যাসটি উনিশ শতকের আরব উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক, সামাজিক ও সামুদ্রিক ইতিহাসের পটভূমিতে রচিত। এতে তৎকালীন শারজার শাসক শেখ খালিদ বিন সুলতান বিন সাকর আল কাসিমির জীবনের ৩৮ বছরের ঘটনাবহুল অধ্যায় তুলে ধরা হয়েছে।
বইটির শিরোনামের 'আল জুলান্দা' এসেছে খালিদ বিন সুলতানের শৈশবের ডাকনাম থেকে। প্রাচীন ওমানের এক রাজার নামানুসারে তার সৎমা মাহরা বিনতে ইব্রাহিম আল মারজুকি তাকে এই নামে ডাকতেন। পরবর্তীতে এটিই তার আসল নামের চেয়ে বেশি পরিচিত হয়ে ওঠে। এই বইতে শারজার ক্ষমতা হারানোর পর তার নির্বাসন, কারাবাস, সমুদ্রে মুক্তা অন্বেষণ এবং শৈশবের প্রেমিকা আমিনা বিনতে শেখ আবদুল্লাহ আল জাইনের সাথে বিচ্ছেদের করুণ কাহিনিও স্থান পেয়েছে।
এদিকে আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন অনুযায়ী, মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শেখ ড. সুলতান জানিয়েছেন, ব্যস্ত পাঠকদের কথা চিন্তা করেই তিনি উপন্যাসগুলো সংক্ষিপ্ত রাখেন। তিনি গত ৫৪ বছর ধরে মূল পাণ্ডুলিপি ও ঐতিহাসিক নথিপত্র গবেষণার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস সংরক্ষণের কাজ করে যাচ্ছেন।