Article

জীবনকে সুন্দর ও উপভোগ্য করতে ১০টি অভ্যাস

November 13, 2026

18 views

জীবন একটাই। অথচ প্রতিদিনের ব্যস্ততা, প্রতিযোগিতা, প্রত্যাশা ও নানা জটিলতায় আমরা অনেক সময় জীবনকে উপভোগ করতে ভুলে যাই। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করি, অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট করি, কখনো ছোটখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তায় ভুগি। অথচ কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে পারলে জীবন হতে পারে অনেক বেশি সুন্দর, শান্তিপূর্ণ ও উপভোগ্য।

জীবনকে সুন্দর করতে খুব বেশি অর্থ, সম্পদ কিংবা বিলাসিতার প্রয়োজন নেই। প্রয়োজন নিজের প্রতি যত্নশীল হওয়া, ইতিবাচক চিন্তা করা এবং কিছু বিষয়ে সচেতন সিদ্ধান্ত নেওয়া। এমন ১০টি অভ্যাস নিয়ে এই আয়োজন।

১. পরচর্চা ও অন্যের সমালোচনা থেকে দূরে থাকুন

অন্যের ব্যক্তিগত জীবন, কাজকর্ম কিংবা ভুলত্রুটি নিয়ে আলোচনা করার প্রবণতা আমাদের অনেকের মধ্যেই রয়েছে। পরচর্চা, গীবত ও মিথ্যা অপবাদ মানুষের সম্পর্ক নষ্ট করে, মানসিক অশান্তি তৈরি করে। অন্য কে কী করছে, তা নিয়ে অতিরিক্ত মাথা না ঘামিয়ে নিজের কাজ, আচরণ ও উন্নতির দিকে মনোযোগ দিন। অন্যের জীবন নিয়ে ব্যস্ত না থেকে নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করুন।

২. মিথ্যা ও গুজব পরিহার করুন

সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলুন। কোনো তথ্য যাচাই না করে অন্যের কাছে পৌঁছে দেবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো খবর, ছবি কিংবা ভিডিও পেলেই শেয়ার করার প্রয়োজন নেই। তথ্যটি সত্য কি না, তার উৎস কতটা নির্ভরযোগ্য, তা যাচাই করুন। মনে রাখবেন, একটি মিথ্যা তথ্য অনেক মানুষের ক্ষতির কারণ হতে পারে।

৩. নিজের যত্ন নিন

অন্যের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের যত্ন নেওয়া ভুলে যাবেন না। সুস্থ থাকতে সুষম খাবার খান, পর্যাপ্ত ঘুমান এবং নিয়মিত শারীরিক পরিশ্রম করুন। বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা করান। পাশাপাশি নিজের জন্যও কিছুটা সময় রাখুন। মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা ছাড়া জীবন উপভোগ করা কঠিন।

৪. পরিবারকে সময় দিন

মা-বাবা, স্ত্রী-সন্তান ও পরিবারের অন্য সদস্যদের সময় দিন। তাঁদের কথা শুনুন, প্রয়োজনের সময় পাশে থাকুন এবং খোঁজখবর নিন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটানো, একসঙ্গে খাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়া সম্পর্ককে আরও গভীর করে। মনে রাখবেন, কর্মজীবনে সাফল্য গুরুত্বপূর্ণ, কিন্তু পরিবারের ভালোবাসা ও আন্তরিকতার বিকল্প নেই।

৫. ধর্মচর্চা করুন

আপনি যে ধর্মের অনুসারীই হোন না কেন, নিজের ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করুন। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন এবং ধর্মের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করুন। সততা, ন্যায়বিচার, মানবিকতা, ক্ষমাশীলতা ও অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা সব ধর্মেই গুরুত্ব পেয়েছে। ধর্মচর্চা মানুষকে আত্মশুদ্ধি ও নৈতিক জীবনযাপনে উৎসাহিত করতে পারে।

৬. বই পড়ুন, ভ্রমণ করুন

বই মানুষের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে। নতুন কিছু জানতে, বুঝতে এবং নিজের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। পাশাপাশি সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়ুন। নতুন জায়গা, প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করুন। ভ্রমণের জন্য আগে থেকেই পরিকল্পনা ও বাজেট নির্ধারণ করুন। এতে অল্প খরচেও সুন্দর সময় কাটানো সম্ভব।

৭. সব ধরনের আসক্তি থেকে দূরে থাকুন

মাদক, ধূমপান কিংবা অন্য কোনো ক্ষতিকর নেশা জীবনকে বিপর্যস্ত করতে পারে। একইভাবে অতিরিক্ত মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও গেমের আসক্তিও আমাদের মূল্যবান সময় কেড়ে নেয়। প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় গ্যাজেটে ব্যস্ত না থেকে বাস্তব জীবনের মানুষ ও কাজকে গুরুত্ব দিন। প্রযুক্তি ব্যবহার করুন প্রয়োজন মেটাতে, প্রযুক্তির নিয়ন্ত্রণে নিজের জীবনকে ছেড়ে দেবেন না।

৮. খারাপ সময়ে ধৈর্য ধরুন

জীবনে সব সময় পরিস্থিতি অনুকূলে থাকবে না। কখনো আর্থিক সংকট, কর্মক্ষেত্রে ব্যর্থতা, পারিবারিক সমস্যা কিংবা ব্যক্তিগত হতাশার মুখোমুখি হতে পারেন। এসব সময়ে ভেঙে না পড়ে ধৈর্য ধরুন। নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখুন। সমস্যার কারণ খুঁজে বের করে সমাধানের চেষ্টা করুন। মনে রাখবেন, একটি খারাপ সময়ই পুরো জীবনের পরিচয় নয়।

৯. পরিমিত খাবার খান, মিতব্যয়ী হোন

সুস্থ থাকতে প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণের অভ্যাস পরিহার করুন। পরিমিত ও পুষ্টিকর খাবার খান। একইভাবে আয় বুঝে ব্যয় করার অভ্যাস গড়ে তুলুন। অপ্রয়োজনীয় কেনাকাটা ও লোকদেখানো খরচ থেকে দূরে থাকুন। সামর্থ্য অনুযায়ী সঞ্চয় করুন। মিতব্যয়িতা মানে কৃপণতা নয়; বরং প্রয়োজন ও সাধ্যের মধ্যে সুন্দরভাবে জীবন পরিচালনা করা।

১০. কথা বলুন বুঝেশুনে

সব বিষয়ে মন্তব্য করার প্রয়োজন নেই। যতটুকু বলা দরকার, ততটুকুই বলুন। অনুমাননির্ভর কথা, ভিত্তিহীন মন্তব্য ও অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। কখনো কখনো চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন। সব কথা গ্রহণ করার প্রয়োজন নেই, আবার সব কথাকে উপেক্ষাও করবেন না। যাচাই-বাছাই করে যেটি যুক্তিসংগত ও কল্যাণকর মনে হবে, সেটিই গ্রহণ করুন।

জীবন সুন্দর করার দায়িত্ব নিজের

জীবনকে সুন্দর ও উপভোগ্য করার জন্য বড় কোনো পরিবর্তনের অপেক্ষায় থাকার প্রয়োজন নেই। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই একসময় বড় পরিবর্তন নিয়ে আসে। অন্যের সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের সঙ্গে নিজের উন্নতির প্রতিযোগিতা করুন। অল্পতে সন্তুষ্ট থাকতে শিখুন, মানুষকে সম্মান করুন, পরিবারকে ভালোবাসুন এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করুন।

দিন শেষে জীবনের সার্থকতা শুধু কত টাকা আয় করলাম, কত সম্পদ গড়লাম কিংবা কত বড় পদে পৌঁছালাম, তার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং কতটা ভালো মানুষ হতে পারলাম, নিজের ও পরিবারের জন্য কতটা সময় দিতে পারলাম এবং অন্যের জীবনে কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারলাম—সেটিও গুরুত্বপূর্ণ। এই উপলব্ধিই জীবনকে আরও সুন্দর, অর্থবহ ও উপভোগ্য করে তুলতে পারে।

 

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login