শৈশব থেকে গাছের সঙ্গে বন্ধুত্ব হাবিবুর রহমানের, আর জোবায়ের আহম্মেদ খান অপুর কাছে গাছের চারা রোপণ যেন জীবনের আনন্দ। একজন নিজের টিফিনের টাকা জমিয়ে শুরু করেছেন, অন্যজন ১৮ বছর ধরে ছড়িয়ে দিয়েছেন হাজারো চারা ও তালবীজ। দুজনের পথ আলাদা হলেও স্বপ্ন এক—নিজের হাতে একটু একটু করে পৃথিবীকে আরও সবুজ করে তোলা। লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান
গাছের বন্ধু হাবিবুর, ১০ হাজার গাছের গল্প
গাছের সঙ্গে তাঁর বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। টিফিনের টাকা জমিয়ে গাছ কিনে লাগাতেন। এ পর্যন্ত গাছ লাগানো ও চারা বিতরণ মিলিয়ে তিনি ১০ হাজারের বেশি গাছের সঙ্গে যুক্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ৪ হাজার চারা তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করেছেন। বৃক্ষপ্রেমী এই মানুষটির নাম হাবিবুর রহমান। নোয়াখালী কলেজের হিসাববিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষে অনার্স পড়ছেন।
২০১৬ সালে অষ্টম শ্রেণি থেকে হাবিবুরের গাছ লাগানোর শুরু। বাসা থেকে টিফিনের যে টাকা দিত, সেটা তিনি জমিয়ে রাখতেন। পরে ওই টাকায় গাছ কিনে সড়কের পাশে লাগাতেন। গাছপালা, পরিবেশ, প্রকৃতি, পাখি তাঁর খুব ভালো লাগে। একসময় দেখলেন, প্রকৃতি থেকে এসব কমে যাচ্ছে। তখন তিনি আরও জোরালোভাবে গাছ লাগানো শুরু করেন। তাঁর ভাষায়, স্কুলজীবনে গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে গিয়ে ইট-পাথরের কোলাহল, নদী-খাল ও গাছপালাহীন পরিবেশ আমাকে গভীরভাবে নাড়া দেয়। তখন থেকে গাছপালা ও পরিবেশের অভাব বুঝতে পারি, তখন বুঝতে পারি আমাদের চারপাশের গাছপালা ছাড়া কোনো মানুষের বেড়ে ওঠা সুষ্ঠু হতে পারে না, ভাবতে লাগলাম আমাদের এই চারপাশের পরিবেশ-প্রকৃতি যদি হারিয়ে যায় আমাদের বেঁচে থাকার আনন্দ বৃথা যাবে, সেই উপলব্ধি থেকেই স্কুলজীবনে নিজের টিফিনের টাকা বাঁচিয়ে রাস্তার পাশে ও বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ শুরু করি।
হাবিবুরের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার লুধুয়া গ্রামে। মূলত গাছ লাগানোর জন্য তিনি বর্ষা মৌসুম বেছে নেন। অন্যান্য সময় গাছের পরিচর্যা করেন। হাবিবুর দেশীয় প্রজাতির ফলজ ও ঔষধি গাছ—আম, কাঁঠাল, কালোজাম, আমলকী, নিম, হরিতকী, বহেড়া, চালতা, জলপাই, বেল ইত্যাদি—রোপণ করেন। এসব গাছ একদিকে মানুষের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখে, অন্যদিকে পাখি ও অন্যান্য প্রাণীর খাদ্যেরও জোগান দেয়। তবে রাস্তার পাশে তিনি মূলত তাল ও খেজুরগাছ রোপণ করেন। কারণ, এসব গাছের ডালপালা তুলনামূলক কম ছড়ায়। ফলে গাছের ছায়া পড়ে ফসলি জমির ক্ষতি হওয়ার সুযোগ কম থাকে।
হাবিবুর যেসব জায়গায় গাছ লাগিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো নোয়াখালী, সেনবাগ উপজেলার ২ নম্বর কেশারপাড়া ইউনিয়নের ২ কিলোমিটার এলজিইডির সড়ক, চট্টগ্রাম মীরসরাই উপজেলার তালবাড়িয়া পাহাড়ি অঞ্চল, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে সরকারি খাস জায়গা, নোয়াখালী উপকূলীয় অঞ্চল ইত্যাদি। তিনি জানান, নোয়াখালী উপকূলীয় অঞ্চলের নতুন চরে গেওয়া, কেওড়া, গড়ান, বাইন, সুন্দরী রোপণ করেছেন। গাছ লাগানোর পাশাপাশি হাবিবুর ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের মধ্যে প্রতি বছর চারা বিতরণ করেন। গাছ লাগাতে উদ্বুদ্ধ করেন। আবার কৃষকদের নিয়ে বসে অতিরিক্ত মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার না করার বিষয়ে উদ্বুদ্ধ করেন। এলাকার বন্য প্রাণী শিকার রোধেও তিনি কাজ করেন।
গাছ লাগানো যতটা সহজ, সেই গাছকে যত্ন করে বড় করে তোলা ততটা সহজ নয়। হাবিবুরের কাছে প্রতিটি গাছ যেন নিজের হাতে গড়ে তোলা একটি সন্তানের মতো। তাই গাছ লাগিয়েই তাঁর দায়িত্ব শেষ হয় না; নিয়মিত পরিচর্যা করেন, খোঁজ নেন, গাছগুলো ঠিকমতো বেড়ে উঠছে কি না, সেদিকেও নজর রাখেন।
তবু সব গাছকে রক্ষা করতে পারেননি তিনি। একবার রাস্তার পাশে বেশ কিছু তালগাছ লাগিয়েছিলেন। নিজের হাতে মাটি খুঁড়ে, চারা রোপণ করে, সেগুলো বড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু পরে কিছু মানুষ সেই গাছগুলো নষ্ট করে ফেলে। ছোট্ট চারাগাছগুলোর এমন পরিণতি তাঁকে ভীষণ কষ্ট দেয়। সেই ঘটনার কথা মনে পড়লে আজও তাঁর মন খারাপ হয়ে যায়। গাছগুলো শুধু নষ্ট হয়নি—নষ্ট হয়েছিল তাঁর সময়, শ্রম আর ভালোবাসার একটি অংশ।
শুধু তাই নয়, অনেক সময় গাছ লাগাতে গেলে মানুষ বাধা দেয়। শুরুর দিকে অনেকে বলত, ‘গাছ লাগিয়ে তোমার লাভ কী? তুমি একটা পাগল!’—এমন নানা কটুকথাও শুনতে হয়েছে তাঁকে। কিন্তু এসব বাধা ও কটুকথা হাবিবুরের পথ রোধ করতে পারেনি। কারণ, তাঁর মধ্যে রয়েছে গাছের প্রতি পাহাড়সম ভালোবাসা।
হাবিবুর জানান, এ পর্যন্ত গাছ লাগানো ও চারা বিতরণ মিলিয়ে তিনি ১০ হাজারের বেশি গাছের সঙ্গে যুক্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ৪ হাজার চারা তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করেছেন। তাঁর হিসাব অনুযায়ী, তিনি নিজে লাগানো গাছগুলোর প্রায় ৭০ শতাংশ এখনো টিকে আছে। ২ নম্বর কেশারপাড়-ছাতারপাইয়া রোডের খালের বাঁধে গেলে তাঁর লাগানো অনেক বনজ গাছ চোখে পড়বে। আবার লুধুয়া-লেমুয়া সড়কেও দেখা যাবে তাঁর লাগানো তাল ও খেজুরগাছ।
এলাকাবাসী হাবিবুরের এই উদ্যোগকে ভালো চোখে দেখেন। সালেহ আহমেদ তাঁদেরই একজন। তিনি বলেন, “হাবিবুর নিজের পকেটের টাকা দিয়ে গাছ কিনে যে সবুজায়নের চেষ্টা করছেন, তা এক কথায় অবিশ্বাস্য। তাঁর পাশে আমরা আছি।” ২ নম্বর কেশারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক জানান, হাবিবুর অনেক দিন ধরেই গাছ লাগাচ্ছেন। তাঁর এই কাজ প্রশংসাযোগ্য।
গাছ লাগাতে এবং পরিচর্যার জন্য অর্থের প্রয়োজন। হাবিবুর সারা বছর অর্থ সঞ্চয় করেন। পরে তা গাছের জন্য খরচ করেন। বাবা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি কোনো রকম সাহায্য নেন না। আর্থিক সাহায্য না নিলেও বন্ধু-বান্ধব ও এলাকার মানুষের কাছ থেকে কায়িক সহযোগিতা নেন হাবিবুর। তাঁরা গাছ লাগানোর কাজে তাঁকে সহযোগিতা করেন। বাবা-মা ও দুই বোনকে নিয়ে হাবিবুরের পরিবার। পরিবারের সদস্যরাও তাঁর গাছ লাগানোর কাজকে সার্বিকভাবে সমর্থন করেন।
গাছ লাগানো নিয়ে অনেক দুঃখ-কষ্ট থাকলেও ভালো লাগাও আছে হাবিবুরের। হাবিবুর জানান, তাঁর রোপণ করা কিছু গাছ থেকে যখন মানুষ ও পাখিরা ফল খায়, তখন তাঁর খুব ভালো লাগে। ভবিষ্যতে হাবিবুর তাঁর এই একক ক্ষুদ্র প্রচেষ্টাকে বৃহৎ আন্দোলনে রূপ দিতে চান এবং প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে চান। তিনি চান, তাঁর এই গাছ লাগানোর উদ্যোগ ছড়িয়ে পড়ুক সর্বত্র। মানুষ গাছ লাগানোর পাশাপাশি সেগুলো টিকিয়ে রাখতেও এগিয়ে আসুক।
গাছের চারা রোপণেই জোবায়েরের সুখ
গাছের সঙ্গে তাঁর বন্ধনটা আত্মিক। স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়ার সময় গাছ লাগানো শুরু করেছিলেন। ২০০৮ সালের সেই শুরু থেকে ২০২৬—এই ১৮ বছরে তাঁর হাতে রোপিত চারা ও তালবীজের সংখ্যা প্রায় ১৫ হাজার। তাঁর লাগানো গাছ এখন কোথাও ছায়া দিচ্ছে, কোথাও ফল-ফুলে ভরে উঠছে। আবার কোথাও দুর্লভ কোনো বৃক্ষের সঙ্গে মানুষের পরিচয়ও ঘটছে তাঁর কল্যাণে। এই নিবেদিতপ্রাণ বৃক্ষপ্রেমীর নাম জোবায়ের আহম্মেদ খান অপু। আইন মন্ত্রণালয়ে কর্মরত জোবায়েরের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরে। মৃত মোকলেছুর রহমান খান ও মোছা. জুয়েনা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়।
জোবায়েরের বৃক্ষপ্রেমের নেপথ্যে তাঁর নানার বড় ভূমিকা। ছোটবেলায় নানাকে গাছ লাগাতে দেখতেন। সেখান থেকেই গাছের প্রতি আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ একসময় নেশা, তারপর ভালোবাসায় পরিণত হয়েছে। কর্মব্যস্ত মানুষ জোবায়ের। তবু একটু সুযোগ পেলেই ছুটে যান গ্রামে। শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা, রাস্তার ধারে, পার্ক কিংবা আত্মীয়স্বজনের বাড়ি—সুযোগ পেলেই রোপণ করেন গাছ। টাঙ্গাইল, গাজীপুর দিনাজপুর, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় এখন শোভা পাচ্ছে তাঁর লাগানো গাছ। শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করেন না জোবায়ের। গাছের যত্নও নেন। তাঁর কাছে একটি চারা অনেকটা শিশুর মতো। তাঁর ভাষায়, চারা রোপণ করলেই হয় না, তার যত্ন নিতে হয়। যত্ন পেলে একদিন সেটিই বড় হয়ে ওঠে।
জোবায়ের জানান, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার চারা ও তালবীজ রোপণ করেছেন তিনি। এসবের মধ্যে রয়েছে ফলদ, ফুল ও ঔষধি গাছ। প্রায় হারিয়ে যেতে বসা অনেক প্রজাতির গাছও রয়েছে তাঁর লাগানো বৃক্ষের তালিকায়। কলেজজীবনে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন বাঁধনের সঙ্গে যুক্ত ছিলেন জোবায়ের। ২০০৮ সালে সংগঠনটির রক্তদাতাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের একটি করে গাছের চারা উপহার দিয়েছিলেন তিনি। এরপর নিজেই চারা রোপণের কাজে নেমে পড়েন। টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কয়েকটি ফলদ গাছের চারা রোপণের মধ্য দিয়ে শুরু হয় তাঁর এই উদ্যোগ। এরপর আর থামেনি গাছ লাগানো। জোবায়েরের লাগানো গাছ রয়েছে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ, সরকারি ঘাটাইল ব্রাহ্মণশাসন কলেজ, গালা বীরসিংহ উচ্চবিদ্যালয়, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণশাসন এ ইউ উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণশাসন মহিলা কলেজ, ঘাটাইল মাদ্রাসা ও উইজডম ভ্যালি স্কুলসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। উইজডম ভ্যালি স্কুলের অধ্যক্ষ মো. কামাল হোসেন বলেন , জোবায়ের আমাদের প্রতিষ্ঠানে নাগলিঙ্গম, কনকচাঁপা, উদাল, পলাশসহ বিভিন্ন দুর্লভ প্রজাতির গাছ লাগিয়েছেন। গাছগুলো এখন বড় হয়েছে। শিক্ষার্থীরা এসব গাছের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। ’ঘাটাইলের হেলেনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক তালুকদার জানান, তাঁদের স্কুল, গ্রামের মসজিদ ও কবরস্থানের পাশে জোবায়ের বিভিন্ন জাতের প্রায় ৫০টি আমগাছের চারা লাগিয়েছেন। গাছগুলো এখন ফল দিচ্ছে।
শিক্ষাজীবন শেষে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে ঢাকায় চলে যান জোবায়ের। কিন্তু শহুরে ব্যস্ততা তাঁর বৃক্ষরোপণের পথ আটকাতে পারেনি। ঢাকার ৩০০ ফিট সড়কের পাশে শিমুল, জারুল, নিম, হরীতকী, জাম, ছাতিম, অর্জুনসহ বিভিন্ন জাতের ১ হাজার ৫০০টির বেশি গাছের চারা লাগিয়েছেন তিনি। চাকরি, সংসার ও নানা ব্যস্ততার মধ্যেও গাছ লাগানোর সুযোগ খুঁজে নেন তিনি।
২০১৬ সালে দিনাজপুরে বিয়ে করেন জোবায়ের। এরপর শ্বশুরবাড়িতে যাওয়া-আসার সময়ও সঙ্গে করে চারা নিয়ে যেতে থাকেন। আবার সেখান থেকেও সংগ্রহ করেন বিভিন্ন গাছের চারা। পরে সেগুলো রোপণ করেন বিভিন্ন জায়গায়। দিনাজপুর-রংপুর মহাসড়কের রামডুবি এলাকায় সড়কের দুই পাশে দুই শতাধিক পলাশ, কাঞ্চন, শিমুল ও ছাতিমের চারা লাগিয়েছেন তিনি। রামডুবি-বীরগাঁও আঞ্চলিক সড়কের দুই পাশে লাগিয়েছেন দুই শতাধিক আমগাছ। চিরিরবন্দর উপজেলার বিভিন্ন সড়কের পাশে রোপণ করেছেন আরও তিন শতাধিক ফল ও ফুলের গাছ।
জোবায়েরের মামার বাড়ি সুনামগঞ্জে। ছোটবেলা থেকেই সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে তাঁর যাতায়াত। সেই সূত্রে এই দুই এলাকাতেও গাছ লাগানোর সুযোগ পেয়েছেন তিনি। গত কয়েক বছরে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, আদালত চত্বর, আলিয়া মাদ্রাসা ও দলদল চা-বাগান এলাকায় পাঁচ শতাধিক গাছের চারা লাগিয়েছেন। ছাতক উপশহর এলাকায় লাগিয়েছেন দুই শতাধিক শিমুলের চারা।গাছ লাগানোর পাশাপাশি বীজ রোপণেও আগ্রহ রয়েছে জোবায়েরের। জয়দেবপুর-টাঙ্গাইল রেলপথের পাশে গত ছয় বছরে প্রায় ছয় হাজার তালবীজ রোপণ করেছেন তিনি। সেসব বীজ থেকে রেলপথের বিভিন্ন জায়গায় এখন উঁকি দিচ্ছে তালগাছের চারা। একটি বীজ থেকে একদিন বড় গাছ হবে—এই অপেক্ষাটিও যেন জোবায়েরের আনন্দের অংশ।
গাছ লাগাতে খরচ আছে। সেই খরচের একটি অংশ নিজের আয় থেকেই বহন করেন জোবায়ের। নিজেও চারা উৎপাদন করেন। পরিবারের সদস্যরাও তাঁকে উৎসাহ দেন। জোবায়েরের ছোট ভাই ফোজায়েল আহমেদ খান পরাগ একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনিও নিয়মিতভাবে ভাইকে গাছ লাগানোর কাজে আর্থিক সহায়তা করেন।
জোবায়ের বলেন,যখন হাতে টাকা আসে, কিছু চারা কিনে রাখি। নিজেও চারা উৎপাদন করি। পরিবারের সবাই আমাকে এ কাজে উৎসাহ দেন। আমি যত দিন বেঁচে আছি, গাছ লাগিয়ে যাব। কারণ, গাছ মানুষের বড় বন্ধু।’ ১৫ হাজার চারা ও তালবীজ—সংখ্যাটা হয়তো একদিন আরও বড় হবে। তবে জোবায়েরের কাছে আসল আনন্দ সংখ্যায় নয়। আনন্দটা সেই ছোট্ট চারাটির বেড়ে ওঠায়, নিজের চোখের সামনে তার ছায়া ছড়িয়ে পড়তে দেখায়। আজ যে চারা মাটিতে পুঁতে দিচ্ছেন, হয়তো একদিন তার নিচেই দাঁড়াবে কোনো পথিক, খেলবে কোনো শিশু, কিংবা বসবে ক্লান্ত কোনো মানুষ। জোবায়ের তখন সেখানে থাকবেন কি না, কে জানে! কিন্তু তাঁর লাগানো গাছটি ঠিকই বলে যাবে—কেউ একজন একদিন এই পৃথিবীটাকে একটু সবুজ করে যাওয়ার চেষ্টা করেছিলেন।