Article

ঈদের সালামির টাকায় কেনা ক্যামেরা থেকে আন্তর্জাতিক মঞ্চে আমাল

November 14, 2026

9 views

একটি ছবি কখনো কখনো একটি শিশুর জীবন বদলে দিতে পারে। সৌদি আরবের মক্কার একটি রাস্তা। রাস্তার মুখে ছোট একটি ফটো স্টুডিও। ঈদুল ফিতরে নতুন পোশাক পরে সেখানে ছবি তুলতে গিয়েছিল কয়েক ভাইবোন। ছবিটি পরে স্টুডিওর শোকেসে বড় করে টাঙানো হলো। প্রতিদিন সেই পথ দিয়ে যাওয়ার সময় নিজের ছবির দিকে তাকিয়ে মুগ্ধ হতেন ছোট্ট আমাল আল-আমির। তখন কি তিনি জানতেন, একদিন ক্যামেরাই তাঁর জীবনের বড় পরিচয় হয়ে উঠবে? জানতেন না। শুধু জানতেন, নিজের ছবি দেখে তাঁর ভালো লাগছে।

সেই ভালো লাগা থেকেই একদিন ঈদের সালামির টাকা জমিয়ে কিনে ফেললেন নিজের প্রথম ক্যামেরা। খুব সাধারণ, খুব সস্তা ক্যামেরা। নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু কেনা সম্ভব, সেটুকুই। সেই ছোট ক্যামেরার শাটার চাপার মধ্য দিয়েই শুরু হয়েছিল একটি দীর্ঘ যাত্রা। আজ আমাল আল-আমির সৌদি আরবের মক্কাভিত্তিক আলোকচিত্রী। আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের পাশাপাশি তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার জুরি হিসেবেও কাজ করছেন। তিনি New View Photography Club-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন।

দশ বছর বয়সে ক্যামেরার নেশা

প্রায় ১০ বছর বয়স থেকেই নিয়মিত ছবি তুলতে শুরু করেন আমাল। তখন অবশ্য তিনি জানতেন না, এটিকে একদিন ‘প্যাশন’ বলা হবে। ভালো একটি ছবি তুলতে পারলে তাঁর আনন্দ হতো। কোনো দৃশ্য মনমতো না হলে আবার সেই একই জায়গায় ফিরে যেতেন। আবার ছবি তুলতেন।আবার চেষ্টা করতেন।

তখন ডিজিটাল ক্যামেরার যুগ আসেনি তাঁর হাতে। ছিল ফিল্ম ক্যামেরা। ছবি তুলে সঙ্গে সঙ্গে ক্যামেরার পর্দায় দেখে নেওয়ার সুযোগ ছিল না। ফিল্ম ডেভেলপ করার পর বোঝা যেত ছবি ঠিক হয়েছে কি না।

ভুল হলে সেটিও ছিল শিক্ষা। একটি ছবির আলো ঠিক হয়নি? পরেরবার আলো বুঝে ছবি তুলতে হবে।

কম্পোজিশন ভালো হয়নি? আবার চেষ্টা করতে হবে। এভাবেই চেষ্টা ও ভুলের মধ্য দিয়ে শেখা। প্রায় ২০০৭ সালের দিকে প্রথম ডিজিটাল ক্যামেরা পাওয়ার পর তাঁর আলোকচিত্রচর্চায় আসে নতুন গতি।

পুরস্কার নয়, একেকটি মাইলফলক

আন্তর্জাতিক অঙ্গনে আমালের অর্জনের সংখ্যা বড়। Global Photographic Union-এর ২০২১ সালের প্রোফাইলে তাঁর ৯০০-এর বেশি আন্তর্জাতিক পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছিল। আর Drone Photo Awards-এর প্রোফাইলে ২০২৩ সাল পর্যন্ত তাঁর ১,৫০০-এর বেশি আন্তর্জাতিক পুরস্কারের কথা বলা হয়েছে।

সংখ্যাটি চমক জাগানোর মতো। কিন্তু আমালের কাছে পুরস্কারগুলো শুধু সংখ্যা নয়। তিনি কোনো একটি অর্জনকে অন্যটির চেয়ে বড় মনে করেন না। তাঁর কাছে এগুলো ধারাবাহিক মাইলফলক। প্রতিটি পুরস্কার এমন একটি সময়ের স্বীকৃতি, যখন তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। একটি স্বীকৃতি তাঁকে আনন্দ দিয়েছে।তারপর সেই আনন্দ তাঁকে নিয়ে গেছে পরের ছবির দিকে, পরের প্রতিযোগিতার দিকে, পরের শেখার দিকে। এভাবেই একটির পর একটি পথ পেরিয়েছেন তিনি।

শুধু ছবি তোলা নয়, অন্যদেরও পথ দেখানো

একসময় আমাল অনুভব করলেন, তাঁর চারপাশে আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী অনেক মানুষ আছেন। কিন্তু তাঁরা জানেন না কোথায় প্রতিযোগিতা হচ্ছে, কীভাবে অংশ নিতে হবে, নিয়মগুলো কী। বিশেষ করে আরব বিশ্বের অনেক আলোকচিত্রী আন্তর্জাতিক প্রতিযোগিতা ও বিভিন্ন আলোকচিত্র সংগঠন সম্পর্কে যথেষ্ট জানতেন না।এই জায়গা থেকেই New View Photography Club-এর জন্ম।

ক্লাবটিকে আমাল একটি সেতু হিসেবে গড়ে তুলতে চেয়েছেন—আলোকচিত্রীরা যাতে আন্তর্জাতিক প্রতিযোগিতার খবর পান, নিয়ম ও শর্ত বুঝতে পারেন এবং প্রয়োজনে দলগতভাবে অংশগ্রহণের সুবিধা পান। ক্লাবটির কার্যক্রম যে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে, তার প্রমাণও আছে। FIAP-এর অনুমোদিত প্রতিযোগিতার তালিকায় ২০২০ সালের প্রথম New View International Photography Contest থেকে শুরু করে ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালের New View প্রতিযোগিতার তথ্য রয়েছে; এসব তালিকায় আয়োজক হিসেবে New View Photography Club এবং আমাল আল-আমিরের নাম রয়েছে। আমাল নিজের ছবির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পাশাপাশি অন্য আলোকচিত্রীদের আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানোর পথও তৈরি করছেন তিনি।

একজন নারী আলোকচিত্রীর পথ

একজন নারী হিসেবে তাঁর আলোকচিত্রের পথচলা সবসময় সহজ ছিল না। আমালের ভাষায়, আলোকচিত্রে নারী-পুরুষ সবারই চ্যালেঞ্জ আছে। তবে তাঁর সমাজে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় মানুষের ছবি তোলার বিষয়টি সবসময় সহজ ছিল না। তাই শুরুতে তিনি বেশি ছবি তুলতেন স্থাপত্যের। ঐতিহাসিক স্থাপনার। প্রকৃতির।মানুষের দৈনন্দিন জীবনের বাইরে থাকা নানা দৃশ্যের।

আরেকটি সীমাবদ্ধতাও ছিল। রাত গভীর হলে কিংবা খুব ভোরে ছবি তুলতে বাইরে বের হওয়ার সুযোগ তাঁর ছিল না। পরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফারদের দলের সঙ্গে বের হওয়া এবং ভ্রমণের সময় সেই সুযোগ তৈরি হয়। একজন আলোকচিত্রীর জন্য সময় শুধু ঘড়ির কাঁটা নয়। কখন আলো সুন্দর, কখন মানুষ বের হয়, কখন কোনো জায়গা তার অন্য রূপ দেখায়—সেটিও গুরুত্বপূর্ণ। সেই সময়ের সীমাবদ্ধতা পেরিয়ে আমাল ধীরে ধীরে নিজের ছবির পৃথিবী বড় করেছেন।

‘অন দ্য হিল’: মরুভূমিতে ফিরে যাওয়া এক মানুষ

আমালের একটি ছবির নাম ‘On the Hill’।

ছবিটির পেছনে আছে ওমানের মরুভূমি এবং একজন বেদুইন মানুষের গল্প। ২০২০ সালে ওমান ভ্রমণের সময় ছবিটি তোলেন তিনি। তাঁর ফটোগ্রাফি ক্লাবের কয়েকজন ওমানি সদস্য স্থানীয় বেদুইনদের সঙ্গে আলোকচিত্রীদের সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন। সেই ভ্রমণে কয়েক দিন ধরে ছবি তুলেছেন আমাল।

পরে আবারও ফিরে গেছেন সেখানে। ছবির মানুষটি শহরের খুব দূরে থাকেন না। তাঁর গাড়ি আছে, চাকরি আছে, শহরে বাড়িও আছে। তারপরও মরুভূমির জীবন তাঁর ভেতরে রয়ে গেছে। ঘোড়া ও উটের সঙ্গে তাঁর সম্পর্কও টিকে আছে। ছবিটির সৌন্দর্য এখানেই—এটি শুধু একজন মানুষকে দেখায় না; দেখায় একজন মানুষের শিকড়ের সঙ্গে সম্পর্ক।

ছবিটি ২০২৫ সালের MonoVisions Photography Awards-এর Winners Gallery-তেও আমাল আল-আমিরের নামে প্রকাশিত হয়েছে। সেখানে ছবিটির বর্ণনায় বেদুইন মানুষটির মরুভূমির শিকড় ও সেই জীবনযাপনের প্রতি টানের কথা তুলে ধরা হয়েছে।  আর এই ছবির সঙ্গে আমালের নিজের জীবনেও যেন একটি অদ্ভুত যোগ আছে।

ছবির শক্তি কোথায়?

আমালের কাছে ভালো ছবি মানেই শুধু সুন্দর ছবি নয়। একটি শক্তিশালী ছবির ভেতরে গল্প থাকতে হবে।

সেই গল্প হতে পারে একজন মানুষকে নিয়ে।কোনো জায়গাকে নিয়ে।কোনো ঘটনা বা বিষয়কে নিয়ে।

ছবিটি দর্শকের চোখ আটকে দেবে। কোনো অনুভূতি তৈরি করবে। তবে গল্প বলার পাশাপাশি কারিগরি দক্ষতাও জরুরি। আলো, রং ও কম্পোজিশন—সবকিছু মিলে ছবির বক্তব্যকে শক্তিশালী করে। তাঁর ভাষায়, প্রথম প্রয়োজন শক্তিশালী বিষয়বস্তু। এরপর কারিগরি দক্ষতা সেই বিষয়টিকে আরও ভালোভাবে তুলে ধরবে। এই দর্শনের সঙ্গে তাঁর নিজের কাজেরও মিল আছে। ‘On the Hill’-এ যেমন একজন মানুষ আছেন, কিন্তু ছবিটি শেষ পর্যন্ত শুধু একজন মানুষের প্রতিকৃতি হয়ে থাকে না। তার সঙ্গে জুড়ে যায় মরুভূমি, জীবনযাপন, শিকড় ও সময়ের গল্প।

তরুণীদের জন্য তাঁর কথা

তরুণী আলোকচিত্রীদের জন্য আমালের পরামর্শ আলাদা কোনো সূত্র নয়। পড়তে হবে। চারপাশ দেখতে হবে। পর্যবেক্ষণ করতে হবে।নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এভাবেই নিজের শিল্পবোধ তৈরি করতে হবে।তবে নারীদের জন্য তিনি একটি বিশেষ কথা বলেছেন। পরিবার ও ঘরের দায়িত্ব অনেক সময় নারীদের নিজের জন্য সময় বের করতে দেয় না। তাই নিজের বিকাশের জন্য আলাদা সময় রাখতে হবে।

নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলা যাবে না।প্রতিদিনের ব্যস্ততার মধ্যে নিজের স্বপ্নটাকেও জায়গা দিতে হবে। আজকের পৃথিবীতে শেখার সুযোগও অনেক বেশি। ইন্টারনেটের কারণে প্রয়োজনীয় জ্ঞান ও তথ্য হাতের নাগালে। তাই শুরু করার জন্য সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষা করার দরকার নেই।হয়তো একটি সাধারণ ক্যামেরা দিয়েই শুরু করা যায়। যেমন করেছিলেন আমাল আল-আমির।

একটি ক্যামেরা, একটি জানালা

শৈশবে একটি স্টুডিওর শোকেসে নিজের ছবি দেখে যে মেয়েটি আনন্দ পেয়েছিল, সে হয়তো তখন জানত না ছবির শক্তি কতটা বড়।ঈদের সালামির টাকা দিয়ে কেনা ছোট ক্যামেরাটিও জানত না তার সামনে কী অপেক্ষা করছে।আজ সেই ক্যামেরা থেকে যাত্রা করে আমাল পৌঁছেছেন আন্তর্জাতিক আলোকচিত্রের জগতে। ছবি তুলেছেন নানা মানুষ, নানা দেশ ও নানা গল্পের।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর ছবির স্বীকৃতি এসেছে। তিনি নিজেও আন্তর্জাতিক প্রতিযোগিতার জুরি হয়েছেন। গড়ে তুলেছেন একটি আলোকচিত্র ক্লাব। অন্যদের আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানোর সুযোগ করে দিয়েছেন। ফটোগ্রাফি নিয়ে লিখেছেনও—২০২৪ সালের জুনে তাঁর ‘Watercolor Box’ লেখা PSA Journal-এর Article of the Month হিসেবে প্রকাশিত হয়।

তবু এত অর্জনের পরও তাঁর কথায় সবচেয়ে বেশি যে বিষয়টি ফিরে আসে, তা হলো ছবি তোলার আনন্দ।

একটি ভালো ছবি পাওয়া।একটি দৃশ্যের কাছে আবার ফিরে যাওয়া। বাংলাদেশের নারী আলোকচিত্রীদের সঙ্গেও পরিচিত হতে চান আমাল। বাংলাদেশের অনেক পুরুষ আলোকচিত্রীর সঙ্গে তাঁর পরিচয় থাকলেও এখনো কোনো নারী আলোকচিত্রীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়নি—সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন তিনি।

হয়তো কোনো একদিন বাংলাদেশে কোনো তরুণী আলোকচিত্রী ক্যামেরা হাতে দাঁড়াবেন।

কোনো একটি দৃশ্য তাঁকে থামিয়ে দেবে। তিনি ছবি তুলবেন। তারপর সেই ছবির দিকে তাকিয়ে তাঁরও মনে হবে—এটাই তো আমি করতে চাই। আমালের গল্পের শুরু যেমন হয়েছিল একটি ছবিকে ঘিরে, তেমনই আরেকটি ছবি হয়তো কোনো নতুন আলোকচিত্রীর জীবনের শুরু হয়ে উঠবে। কারণ একটি ছবি শুধু একটি মুহূর্তকে ধরে রাখে না। কখনো কখনো একটি ছবি একটি জীবনও বদলে দেয়।

 

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login