ষষ্ঠ শতাব্দীর আরব উপদ্বীপ। ইতিহাসের পাতায় যে সময়টিকে চিহ্নিত করা হয়েছে ‘আইয়ামে জাহিলিয়া’ বা অজ্ঞতার যুগ হিসেবে। সে ছিল এক ঘোর অমানিশার কাল, যখন মানবতা তার সকল মহিমা হারিয়ে মরুভূমির তপ্ত বালুকারাশিতে মুখ থুবড়ে পড়েছিল। যে সমাজে সত্য ছিল নির্বাসিত, ন্যায়বিচার ছিল কেবল ক্ষমতাবানদের হাতের খেলনা, আর দুর্বল ও অসহায় মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে থাকত মক্কার বাতাস। কাবা ঘরের পবিত্র চত্বর তখন তিনশ ষাটটি মূর্তির ভারে ন্যুব্জ। এক স্রষ্টার ইবাদত ভুলে মানুষ নিজের হাতে গড়া পাথরের সামনে মাথা নত করত, অথচ নিজের রক্তমাংসের কন্যাসন্তানকে জীবন্ত কবর দিতে তাদের হাত একটুও কাঁপত না।
মক্কার প্রান্তরে, উকাজ মেলায় কিংবা কাবার ছায়ায় তখন চলত মদ, জুয়া আর অশ্লীলতার মহোৎসব। গোত্রে গোত্রে সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হতো রক্তক্ষয়ী যুদ্ধ, যা চলত প্রজন্মের পর প্রজন্ম ধরে। ‘বাসুস’-এর যুদ্ধের কথা আরবরা গর্বভরে বলত,একটি উটনীকে কেন্দ্র করে যে যুদ্ধ চলেছিল চল্লিশ বছর! নারী ছিল কেবল ভোগের সামগ্রী কিংবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি; তার কোনো সম্মান ছিল না, ছিল না কোনো অধিকার। ক্রীতদাসদের জীবন ছিল পশুর চেয়েও অধম। মরুভূমির এই তপ্ত বালুকাবেলায় মানুষ যেন কেবলই হিংস্রতার চর্চা করত। মনে হতো, পৃথিবীর বুক থেকে মনুষ্যত্ব বুঝি চিরতরে বিলীন হয়ে গেছে। আকাশের নক্ষত্রগুলোও যেন মক্কার এই অন্ধকার দেখে মুখ লুকিয়েছিল।
কিন্তু প্রকৃতির অমোঘ নিয়ম হলো, রাত যত গভীর হয়, ভোরের আলো ততই নিকটবর্তী হয়। মানবজাতির এই চরম দুর্দিনে, অজ্ঞতার সেই ঘনঘোর অমানিশা ভেদ করে মক্কার দিগন্তে উদিত হলো এক আলোকবর্তিকা,‘মরুর জ্যোতি’ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
৫৭০ খ্রিস্টাব্দ, ১২ই রবিউল আউয়াল, সোমবার। সুবহে সাদিকের ঠিক আগে, যখন রাতের অন্ধকার বিদায় নিয়ে ভোরের স্নিগ্ধ আলো ফোটার অপেক্ষায়, ঠিক সেই মুহূর্তে মা আমিনার কোল আলোকিত করে পৃথিবীতে এলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তাঁর পিতা আবদুল্লাহ তাঁর জন্মের আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। এতিম হয়েই পৃথিবীতে এলেন তিনি, যেন পৃথিবীর সমস্ত এতিম ও অসহায় মানুষের ব্যথা তিনি নিজের হৃদয় দিয়ে অনুভব করতে পারেন। দাদা আবদুল মুত্তালিব তাঁর নাম রাখলেন ‘মুহাম্মদ’,যার অর্থ প্রশংসিত। আর মা আমিনা নাম রাখলেন ‘আহমদ’। সেদিন মক্কার আকাশে-বাতাসে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছিল, যদিও অন্ধকারে ডুবে থাকা মক্কাবাসী তখনও জানত না যে, তাদেরই মাঝে জন্ম নিয়েছেন সেই মহামানব, যিনি পুরো পৃথিবীর ইতিহাস বদলে দেবেন।
শৈশব থেকেই মুহাম্মদ (সা.) ছিলেন আর দশটা শিশুর চেয়ে আলাদা। বনু সাদ গোত্রে দুধমাতা হালিমা সাদিয়ার কোলে যখন তিনি বেড়ে উঠছিলেন, তখন থেকেই তাঁর চারপাশে এক অদ্ভুত বরকত ও পবিত্রতার ছায়া দেখা যেত। হালিমা সাদিয়ার শুকনো বুক দুধে ভরে উঠেছিল, তাঁর জীর্ণশীর্ণ উটনীগুলো সবল হয়ে উঠেছিল, আর মরুভূমির রুক্ষ প্রান্তরেও যেন সবুজের ছোঁয়া লেগেছিল। বালক মুহাম্মদ কখনো অন্য শিশুদের মতো ঝগড়া-বিবাদে জড়াতেন না, অশ্লীল খেলাধুলায় অংশ নিতেন না। মরুভূমির নির্জন প্রান্তরে ছাগল চরাতে চরাতে তিনি তাকিয়ে থাকতেন বিশাল আকাশের দিকে, ভাবতেন এই সৃষ্টিজগতের অপার রহস্য নিয়ে।
মাত্র ছয় বছর বয়সে মা আমিনাকে হারালেন তিনি। আবওয়া নামক স্থানে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ছোট্ট মুহাম্মদ সেদিন যে অসহায়ত্ব অনুভব করেছিলেন, তা তাঁকে সারাজীবন মানুষের দুঃখ-কষ্টের প্রতি সংবেদনশীল করে রেখেছিল। এরপর আট বছর বয়সে হারালেন স্নেহময় দাদা আবদুল মুত্তালিবকে। অবশেষে চাচা আবু তালিবের আশ্রয়ে তিনি বড় হতে লাগলেন। চাচার সংসারে সচ্ছলতা ছিল না, তাই কিশোর বয়সেই তিনি চাচাকে সাহায্য করার জন্য ব্যবসায়িক সফরে বের হলেন।
যৌবনে পদার্পণ করার আগেই মক্কার মানুষের কাছে তাঁর সততা, আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা এক কিংবদন্তিতে পরিণত হলো। যে সমাজে মিথ্যা বলা আর প্রতারণা করাই ছিল দৈনন্দিন জীবনের অংশ, সেই সমাজের মানুষই তাঁকে উপাধি দিল ‘আল-আমিন’ বা পরম বিশ্বাসী এবং ‘আস-সাদিক’ বা সত্যবাদী। মক্কার মানুষেরা নিজেদের মূল্যবান ধনসম্পদ ও গয়না তাঁর কাছে গচ্ছিত রাখত, কারণ তারা জানত, পুরো আরব ভূখণ্ডে মুহাম্মদের চেয়ে নিরাপদ আশ্রয় আর দ্বিতীয়টি নেই।
তরুণ বয়সেই সমাজের অন্যায় ও অবিচার দেখে তাঁর কোমল হৃদয় কেঁদে উঠত। ‘ফিজার’-এর অন্যায় যুদ্ধের বিভীষিকা দেখে তিনি ব্যথিত হয়েছিলেন। তাই মক্কার কয়েকজন সমমনা যুবককে সাথে নিয়ে তিনি গঠন করলেন ‘হিলফুল ফুযুল’ বা শান্তিসংঘ। ইতিহাসের পাতায় এটিই ছিল পৃথিবীর প্রথম আনুষ্ঠানিক মানবাধিকার ও শান্তি সংগঠন। এই সংঘের মূল অঙ্গীকার ছিল,দেশ থেকে অশান্তি দূর করা, পথিকদের জানমালের নিরাপত্তা দেওয়া, অভাবগ্রস্তদের সাহায্য করা, দুর্বল ও অসহায় মানুষকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করা এবং কোনো জালিমকে মক্কায় আশ্রয় না দেওয়া। যে সমাজে ‘জোর যার মুল্লুক তার’ নীতি প্রচলিত ছিল, সেখানে তরুণ মুহাম্মদ প্রতিষ্ঠা করলেন মানবতার জয়গান।
কাবা ঘর পুনর্নির্মাণের সময় যখন ‘হাজরে আসওয়াদ’ বা কালো পাথরটি স্থাপন করা নিয়ে কুরাইশদের বিভিন্ন গোত্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধার উপক্রম হলো, তখন তাঁর প্রজ্ঞা ও দূরদর্শিতা মক্কাকে এক ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করেছিল। একটি চাদরের ওপর পাথরটি রেখে সব গোত্রের নেতাদের সেই চাদরের কোণা ধরে পাথরটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার এবং নিজের হাতে সেটি স্থাপন করার যে সমাধান তিনি দিয়েছিলেন, তা দেখে কুরাইশ নেতারা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল।
পঁচিশ বছর বয়সে মক্কার সম্ভ্রান্ত ও বিদুষী নারী খাদিজা বিনতে খুওয়াইলিদের সাথে তাঁর বিবাহ সম্পন্ন হলো। খাদিজা (রা.) ছিলেন তাঁর জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও প্রেরণা। সংসার জীবনে এসেও মুহাম্মদ (সা.)-এর মন পড়ে থাকত মানুষের মুক্তির চিন্তায়। মক্কার মানুষের এই অন্ধকার জীবন, মূর্তিপূজা, রক্তপাত আর অনাচার তাঁকে গভীরভাবে পীড়া দিত। তিনি ভাবতেন, কীভাবে এই পথহারা মানুষগুলোকে আলোর পথে আনা যায়? স্রষ্টার সাথে সৃষ্টির এই বিচ্ছেদ কীভাবে ঘোচানো যায়?
চল্লিশ বছর বয়সের কাছাকাছি এসে তাঁর নির্জনতাপ্রিয়তা আরও বেড়ে গেল। তিনি মক্কা থেকে প্রায় তিন মাইল দূরে ‘জাবালে নূর’ বা আলোর পাহাড়ের চূড়ায় অবস্থিত ‘হেরা’ গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি সেখানে কাটাতেন। নিচে অন্ধকার মক্কা শহর, আর ওপরে অনন্ত নক্ষত্রখচিত আকাশ,মাঝখানে হেরা গুহায় বসে মানবতার মুক্তির দূত খুঁজে ফিরতেন পরম সত্যকে।
অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। ৬১০ খ্রিস্টাব্দের রমজান মাস। কদরের এক পবিত্র রাতে হেরা গুহার নিস্তব্ধতা ভেঙে আলোর ঝলকানি নিয়ে উপস্থিত হলেন ফেরেশতা জিবরাইল (আ.)। তিনি রাসুল (সা.)-কে বুকে জড়িয়ে ধরে বললেন, “ইকরা”,পড়ুন!
রাসুল (সা.) বললেন, “আমি তো পড়তে জানি না।”
তৃতীয়বার আলিঙ্গনের পর জিবরাইল (আ.) তেলাওয়াত করলেন পবিত্র কুরআনের প্রথম পাঁচটি আয়াত, “পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পড়ুন, আর আপনার প্রতিপালক মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।”
এই একটি শব্দ,‘ইকরা’ বা ‘পড়ুন’,আইয়ামে জাহিলিয়ার হাজার বছরের জমাট বাঁধা অন্ধকারে প্রথম আলোর ফাটল ধরাল। যে জাতি অজ্ঞতা আর কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত ছিল, তাদের মুক্তির প্রথম সনদ হিসেবে নাজিল হলো জ্ঞান অর্জনের নির্দেশ।
নবুয়ত প্রাপ্তির পর রাসুল (সা.) যখন ঘরে ফিরে এলেন, তখন তাঁর হৃদয় কাঁপছিল। মহীয়সী নারী খাদিজা (রা.) তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, “আল্লাহর কসম! আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অসহায়দের বোঝা বহন করেন, নিঃস্বদের উপার্জনের ব্যবস্থা করে দেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং সত্যের পথে বিপদগ্রস্তদের সাহায্য করেন।” খাদিজা (রা.)-ই প্রথম তাঁর ওপর ঈমান আনলেন।
এরপর শুরু হলো এক নতুন অধ্যায়,অন্ধকারের বিরুদ্ধে আলোর সংগ্রাম। প্রথমে গোপনে এবং তিন বছর পর সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রকাশ্যে রাসুল (সা.) ঘোষণা করলেন তাওহীদের বাণী,‘লা ইলাহা ইল্লাল্লাহ’। এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। মানুষ কোনো পাথর, অগ্নি বা অন্য কোনো মানুষের দাস নয়; মানুষ কেবল এক স্রষ্টারই বান্দা।
এই ঘোষণা মক্কার কায়েমি স্বার্থবাদী, অভিজাত ও পুরোহিত শ্রেণির মসনদে কাঁপন ধরিয়ে দিল। কারণ, তাওহীদের এই বাণী মেনে নিলে উঁচু-নিচুর ভেদাভেদ থাকবে না, ক্রীতদাস আর মনিব এক কাতারে দাঁড়াবে, সুদ-ঘুষ আর অন্যায় শোষণ বন্ধ হয়ে যাবে। তাই কুরাইশ নেতারা সর্বশক্তি দিয়ে রাসুল (সা.) ও তাঁর অনুসারীদের ওপর ঝাঁপিয়ে পড়ল।
শুরু হলো অকথ্য নির্যাতন। মক্কার তপ্ত বালুকাবেলায় চিৎ করে শুইয়ে বুকের ওপর ভারী পাথর চাপা দেওয়া হলো ক্রীতদাস বেলাল (রা.)-কে। কিন্তু তাঁর জবান থেকে বের হলো কেবল একটিই শব্দ,‘আহাদ, আহাদ’ (এক, এক)। সুমাইয়া (রা.) ও ইয়াসির (রা.)-কে নির্মমভাবে হত্যা করা হলো, যাঁরা ইসলামের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে অমর হয়ে রইলেন। খাব্বাব (রা.)-কে জ্বলন্ত অঙ্গারের ওপর শুইয়ে দেওয়া হলো। স্বয়ং রাসুল (সা.)-কে নামাজরত অবস্থায় উটের নাড়িভুঁড়ি চাপা দেওয়া হলো, তাঁর চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া হলো, পাগল, জাদুকর ও কবি বলে অপমান করা হলো। তিন বছর ধরে শিয়াবে আবি তালিব নামক সংকীর্ণ গিরিপথে তাঁকে ও তাঁর পরিবারকে অবরুদ্ধ করে রাখা হলো, যেখানে ক্ষুধার জ্বালায় তাঁদের গাছের পাতা আর শুকনো চামড়া পর্যন্ত খেতে হয়েছিল।
তায়েফের ময়দানে যখন তিনি মানুষের কাছে সত্যের দাওয়াত নিয়ে গেলেন, তখন তায়েফবাসীরা তাঁকে পাথর মেরে রক্তাক্ত করল। তাঁর পবিত্র শরীর থেকে রক্ত ঝরে জুতোজোড়া পায়ের সাথে আটকে গিয়েছিল। সেই চরম মুহূর্তেও ফেরেশতা জিবরাইল (আ.) এসে পাহাড়ের ফেরেশতাকে দেখিয়ে বললেন, “আপনি আদেশ করলে এই দুই পাহাড়ের মাঝে পিষে তায়েফবাসীদের ধ্বংস করে দেওয়া হবে।”
কিন্তু তিনি তো ধ্বংস করতে আসেননি, তিনি এসেছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’ বা সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হয়ে। রক্তাক্ত অবস্থায় আকাশের দিকে হাত তুলে তিনি দোয়া করলেন, “হে আল্লাহ! আমার এই জাতিকে ক্ষমা করে দিন, কারণ তারা জানে না, তারা অজ্ঞ।”
ইতিহাসে ক্ষমা ও মহানুভবতার এমন দৃষ্টান্ত আর দ্বিতীয়টি নেই। যিনি নিজের শত্রুদের ধ্বংসের বদলে তাদের হেদায়েতের জন্য দোয়া করেন, তাঁর আলোর সামনে অন্ধকার টিকে থাকতে পারে কীভাবে?
মক্কার তেরো বছরের এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর নির্দেশে ৬২২ খ্রিস্টাব্দে রাসুল (সা.) মদিনায় হিজরত করলেন। মদিনায় পৌঁছে তিনি গড়ে তুললেন এক আদর্শ কল্যাণরাষ্ট্র। মদিনার বিবদমান আউস ও খাজরাজ গোত্রের শত বছরের শত্রুতা তিনি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। মুহাজির ও আনসারদের মধ্যে স্থাপন করলেন এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্ববোধ, যেখানে নিজের সম্পদ ভাইয়ের সাথে ভাগ করে নেওয়ার এক অভূতপূর্ব নজির স্থাপিত হলো।
মদিনায় বসবাসরত ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক ও মুসলিম,সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে তিনি প্রণয়ন করলেন ‘মদিনা সনদ’। এটিই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। এই সনদে ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার, ন্যায়বিচার এবং পারস্পরিক সহাবস্থানের যে নীতিমালা ঘোষিত হয়েছিল, আজকের আধুনিক বিশ্বও তার কাছে ঋণী। আইয়ামে জাহিলিয়ার অন্ধকার দূর করে রাসুল (সা.) সমাজে যে বিপ্লব সাধন করেছিলেন, তার প্রতিটি দিক ছিল যুগান্তকারী:
১. নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা: যে আরবে কন্যাসন্তান জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত এবং জীবন্ত কবর দেওয়া হতো, সেখানে রাসুল (সা.) ঘোষণা করলেন, “যার ঘরে কন্যাসন্তান জন্ম নিল, আর সে তাকে জীবন্ত কবর দেয়নি, তুচ্ছ মনে করেনি এবং পুত্রসন্তানকে তার ওপর প্রাধান্য দেয়নি, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।” তিনি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ঘোষণা করলেন। নারীকে দিলেন সম্পত্তির উত্তরাধিকার, বিবাহে মতামতের স্বাধীনতা এবং শিক্ষার অধিকার।
২. বর্ণবৈষম্য ও দাসপ্রথার বিলোপ সাধন: মানুষে মানুষে বংশ, বর্ণ ও আভিজাত্যের প্রাচীর ভেঙে দিয়ে তিনি ঘোষণা করলেন, “অনারবের ওপর আরবের, আরবের ওপর অনারবের, কালোর ওপর সাদার এবং সাদার ওপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো তাকওয়া বা খোদাভীতি।” তিনি ক্রীতদাস জায়েদ ইবনে হারিসা (রা.)-কে নিজের পালক পুত্রের মর্যাদা দিলেন এবং তাঁর পুত্র উসামা (রা.)-কে কুরাইশদের বড় বড় নেতাদের ওপর সেনাপতি নিযুক্ত করলেন। কাবা ঘরের ছাদে উঠে আজান দেওয়ার সম্মান দিলেন কৃষ্ণাঙ্গ ক্রীতদাস বেলাল (রা.)-কে।
৩. অর্থনৈতিক ন্যায়বিচার: সুদের অভিশাপে জর্জরিত সমাজকে তিনি সুদমুক্ত অর্থনীতির পথ দেখালেন। ধনীদের সম্পদে দরিদ্রদের অধিকার হিসেবে ‘জাকাত’ ব্যবস্থা চালু করলেন, যাতে সমাজে সম্পদ কেবল মুষ্টিমেয় ধনীদের হাতে কুক্ষিগত না থাকে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করার কঠোর নির্দেশ দিলেন।
৪. জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতার জাগরণ: কুসংস্কার ও অন্ধবিশ্বাসের পরিবর্তে তিনি যুক্তি, চিন্তা ও গবেষণার দ্বার উন্মুক্ত করলেন। তিনি বললেন, “জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ।” তাঁর এই অনুপ্রেরণাতেই পরবর্তীতে মরুভূমির সেই নিরক্ষর জাতিটি জ্ঞান-বিজ্ঞান, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, দর্শন ও সাহিত্যে পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল।
বদর, ওহুদ ও খন্দকের মতো আত্মরক্ষামূলক যুদ্ধগুলোতে তিনি দেখিয়েছেন কীভাবে ন্যায় ও সত্যের জন্য অবিচল থাকতে হয়। আবার হুদায়বিয়ার সন্ধিতে তিনি দেখিয়েছেন দূরদর্শী কূটনীতি ও শান্তির প্রতি তাঁর গভীর অনুরাগ।
অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন,অষ্টম হিজরির রমজান মাস, মক্কা বিজয়। দশ হাজার সাহাবির এক বিশাল বাহিনী নিয়ে রাসুল (সা.) বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করলেন। যে মক্কাবাসী তাঁকে ও তাঁর সাহাবিদের নির্মমভাবে অত্যাচার করেছিল, মাতৃভূমি থেকে বিতাড়িত করেছিল, আজ তারা ভয়ে থরথর করে কাঁপছে। কাবা ঘরের চত্বরে সমবেত মক্কাবাসীর উদ্দেশে রাসুল (সা.) জিজ্ঞেস করলেন, “হে কুরাইশগণ! আজ তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো?”
তারা ভীত কণ্ঠে বলল, “আপনি আমাদের সম্ভ্রান্ত ভাই এবং সম্ভ্রান্ত ভাইয়ের সন্তান। আমরা আপনার কাছ থেকে ভালো আচরণই আশা করি।”
মরুর জ্যোতি সেদিন অহংকারে মাথা উঁচু করেননি, বরং বিনয়ে তাঁর মাথা উটের পিঠের সাথে নুয়ে পড়েছিল। তিনি ঘোষণা করলেন, “যাও, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তোমরা সবাই মুক্ত!”
সেদিন কাবা ঘর থেকে একে একে তিনশ ষাটটি মূর্তি অপসারণ করা হলো, আর উচ্চারিত হলো সত্যের চিরন্তন বাণী“সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।” তলোয়ারের জোরে নয়, বরং রাসুল (সা.)-এর এই অতুলনীয় ক্ষমা ও ভালোবাসার আলোয় সেদিন পুরো মক্কাবাসীর হৃদয় জয় হয়ে গিয়েছিল।
দশম হিজরিতে আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবির সামনে দাঁড়িয়ে তিনি মানবজাতির জন্য রেখে গেলেন এক চিরন্তন মুক্তির সনদ। সেই ভাষণে তিনি মানুষের জান, মাল ও সম্মানের পবিত্রতা রক্ষা, নারীর অধিকার, সুদ প্রথার বিলুপ্তি, আমানতদারিতা এবং কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার নির্দেশ দিলেন।
মাত্র তেইশ বছরের নবুয়তি জীবনে তিনি যে অসম্ভবকে সম্ভব করেছিলেন, ইতিহাসে তার কোনো তুলনা নেই। একটি অসভ্য, বর্বর, রক্তপিপাসু ও বিভক্ত জাতিকে তিনি রূপান্তরিত করেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম, সুশৃঙ্খল, জ্ঞানদীপ্ত ও মানবিক জাতিতে। যে মরুভূমিতে একদিন কন্যাসন্তানের কান্নায় বাতাস ভারী হতো, সেখানে বইতে শুরু করল শান্তি, সাম্য ও ভালোবাসার ফল্গুধারা।
আজ চৌদ্দশ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। পৃথিবী অনেক বদলেছে, বিজ্ঞান ও প্রযুক্তিতে মানুষ অনেক দূর এগিয়েছে। কিন্তু আজও যখন পৃথিবীর কোনো প্রান্তে অন্যায়, অবিচার, বর্ণবৈষম্য, যুদ্ধবিগ্রহ কিংবা নৈতিক অবক্ষয়ের অন্ধকার নেমে আসে, তখন মানুষ নতুন করে অনুভব করে সেই ‘মরুর জ্যোতি’র প্রয়োজনীয়তা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একটি নির্দিষ্ট সময় বা ভূখণ্ডের জন্য নবী হয়ে আসেননি; তিনি এসেছিলেন সমগ্র মানবজাতির জন্য চিরন্তন আলোকবর্তিকা হয়ে,যার আলো আজও পথহারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে, অজ্ঞতা থেকে জ্ঞানের পথে এবং হিংসা থেকে ভালোবাসার পথে আহ্বান জানায়।