"সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর একটা প্রশ্ন আমি প্রায়ই শুনিঃ
"মানুষটা খুব ভালো ছিলো, যত্ন করতো, সুন্দর করে কথা বলতো, সবার উপকার করতো। এমন একটা মানুষ কিভাবে এমন প্রতারণা করতে পারলো? এমন কষ্ট দিতে পারলো?"
আমি এমন মানুষকে চিনি যে নিজ হাতে প্রতিদিন সকালে ভালোবাসার মানুষের জন্য কফি বানাতো, আর সেই হাত দিয়েই অন্য কাউকে স্পর্শ করতো প্রতিদিন!
আমি এমন মানুষকে চিনি যাকে তার আশেপাশের সবাই ফেরেশতার মতো জানতো। ধর্মকর্ম করতো। কারো বিপদে সবার আগে হাজির হতো। সেই মানুষটাই তার ভালোবাসার মানুষকে তীব্র কষ্ট দিয়ে চলে গেছে নির্লিপ্তভাবে।
প্রশ্ন জাগেঃ
একটা ভালো মানুষের পক্ষে কি এমন কাজ করা সম্ভব?
হ্যাঁ, সম্ভব! কিন্তু কিভাবে?
প্রথমত, এই পৃথিবীতে সবাই নিজেকে ভালো মানুষ হিসেবে দেখাতে চায়। এটা তার জন্য একটা শিল্ডের মতো কাজ করে।
তাই যখন কেউ অন্যায় করে, তার মনের ভেতরে একটা খচখচানি হয়। বেশিরভাগ মানুষ তখন অন্যায় কাজটা থামায় না। থামায় খচখচানিটা। কিভাবে?
ভেতরে ভেতরে নিজেকে সে বলে, আমি তো খারাপ না, দেখো কত মানুষের উপকার করি। আমি তো ঘরের সব দায়িত্ব পালন করি। আমি তো মানুষটার যত্ন করি।
ভালো কাজগুলা তখন তার উকিল হয়ে যায়। মনের আদালতে নিজের পক্ষে সাক্ষী দেয়। সেই সাক্ষীতে তার জামিন হয়।
সাইকোলজিতে এটার একটা নাম আছেঃ মোরাল লাইসেন্সিং। ভালো কাজ করলে মন চুপচাপ একটা ক্রেডিট জমায়। তারপর সে নিজেকে বলে, এত ভালো কাজ করি, একটু ছাড় তো আমার পাওনা।
দ্বিতীয়ত, মানুষ খুব সুনিপুণভাবে নিজের জীবনটাকে আলাদা আলাদা ঘরে ভাগ করে রাখতে পারে। একটা ঘরে সে এমপ্যাথেটিক, খুব যত্নশীল। অন্য একটা ঘরে সে নিষ্ঠুর এক মানুষ। দুই ঘরের মাঝখানের দরজাটা সে কখনো খোলে না।
তাই আয়নায় তাকিয়ে তার নিজেকে কখনো প্রতারক মনে হয় না।
আমি এখন আর অবাক হই না। পৃথিবীর চোখে যে প্রচণ্ড ভালো মানুষ, ভালো প্রেমিক, ভালো স্ত্রী, ভালো বাবা, ভালো সন্তান, ভালো বন্ধু - সেই একই মানুষটা তার ভালোবাসার মানুষের সাথে ভীষণ অন্যায় করে ফেলে নির্দ্বিধায়, নিঃসংকোচে।
তারপর সে ভালো মানুষের স্বীকৃতি নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তার চোখেমুখে কোনো অপরাধবোধ থাকে না, কোনো অনুতাপ থাকে না!
একই বুকে আলো আর আঁধার, পাশাপাশি, নিঃশব্দে থাকে। সবসময়ই ছিলো। আমরা কখনো টের পাই নি। আমরা কখনো বুঝে উঠতে পারি নি।"