আমি ব্যাগ গুছাচ্ছি। আবার ইতালিতে চলে যাচ্ছি।
ফ্যামিলিকে বিভিন্ন অজুহাত দেখিয়ে যাচ্ছি। আসল কারণটা বলতে পারছি না। বললে নিজেই ছোট হয়ে যাব।
আমি ইতালি থেকে চার বছর পর বাংলাদেশে এসেছিলাম ফ্যামিলির চাপে বিয়ে করার জন্য। ফ্যামিলি অবশ্য অনেকদিন যাবত আমার বিয়ে নিয়ে আমাকে প্যারা দিচ্ছে। কিন্তু পাত্র আমার পছন্দ না হওয়ায় বিয়ে করা হয়ে ওঠেনি।
দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশি এক যুবকের সাথে পরিচয় হয় আমার। সে একজন ব্যাংকার, একটা বেসরকারি ব্যাংকে কর্মরত আছে। ফেসবুকে তার সাথে কথা বলে তাকে আমার ভালো লাগে। সেও তার ভালোলাগার কথা আমাকে জানায়।
আমি তাকে প্রথমেই বলে রাখি, প্রেম-টেম আমাকে দিয়ে হবে না, আমি সরাসরি বিয়ে করব। বিয়ের চিন্তা মাথায় রেখে আমরা কথা বলা চালিয়ে যাই। দুজনেই সিদ্ধান্ত নেই, এই নভেম্বর মাসে বিয়ে করব।
আমি ইতালি থেকে গত মাসে বাংলাদেশে আসি। এসে আমার ফ্যামিলিকে আমার পছন্দের মানুষের কথা বলি। আমি তাকে বলি আমার পরিবারের সাথে কথা বলার জন্য। সে কথা বলবে বলবে করে আমাকে কয়েকদিন বলেছে। কিন্তু সে আমার পরিবারের সাথে কথা বলে না।
আমার পরিবারের লোকজন বাধ্য হয়ে তার ব্যাপারে খোঁজখবর নেয়। খোঁজখবর নিয়ে জানতে পারি, সে বিবাহিত, দুই সন্তানের বাবা।
খবরটা শোনার পর আমি হতবাক হয়ে গেলাম। কি দরকার ছিল এমনটি করার? কি দরকার ছিল আমাকে বাংলাদেশে আনার, বিয়ের কথা বলে?
আমি আমার পরিবারের কাছে অনেকটা ছোট হয়েছি। আমার পরিবার আমার জন্য অনেক ছেলে দেখেছে, আমি কাউকে পছন্দ করিনি। আর যে মানুষটাকে পছন্দ করলাম, সেই মানুষটা একটা ভয়ানক মিথ্যাবাদী প্রতারক।
এই বিষয়টা আমি মেনে নিতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে।
দুই বছরেও একটা মানুষকে আমি চিনতে পারলাম না। কি নিখুঁত অভিনয় করেছে সে আমার সাথে।
আর কোনো বাঙালি ছেলেকে বিয়ে করার চিন্তা কখনোই মাথায় আনব না। মানুষ মানুষের সাথে কি অবলীলায় প্রতারণা করে, ভাবতেই কষ্ট হয়।