বাড়িওয়ালাকে ফোন করেছিলাম রাত এগারোটা চল্লিশে।
বললাম, “ভাই, ওপরের বাসায় কি মিস্ত্রি কাজ করছে?”
তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, “কেন?”
“আধঘণ্টা ধরে ফার্নিচার টানছে। সকালে ডিউটি আছে আমার।”
“আপনি এখন বাসায়?”
প্রশ্নটা শুনে বিরক্ত লাগল। বাসায় না থাকলে শব্দ শুনছি কীভাবে?
“জি।”
“আচ্ছা। আমি দেখছি।”
ফোন রাখার কয়েক সেকেন্ডের মধ্যে শব্দ থেমে গেল।
ভেবেছিলাম, ওপরের ভাড়াটেকে ফোন করেছেন। পরে বুঝেছিলাম, তিনি ওই রাতে কাউকেই ফোন করেননি।
উনি তখন সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন।
আমার দরজার ঠিক বাইরে।
⸻
বাসাটা পেয়েছিল আমার সঙ্গে কাজ করা রফিক। হাসপাতালের হিসাব বিভাগে চাকরি করি আমরা। বেতন খুব বেশি না। মা বরিশালে ছোট বোনের সঙ্গে থাকেন; মাসের শুরুতে বাড়িতে টাকা পাঠানোর পর ঢাকায় নিজের জন্য যা থাকে, তা দিয়ে একা একটা বাসা নেওয়া কঠিন।
এই বাসার ভাড়া ছিল সাড়ে পাঁচ হাজার।
মিরপুরের পুরোনো একটা গলির শেষ মাথায় তিনতলা বাড়ি। দোতলায় দুটি ঘর, ছোট রান্নাঘর, বাথরুম। বারান্দার সামনে অন্য বাড়ির দেয়াল। সূর্যের আলো আসে না বললেই চলে।
তবু বাসাটা দেখে আমার পছন্দ হয়েছিল। অন্তত রাতে অন্যের ফোনের কথা শুনতে শুনতে ঘুমাতে হবে না।
রফিক বলেছিল, “একটাই সমস্যা। বাড়িওয়ালা একটু খুঁতখুঁতে।”
“কী রকম?”
“লোকজন আসা পছন্দ করে না।”
আমার এমনিতেই লোকজন কম।
বাড়িওয়ালার নাম আবদুল মতিন। অবসর নিয়েছেন। একতলায় স্ত্রীকে নিয়ে থাকেন। প্রথম দিন ভাড়ার অগ্রিম নিতে এসে প্রতিটি নোট আলাদা করে গুনলেন। তারপর আবার গুনলেন।
আমি জিজ্ঞেস করলাম, “তিনতলায় কে থাকে?”
“আমাদের জিনিসপত্র আছে।”
“পুরোটাই?”
“হ্যাঁ।”
কথাটা তখন মনে থাকেনি। নতুন বাসায় উঠলে অনেক কিছু মনে রাখতে হয়। পানির মোটর কখন ছাড়ে, ময়লা কোথায় ফেলতে হয়, কোন সুইচে কোন বাতি জ্বলে।
ওপরের ঘর নিয়ে ভাবার সময় ছিল না।
⸻
প্রথম রাতে শব্দটা হয়েছিল সাড়ে এগারোটার দিকে।
খড়খড় করে কিছু একটা মেঝের ওপর দিয়ে সরানো হচ্ছে। তারপর বিরতি। কিছুক্ষণ পর আবার।
পুরোনো বাড়ি। শব্দ কোথা থেকে কোথায় আসে বোঝা যায় না। পাশের বাড়িরও হতে পারে।
দ্বিতীয় রাতে শব্দের সঙ্গে পায়ের আওয়াজ পেলাম।
ভারী পায়ের শব্দ না। কেউ খালি পায়ে দ্রুত হাঁটলে যেমন হয়। আমার শোবার ঘরের ওপর থেকে রান্নাঘরের দিকে গেল, আবার ফিরে এল।
তৃতীয় রাতে বাড়িওয়ালাকে ফোন করলাম।
সেই ফোনের পর শব্দ থেমে যাওয়ায় নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছিলাম।
পরদিন সকালে নিচে নামতে গিয়ে মতিন সাহেবের স্ত্রীর সঙ্গে দেখা।
তিনি সিঁড়ির পাশে বসে একটা স্টিলের বাটি থেকে বিড়ালকে ভাত দিচ্ছিলেন। আমাকে দেখে উঠে দাঁড়ালেন।
“রাতে ঘুম হয়, বাবা?”
“জি, হয়।”
কী মনে করে বললাম, “কাল একটু শব্দ হচ্ছিল। আঙ্কেলকে বলার পর বন্ধ হয়েছে।”
বাটিটা তাঁর হাতে কাত হয়ে গেল। সামান্য ভাত মেঝেতে পড়ল।
তিনি নিচের দিকে তাকিয়েই বললেন, “ওনার ঘুম একটু কম।”
“কার?”
“আপনার আঙ্কেলের।”
তারপর বিড়ালটাকে সরিয়ে ভাত তুলতে লাগলেন। আর কথা বললেন না।
⸻
শুক্রবার বাসা পরিষ্কার করছিলাম।
রান্নাঘরের সিংকের নিচে একটা পুরোনো প্লাস্টিকের ঝুড়ি ছিল। ঝুড়িটা সরাতে গিয়ে পেছনে ছোট একটা জুতা পেলাম।
নীল রঙের। বাচ্চাদের স্কুলে পরার মতো। সামনের অংশ উঠে গেছে। ভেতরে ময়লা সাদা কাগজ গুঁজে রাখা।
আগের ভাড়াটের হবে।
জুতাটা ময়লার ব্যাগে দিতে গিয়েও দিলাম না। সিঁড়িতে রেখে দিলে হয়তো কাজের মহিলা নিয়ে যাবেন। কারও কাজে লাগতে পারে।
কাগজটা টেনে বের করে দেখি, ওটা কাগজ না। শুকিয়ে শক্ত হয়ে যাওয়া একটা মোজা।
জুতাসহ মোজাটা সিঁড়িতে রেখে এলাম।
বিকেলে বাজার নিয়ে ফেরার সময় দেখি নেই।
⸻
সেদিন রাতে মা ফোন করেছিলেন। ছোট বোনের ছেলেটা স্কুলে ভর্তি হবে। কিছু টাকা লাগবে।
মা টাকার কথা সরাসরি বলেন না। আগে অনেকক্ষণ অন্য কথা বলেন। বাড়ির নারকেলগাছ, পাশের বাড়ির বিয়ে, তাঁর হাঁটুর ব্যথা।
আমি বললাম, “কত লাগবে, মা?”
“তুই আগে এই মাসটা চল। পরে দিলেও হবে।”
মায়ের সঙ্গে কথা শেষ করতে করতে এগারোটা বেজে গেল।
ভাত বসিয়েছিলাম। ডিম ভাজব বলে ফ্রিজ থেকে ডিম বের করছি, তখন দরজায় টোকা পড়ল।
খুলে দেখি ছোট একটা ছেলে দাঁড়িয়ে।
বয়স সাত-আট হবে। গায়ে সাদা গেঞ্জি, পরনে খয়েরি হাফপ্যান্ট। চুল একপাশে চেপে আছে, ঘুম থেকে উঠলে যেমন থাকে।
সে আমার মুখের দিকে না তাকিয়ে ঘরের ভেতর দেখছিল।
বললাম, “কী হয়েছে?”
“একটু পানি দেবেন?”
“কোথায় থাকো?”
ওপরের দিকে আঙুল তুলল।
আমি ভেবেছিলাম বাড়িওয়ালার আত্মীয় এসেছে। রান্নাঘর থেকে গ্লাসে পানি এনে দিলাম।
ছেলেটা নিল না।
“বোতলে দেন। মায়ের জন্য।”
“তোমাদের পানি নেই?”
মাথা নাড়ল।
আমার কাছে আধালিটারের একটা খালি বোতল ছিল। সেটা ভরে দিলাম। ছেলেটা দুই হাতে বোতলটা ধরল।
তখন খেয়াল করলাম, ওর এক পায়ে নীল জুতা। অন্য পা খালি।
বললাম, “তোমার আরেকটা জুতা কোথায়?”
সে প্রথমবার আমার দিকে তাকাল।
চোখমুখে ভয় ছিল না। বরং একটু লজ্জা পেয়েছে মনে হলো।
“পাই না।”
“আজ একটা পেয়েছিলাম তো। সিঁড়িতে রেখেছিলাম। তুমি নাওনি?”
সে কিছু বলল না।
“নাম কী তোমার?”
ওপর থেকে খুব আস্তে একটা শব্দ এল। কেউ যেন গলা পরিষ্কার করল।
ছেলেটা সঙ্গে সঙ্গে ঘুরে গেল।
বললাম, “আস্তে উঠো। পানি পড়ে যাবে।”
ও রেলিং ধরে সিঁড়ি বেয়ে উঠল। এক পায়ে জুতা থাকায় হাঁটার শব্দটা অদ্ভুত হচ্ছিল।
একবার টক।
তারপর নিঃশব্দ।
আবার টক।
⸻
পরদিন অফিসে বেরোনোর সময় মতিন সাহেবকে পেলাম গেটের কাছে।
“আপনার বাসায় মেহমান এসেছে?”
তিনি তালায় তেল দিচ্ছিলেন।
“না তো।”
“ওই যে ছোট ছেলেটা। রাতে পানি নিতে এসেছিল।”
তেলের শিশি থেকে কয়েক ফোঁটা তাঁর পাঞ্জাবিতে পড়ল। তিনি খেয়াল করলেন না।
“কখন?”
“এগারোটার পরে হবে।”
“আপনি দরজা খুলেছিলেন?”
তাঁর কথার ধরন ভালো লাগল না।
“পানি চাইলে দেব না?”
তিনি গেটের পাল্লাটা ছেড়ে দিলেন।
“কী বলেছে আপনাকে?”
“কিছু না। ওর মায়ের জন্য পানি নিল।”
কিছুক্ষণ শুধু রাস্তার শব্দ শোনা গেল। গলির মুখে একটা রিকশার চেইন পড়ে গিয়েছিল। চালক বিরক্ত হয়ে কাকে যেন গাল দিচ্ছিল।
মতিন সাহেব বললেন, “আপনার অফিসে দেরি হচ্ছে না?”
⸻
সেদিন কাজের মধ্যে বারবার ছেলেটার কথা মনে পড়ছিল।
বিকেলে রফিককে জিজ্ঞেস করলাম, “ওই বাড়ির তিনতলায় কেউ থাকে?”
ও কম্পিউটারের দিকে তাকিয়ে বলল, “না।”
“আগে থাকত?”
“কেন?”
“এমনি।”
রফিক চেয়ার ঘুরিয়ে আমার দিকে তাকাল।
“মতিন সাহেব কিছু বলছে?”
“কী বলবে?”
“বাসা ছাড়তে?”
বললাম, “না। ছাড়তে বলবে কেন?”
রফিক আবার কম্পিউটারের দিকে ফিরল।
“তাহলে থাক। ভাড়া ঠিকমতো দিস।”
আমি আর কিছু জিজ্ঞেস করিনি। ওর মুখ দেখে মনে হচ্ছিল, জিজ্ঞেস করলেও উত্তর পাব না।
⸻
রাতে ফিরলাম সাড়ে দশটায়।
আমার দরজার সামনে পানির বোতলটা রাখা।
খালি।
বোতলের নিচে ভাঁজ করা একটা কাগজ। কোনো খাতার পাতা না—পুরোনো ওষুধের প্যাকেটের সাদা দিক।
তাতে পেনসিল দিয়ে লেখা—
‘মা বলছে পানি আর লাগবে না।
তুমি জুতাটা খুঁজে দিও।
আমরা চলে যাব।’
বানান দু-একটা ভুল ছিল। ‘জুতা’ লিখে একবার কাটা।
আমি কাগজটা নিয়ে সিঁড়ির দিকে তাকালাম।
তিনতলায় ওঠার মাঝামাঝি একটা লোহার গ্রিল। প্রথম দিন থেকেই দেখেছি, কিন্তু ভালো করে লক্ষ্য করিনি।
আজ দেখলাম, গ্রিলে মোটা শিকল প্যাঁচানো। তালার ওপর ধুলো জমে আছে। শিকলের ফাঁকে মাকড়সার জাল।
ওই ফাঁক দিয়ে একটা বাচ্চারও যাওয়া সম্ভব না।
তবু নিচে দাঁড়িয়ে ডাকলাম, “এই যে, শোনো!”
কোনো উত্তর নেই।
আরেকবার ডাকতে যাব, নিচ থেকে মতিন সাহেব বললেন, “আপনি ঘরে যান।”
কখন এসে দাঁড়িয়েছেন বুঝিনি।
কাগজটা তাঁর দিকে বাড়িয়ে দিলাম।
তিনি নিলেন না।
আমি বললাম, “ছেলেটা আপনার কে?”
তিনি সিঁড়ির ধাপে বসে পড়লেন। বসার আগে রেলিংটা দুই হাতে ধরতে হলো।
অনেকক্ষণ পর বললেন, “জুতাটা আপনি কোথায় পেয়েছেন?”
“রান্নাঘরে।”
“কোথায় রেখেছেন?”
“সিঁড়িতে। কাল বিকেল থেকে নেই।”
তিনি মাথা নিচু করে বসে থাকলেন।
আমি বললাম, “ওরা চলে যাবে লিখেছে। গ্রিলটা খুলে দিন না।”
মতিন সাহেব মুখ তুললেন।
“ওর মা তো নামতে পারে না।”
“কেন?”
তিনি আমার পেছনে, বন্ধ দরজার দিকে তাকালেন।
ঠিক তখনই আমার বাসার ভেতর থেকে চেয়ার টেনে সরানোর শব্দ এল।
ধীরে।
মেঝেতে আটকে আটকে।
মতিন সাহেব উঠে আমার হাত চেপে ধরলেন।
খুব নিচু গলায় বললেন—
“আপনি কি ওকে ঘরের ভেতর ঢুকতে দিয়েছিলেন?”
আমি বললাম,' হ্যাঁ।'
এতদিন আমি ছাড়া কেউ দেখতে পায়নি। এই প্রথম অন্য কেউ দেখলো। বাড়িওয়ালা বললেন।
তারপর চলে গেলেন।