Post

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও

November 17, 2026

31 views

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও; মানুষের জীবনের কিছু সৃষ্টি থাকে, যা কেবল কাগজের পাতায় বা সুরের মূর্ছনায় সীমাবদ্ধ থাকে না; বরং তা সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ের গভীরতম প্রদেশে স্থায়ী আসন গেড়ে নেয়। আমার লেখালেখি ও গীতিকবিতার দীর্ঘ পথচলায় অসংখ্য গান, কবিতা ও গল্প রচনা করার সৌভাগ্য হয়েছে। কিন্তু একটি বিশেষ গান আমাকে যে ভালোবাসা, যে পরিচিতি আর আপামর জনতার হৃদয়ের যে উষ্ণতা এনে দিয়েছে, তার কোনো তুলনা হয় না। গানটি হলো, ‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো’।

এই গানটি আজ কেবল আমার একার সৃষ্টি হয়ে নেই; এটি বাংলাদেশের প্রতিটি প্রান্তে এবং বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষের প্রাণের গানে পরিণত হয়েছে। মফস্বলের কোনো এক নিভৃত গ্রামের উঠোনে বসে কোনো সন্তানের গুনগুন সুরে, কিংবা প্রবাসের নিঃসঙ্গ রাতে মায়ের কথা ভেবে অশ্রুসিক্ত কোনো তরুণের কণ্ঠে যখন এই গানটি বেজে ওঠে, তখন একজন গীতিকার হিসেবে আমার জীবন সার্থক মনে হয়। কিন্তু এই কালজয়ী পঙক্তিগুলোর জন্ম হয়েছিল এক গভীর শূন্যতা, তীব্র হাহাকার আর এক চিলতে স্বর্গীয় দৃশ্যের হাত ধরে।

গানটি আমি লিখেছিলাম আমার মা রহিমা খাতুন পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার কয়েক বছর পর। মা হারানোর শোক এমন এক ক্ষত, যা সময়ের প্রলেপে কখনোই পুরোপুরি শুকায় না; বরং দিন যত গড়ায়, জীবনের প্রতিটি বাঁকে মায়ের অভাব ততই তীব্রভাবে অনুভূত হয়। মা চলে যাওয়ার পর আমার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল। রাতের নিস্তব্ধতায় কিংবা ব্যস্ত দিনের ফাঁকে হঠাৎ করেই মায়ের স্নেহমাখা মুখখানি চোখের সামনে ভেসে উঠত। মায়ের আঁচলের গন্ধ, শাসন আর নিঃস্বার্থ ভালোবাসার স্মৃতিগুলো বুকের ভেতর তোলপাড় সৃষ্টি করত। মাকে ভীষণ মনে পড়ত,এমন এক তীব্র ব্যাকুলতা কাজ করত, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

তেমনি এক বিষণ্ণ বিকেলে আমি বসে ছিলাম ঢাকার ধানমন্ডিতে। শহরের যান্ত্রিক কোলাহল, গাড়ির হর্ন আর ব্যস্ত মানুষের আনাগোনার মাঝেও আমার মনটা পড়ে ছিল দূরে, মায়ের স্মৃতির আঙিনায়। আনমনে চারপাশে তাকাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল অদূরে বসা এক মা ও সন্তানের দিকে।

দেখলাম, চার-পাঁচ বছর বয়সী একটি ছোট্ট ফুটফুটে ছেলে তার মায়ের কোলের কাছে ঘেঁষে বসে আছে। শিশুটি অপলক দৃষ্টিতে তার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে আর মিষ্টি মিষ্টি হাসছে। তার সেই নিষ্পাপ চাহনিতে যেন পৃথিবীর সমস্ত বিস্ময় আর মুগ্ধতা জমে আছে। মা পরম মমতায় শিশুটির গালে হাত বুলিয়ে আদর করছেন, কপালে চুমু খাচ্ছেন, আর সেই আদরের স্পর্শে শিশুটি খলখল করে হেসে উঠছে। তার সেই নির্মল হাসির শব্দে যেন চারপাশের সমস্ত ক্লান্তি আর বিষণ্ণতা মুহূর্তেই ধুয়েমুছে যাচ্ছিল।

দৃশ্যটি দেখে আমি যেন এক ঘোরের মধ্যে চলে গেলাম। আমার চোখের সামনে ভেসে উঠল আমার নিজের শৈশবের ছবি। ফরিদপুরের জটারকান্দি গ্রামের সেই শান্ত দুপুরে মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকার স্মৃতি, মায়ের মুখের সেই স্বর্গীয় প্রশান্তি! আমি ভাবতে লাগলাম, পৃথিবীতে মানুষ সৌন্দর্যের উপমা দিতে গিয়ে চাঁদের কথা বলে, স্নিগ্ধতা ও সুবাসের উপমা দিতে গিয়ে গোলাপের কথা বলে। কিন্তু ওই ছোট্ট শিশুটির চোখে তার মায়ের মুখের যে অপার্থিব সৌন্দর্য আর মায়া ফুটে উঠেছে, পূর্ণিমার চাঁদও কি তার কাছে ম্লান নয়? মায়ের ভালোবাসার যে সুবাস, পৃথিবীর শ্রেষ্ঠ গোলাপও কি তার কাছে তুচ্ছ নয়?

ঠিক সেই মুহূর্তে, ধানমন্ডির সেই কোলাহলমুখর বিকেলে বসে আমার হৃদয়ের গভীর থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো গানটির প্রথম কয়েকটি লাইন। আমি দ্রুত কাগজ-কলম টেনে নিয়ে লিখলাম,

“আমি চাঁদকে বলি তুমি সুন্দর নওআমার মায়ের মতো।

গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো।

মা যে আমার সবার সেরা অনন্তকাল অবিরত।”

লাইনগুলো লেখার সময় আমার চোখ দুটো জলে ঝাপসা হয়ে আসছিল। মনে হচ্ছিল, আমি যেন আমার হারানো মায়ের সাথেই কথা বলছি। প্রকৃতির সমস্ত সৌন্দর্যকে আমি মায়ের চরণে সমর্পণ করে দিয়েছি। চাঁদের জ্যোৎস্নায় কলঙ্ক থাকতে পারে, গোলাপের সৌন্দর্যে কাঁটা থাকতে পারে; কিন্তু মায়ের ভালোবাসায় কোনো খাদ নেই, কোনো শর্ত নেই, নেই কোনো কলঙ্ক বা কাঁটার আঘাত। মায়ের স্নেহ চিরন্তন, শাশ্বত এবং অনন্তকাল ধরে প্রবহমান।

পরবর্তীতে যখন গানটি সুরারোপিত হয়ে শ্রোতাদের কাছে পৌঁছাল, তখন দেখলাম,এই অনুভূতি কেবল আমার একার নয়, এটি পৃথিবীর প্রতিটি সন্তানের মনের অব্যক্ত কথা। যে সন্তান মাকে হারিয়েছে, সে এই গানের মাঝে খুঁজে পেয়েছে তার হারানো মায়ের ছায়া; আর যে সন্তানের মা এখনো বেঁচে আছেন, সে নতুন করে উপলব্ধি করেছে তার মায়ের মহিমা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে টেলিভিশন, রেডিও, মঞ্চ এবং ঘরোয়া আড্ডায় গানটি ছড়িয়ে পড়ল দাবানলের মতো।

আজও যখন কোনো অনুষ্ঠানে বা পথেঘাটে অপরিচিত কেউ এসে আমাকে জড়িয়ে ধরে বলেন, "ভাই, আপনার লেখা 'আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও' গানটি শুনলে আমার মায়ের কথা মনে পড়ে যায়, চোখ ভিজে ওঠে",তখন আমার মনে হয়, ধানমন্ডির সেই বিকেলে দেখা ওই ছোট্ট শিশুটির খলখল হাসি আর আমার মায়ের আশীর্বাদ মিলেমিশে এক স্বর্গীয় সুরের জন্ম দিয়েছিল।

পৃথিবীর সব কিছুর বিকল্প থাকতে পারে, কিন্তু মায়ের কোনো বিকল্প নেই। চাঁদ ও গোলাপের উপমা ছাড়িয়ে মা চিরকালই সবার সেরা, অনন্তকাল অবিরত। আমার এই ক্ষুদ্র জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে এই গানটি, যা আমাকে কোটি মানুষের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে এবং আমার মায়ের স্মৃতিকে অমর করে রেখেছে।

 

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login