যেদিন প্রথম ফোঁটাটা আমার চৌকাঠের মাটিতে পড়েছিল, সেদিন বুঝতে পারিনি,
ফোঁটাটা ছিল নিরীহ, ছোট্ট এক চাওয়া, যেটা পাওয়া না হলেও তেমন কিছু আসত-যেত না।
কিন্তু, একী!
চাই-চাই, আরো চাই,
ওর আছে, আমার নাই!
এই আসে, এই যাই।
সে গর্জে আসে না, আসে চুপিসারে,
ভাইরাসের মতো ধীরে ধীরে সংক্রমণ করে।
কুকুরের লালার চেয়েও বিষাক্ত হল লালসার লালা,
জলাতঙ্কের চেয়ে ভয়ঙ্কর সেই আতঙ্কের রোগ ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে।
ছোঁয়াচে ব্যাধি ছুটে চলে দিগ্বিদিক,
চোখে জ্বলে অন্ধ ক্ষুধার লেলিহান শিখা।
কণ্ঠে ঝরে মধুর মিথ্যা, অন্তরে বিষের হাসির তৃপ্তি,
বিবেকেরা গলায় দিয়ে দড়ি, দুহাতে পরে নেয় লোভের নিষ্ঠুর ফাঁস।
লালসার মরণ ফাঁদে ঝাঁপিয়ে পড়ে মনুষ্যত্ব দেয় আত্মাহুতি,
মস্তিষ্ক ভ্যাম্পায়ারের রূপে শুষে নেয় সততার শেষ রক্তবিন্দুটুকু।
আয়নার সামনে দাঁড়িয়ে শেষে পড়ে রয় কৃষ্ণরঙা অনৈতিকতা,
যার ওপারে অবশিষ্ট ধবল, ফ্যাকাশে এক নিথর দেহ।
✍🏻 সুলতানা আরজুমান