Story

“চা”

November 22, 2026

15 views

একটা চা পাগল বাচ্চা ছেলের গল্প:

বাচ্চাটি ৯-১০ মাসে পড়লো সবে, ডাইনিং টেবিলে দাদা-দাদি, ফুফু-চাচা, আর মায়ের সাথে কোলে বসে আছে।

তার দাদার চায়ের কাপটা থাকতো খুবই স্পেশাল, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডাক্তার কম চা খেতে বলেছেন বলে ছোট চায়ের কাপ কিন্তু খুবই নজর কাড়া ডিজাইন। চিনি ছাড়া ঘন ডানো দুধের চা।

মা, ফুফু তাকে তাঁর খাবার (বেবি ফুড) খাওয়ানোর চেষ্টা করছে, আর সে টপ করে দাদার ওই চায়ের কাপে হাত দিয়ে দেয়। খাবার কিছুতে খেতে চায় না সে।

দাদি বলল: “চায়ের কাপে পানি দাও দেখি! খায় কিনা!” ওমা চুমুকেই পানি খতম।

এভাবে দিন যায়, সকাল বিকেল নাস্তার টেবিলে কখন যে বাবাইটা চায়ের অভ্যেস করে নিয়েছে। মা এদিকে লেক্টোজেন, নিডো, বর্ণভিটা, পেডিয়াশিউর, মাইলো আরো কত কি ডিব্বা ডিব্বা বানিয়ে নষ্ট করে ফেলে দিতো। বড় হতে হতে আবার বৌমুনী নানুর কফিরও ফ্যান হয়ে গেছে বুড়া বাবাইটা।

ধীরে ধীরে তার দাদির মত ঘন দুধের চা আর ড্রাই-কেক তাঁর প্রিয় সকালের নাস্তায় পরিণত হলো। মাঝে মাঝে হারুন বেকারির বেলা খেতে চাইতো সে। আর সমুসা, সিঙ্গারা, রোল বিকেলে।

আজ ১২ বছর পর সকালে চা খেতে বসে সে বলছে: “কি হলো মা তোমার হাতে! কত দিন ধরে মজার চা বানাও না। আগে কি ঘন দুধের কফি মিক্সড চা বানাতে তুমি, মালাই চায়ের থেকেও সেরা।”

মা কিছুক্ষণ চুপ করে নিচের দিকে তাকিয়ে বসে রইলো। পুরো খাবার ঘরে নিস্তব্ধতার সাথে খাটারা ফ্যানের শব্দ। এই পরিস্থিতি কাটাতে “মা” উত্তরে বলল: “বুড়া বাবা আমার, আগে এক নম্বর ফুলক্রিম ওয়ালা ডিপ্লোমা দুধ পাওয়া যেত, বাজারের সেরা ইস্পাহানি জেরিন চা পাতায়ও এখন ভেজাল, আগে ওগুলো দিয়েই চা মজা হতো।”

চা পাগল ছেলে: “তাহলে ডিপ্লোমা দুধ নিয়ে আসো।”

মাকে আবার নিস্তব্ধতা গ্রাস করলো, চোখের জল লুকোনোতে ব্যস্ত হয়ে গেল।

এবার ছেলের বাবা বলল: “তোমার মায়ের তো হার্টে সমস্যা ডাক্তার ফুলক্রিম দুধ খেতে নিষেধ করেছেন, তাই এখন ৫ টাকার মিনি প্যাক লো ফ্যাট অরা মিল্ক পাউডার দিয়ে চা বানাতে হচ্ছে মাকে।”

ছেলে বললো: “বাবা চলো যেখানে ডিপ্লোমা ফুলক্রিম দুধ দিয়ে চা বানায় আমরা ওখানে ড্রাই-কেক নিয়ে বেড়াতে যাই। মজার চা দিবে, ড্রাই-কেক দিয়ে খেতে পারবো, মাকে নিবো না।”

মা হেসে কুটিকুটি হয়ে যাচ্ছে, সাথে বাবা ছেলেও! চা সস্তা হতে পারে, কিন্তু এই বন্ধুত্বপূর্ণ মুহূর্তগুলো খুব দামি।

সবশেষে উপলব্ধি হলো, সবার সাথে এভাবে উপভোগ করে চা খাওয়া যায় না। জীবনের সুখে দুঃখে ওরা তিন জন একসাথে!

✍️ সুলতানা আরজুমান

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login