Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৭২

November 24, 2026

8 views

সারাদিনের হাড়ভাঙা খাটুনি আর ছোটখাটো মিশনের ক্লান্তি নিয়ে আলী, ফাতিমা এবং আয়িশা যখন হেডকোয়ার্টারের বাইরে পা রাখল, তখন সন্ধ্যার আকাশ সিঁদুরে মেঘে ছেয়ে গেছে। হাতে প্রথম উপার্জিত কমিশনের টাকা, শরীরে ক্লান্তি থাকলেও মনে এক অদ্ভুত স্বস্তি। 


রাস্তার ধারের নিয়ন আলোগুলো জ্বলে উঠেছে। ক্লান্তিতে ফাতিমার কাঁধ ঝুলে পড়েছে, আয়িশা বারবার হাই তুলছে। ঠিক তখন মোড় ঘুরতেই বাতাসে ভেসে এল এলাচ, দারুচিনি আর ঘিয়ের এক মনমাতানো সুবাস। আলীর নাসিকা রন্ধ্র যেন হঠাৎ সজাগ হয়ে উঠল।


আলী: (উত্তেজনায় চোখ বড় বড় করে) ওই শোনো! পাশের গলিতেই একটা বিরিয়ানির দোকান আছে। সুবাস পাচ্ছো? উফ, জাস্ট অসাধারণ! চলো না, আজ সবাই মিলে বিরিয়ানি খেয়ে আসি।


আয়িশা কিছুটা অনিচ্ছায় মুখ বাঁকাল।


আয়িশা: আলী, শরীর আর চলছে না। এই তেল-মসলাদার খাবার এখন না খেলে হয় না?


আলী: (একটু থমকে গিয়ে, নিচু স্বরে) আসলে, এতিমখানায় আমাদের রোজকার মেন্যু ছিল শুধু আলুভর্তা, পাতলা ডাল আর ভাত। মাঝেমধ্যে কোনো দয়ালু মানুষ বিরিয়ানি পাঠালে সেদিন আমাদের ঈদ মনে হতো। আমরা সবাই মিলে এক এক দানা মেপে আনন্দ করে খেতাম। ওই স্বাদটা না... ভোলার মতো না। বিরিয়ানির জন্য আমার ভেতরে একটা অন্যরকম টান কাজ করে।


আলীর গলার স্বরে এক অদ্ভুত বিষণ্ণতা আর সারল্য মিশে ছিল। ফাতিমা এতক্ষণ চুপচাপ ছিল, কিন্তু আলীর কথা শুনে তার পাথুরে হৃদয়েও যেন মোচড় দিয়ে উঠল। সে আয়িশার দিকে তাকালে আয়িশাও বুঝতে পারল আলীর এই আবদার কেবল খাবারের জন্য নয়, এটি তার ফেলে আসা শৈশবের এক টুকরো আনন্দ।


ফাতিমা: (মৃদু স্বরে) ঠিক আছে আলী। চলো, আজ বিরিয়ানিই হবে।


দোকানের এক কোণে বসে আলী গোগ্রাসে বিরিয়ানি খাচ্ছে। প্রতিটি লোকমা নেওয়ার সময় তার চোখেমুখে এক অপার্থিব তৃপ্তি। খেতে খেতে সে শুরু করল তার ফেলে আসা জীবনের গল্প।


আলী: আমার এতিমখানাটা ছিল এখান থেকে অনেক দূরে, ‘মায়াপুর’ নামে এক ছোট্ট অজপারা গ্রামে। গ্রামটা খুব সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ। ওখানে আমার একজন কলিজার বন্ধু ছিল, নাম তার রুস্তম। আমরা একসাথে নূরযোদ্ধা হওয়ার স্বপ্ন দেখতাম। ও আমাকে সবসময় সাহস দিত।


আলী এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখের মণি ছলছল করে উঠল।


আলী: আমি এখানে আজ ক্যাপ্টেন সাজিদের আন্ডারে ট্রেনিং করছি, অথচ রুস্তম হয়তো এখনো সেই মায়াপুরে একা একা আলুভর্তা আর ডাল খাচ্ছে। ওকে খুব মিস করছি। আমি ঠিক করেছি,  ছুটিতে আমি মায়াপুর যাবো। রুস্তমের সাথে দেখা করে ওকে আমার এই কমিশনের টাকা দিয়ে কিছু ভালো মন্দ খাওয়াবো।


ফাতিমা আর আয়িশা চুপচাপ শুনছিল। আলীর এই নূরহীন যোদ্ধা হওয়ার সংগ্রামের পেছনে যে এত গভীর একাকীত্ব আর বন্ধুত্বের গল্প আছে, তা তারা আজ প্রথম অনুভব করল।



অন্যদিকে 


শহরের কোলাহল থেকে অনেক দূরে, অন্ধকার অরণ্যের নিস্তব্ধতা ভাঙছে করাতের কর্কশ শব্দে। একদল শ্রমিক বড় বড় প্রাচীন গাছ কেটে ট্রাকে তুলছে। চাঁদের আলো গাছের ঘন পাতায় বাধা পেয়ে মাটিতে অদ্ভূত সব ভৌতিক ছায়া তৈরি করেছে।


হঠাৎ, কোনো সতর্কবার্তা ছাড়াই মাটি কাঁপতে শুরু করল।


শ্রমিক ১: (আতঙ্কে) কিরে! ভূমিকম্প হচ্ছে নাকি?


কথাটা শেষ হওয়ার আগেই মাটি চিরে বিশালাকার কালো সাপের মতো কিছু গাছের শিকড় তীরের গতিতে বেরিয়ে এল। শ্রমিকরা পালানোর সুযোগও পেল না। সেই শিকড়গুলো মানুষের পেশি আর হাড় চিরে শরীরে গেঁথে গেল।


পর মুহূর্তেই বীভৎস এক শব্দ শোনা গেল  


চড়চড়... মটমট! 


গাছের সেই রাক্ষুসে শিকড়গুলো শ্রমিকদের শরীরগুলোকে পৈশাচিক শক্তিতে দুই দিকে টেনে ধরল। নিমিষেই বনের নীরবতা চিরে মানুষের আর্তচিৎকার আর হাড় ভাঙার শব্দ প্রতিধ্বনিত হলো। ট্রাকের ওপর রাখা কাঠের গুঁড়িগুলো রক্তে লাল হয়ে উঠল। গাছগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে, আর বন থেকে এক প্রাচীন ক্রোধের গর্জন ভেসে আসছে।

অন্ধকার জঙ্গলের মাঝে পড়ে রইল কেবল ছিন্নভিন্ন কিছু নিথর দেহ।


(৭২ তম পর্ব সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login