প্রকৃতির নির্মল সৌন্দর্যে আমি বিমোহিত,
তোমার আঁকা পৃথিবীর রূপে আমি অভিভূত।
আমি তো পুরো পৃথিবী দেখিনি,
দেখিনি একটি পূর্ণ মহাদেশও,
অন্য কোনো দেশ ভ্রমণের সুযোগও হয়নি,
এমনকি নিজের দেশটাকেও দেখা হয়নি সম্পূর্ণ।
দেখেছি শুধু তোমার সৃষ্টির সামান্য একটুখানি,
তবুও আমি অভিভূত, বিমোহিত।
তোমার এই সৃষ্টির রহস্য আমার অজানা,
যা দেখেছি, তা-ই যেন বিস্ময়ের এক অনন্য ঠিকানা।
তোমার সৃষ্টির ক্ষুদ্রতম অংশ নিয়েও
যদি ভাবতে বসি গভীর মননে,
তবে হয়তো জীবন ফুরিয়ে যাবে ভাবনারই ভুবনে।
তবুও সৃষ্ট জীবের রহস্যের শেষ খুঁজে পাব না,
তাই তো আমি অভিভূত, আমি বিমোহিত।
তোমার পৃথিবীর যেখানেই দাঁড়াই,
সেখানেই তোমার বিশালতার সন্ধান পাই।
প্রতিটি সৃষ্টিতে তোমার মহিমার প্রকাশ,
তুমি রহিম, তুমি রহমান,
তুমি ছাড়া আর কোনো রব নাই।