Posts

প্রবন্ধ

কে কার 'স্যার'?

July 4, 2024

রাকিব হাসান

8
View

ঘটনা-০১

২০০৮ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়। লোক প্রশাসন বিভাগ।

ভর্তির কাজ সম্পন্ন। অফিসে প্রবেশ করে সেখানে বসে থাকা ভদ্র লোককে জিজ্ঞাসা করলাম, " মামা, ক্লাস শুরু হবে কবে?" ভদ্রলোক নারাজ হয়ে ভ্রূ কুঁচকালেন, "আপনি আমাকে মামা বললেন কেন? এটাতো লোকাল বাস না?"

আমি গ্রাম থেকে আসা সহজ সরল বালক। অপরিচিত লোকদের বিশেষ করে ঢাকা কলেজে অধ্যয়নকালীন সময়ে ক্যান্টিনের সবাইকে মামা বলেই ডাকতাম। কিন্তু, আশ্চর্যের ব্যাপার হল, তারা আমাকে 'ভাগিনা" বলতো না, তারাও আমাকে মামা-ই বলতো। সবাই সবার মামা। তারাও তো বাসের কন্ট্রাক্টর ছিল না।

আমি সবিনয়ে 'সরি' বললাম। কি বলবো? সাহস করে জিজ্ঞাসা করলাম।

"ভাই বলবেন," তিনি শিখিয়ে দিলেন।

আমি বারান্দায় কৃষ্ণচূড়ার ফুল ফাঁকি দিয়ে আসা সূর্যালোকে দাঁড়িয়ে ভাবতে লাগলাম। মামা মানে হল, মায়ের ভাই; আর ভাই মানে হলে মায়ের সন্তান। এই জন্যই হয়তো তিনি "ভাই" সম্বোধনকে অধিকতর গুরুত্ব দিচ্ছেন।

অথবা, বাসের কন্ট্রাকটরের চাকরির চেয়ে যারা বিশ্ববিদ্যালয়ের অফিস স্টাফের চাকরি করেন তাদের জাত হয়তো উপরে, ওই যে, শরতের উপন্যাসে যেমন হিন্দু সমাজে জাতের তফাৎ দেখা যায় ভুঁড়ি ভুঁড়ি। 

ঘটনা-২

ভার্সিটি শেষ করে উত্তরায় বাসা নিলাম। রান্না করার জন্য একজন ভদ্র মহিলা রাখলাম। তাকে বললাম, " খালা, সকালে একটু তাড়াতাড়ি আসলে ভাল হয়।" খালা বললেন, "মামা, আমারে খালা ডাকবেন না, আপা ডাকবেন, আমরা বাসার কাজের লোক না, ছুডা কাম করি, বুঝজুইন?"

আমি ঐ লোক প্রশাসন বিভাগের বারান্দা আর এখানে পেলাম না। কৃষ্ণচূড়ার ফাঁক দিয়ে আসা সূর্যালোকও এখানে নেই। খালার কথার বেশির ভাগ Term আমার কানের পাশ দিয়ে গেল। "বুঝজুইন' গেল মাথার উপর দিয়ে।

"জ্বি, খালা, বুঝচ্ছিন" আমি উত্তর দিলাম। সাথে একটু যোগ করলাম, "খালা, আমাকেও আপনি মামা ডাকবেন না, খালু ডাকবেন।"

খালা বুঝলো, আমি তার সাথে মজা করতেছি। 

আমি আমার কক্ষে এসে প্রফেসর'স গাইড হাতে নিয়ে ভাবলাম, What is the striking difference between খালা and আপা। 

খালা মানে তো মায়ের বোন, আর আপা মানে মায়ের মেয়ে, এক মায়ের কাছাকাছি চলে আসছে বিষয়টা। কাউকে আপা ডাকার অর্থ সে আমার সমজাতের। সে ছোট হওয়ার সম্ভাবনা একেবারেই কম। বেশ! আপা, ডাকা যায়। তবে, এ ও ভাল যে সে বলে নাই, আমারে ‘ম্যাডাম’'ম্যাডাম' ডাকবেন। তাইলে, সে আবার প্রাইম মিনিস্টার লেভেলে উঠে যেত, আবার লেভেল হত শোষিত জনগণ। 

যাই হোক, ময়মনসিংহের সেই ভদ্র মহিলাকে আর আপা ডাকা হয় নাই। কেমন যেন অস্বস্থি লাগতো। 

ঘটনা-৩

এই ঘটনায় আমি নেই। আমার মতই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। পার্থক্য, তিনি সরকারি প্রফেসর, আমি অসরকারি মানে বেসরকারি প্রফেসর (সহকারী)। প্রফেসর সাহেব প্রশাসক সাহেব (সাহেবা) কে আপা ডাকবেন, মানে বোন। কিন্তু, প্রশাসক সাহেবার চাহিদা (আগের ঘটনার আমার ভাই আর আপার চাহিদার সাথে সামঞ্জস্যতা লক্ষ করা দরকার) তাকে যেন "স্যার' বা " ম্যাডাম" হিসেবে সম্বোধন করা হয়। এ নিয়ে মিডিয়া তোলপাড়। সে কাহিনি নিস্প্রয়োজন। 

মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: প্রত্যেকটা মানুষ সমাজে তার একটা Self Image তৈরি করার নিরন্তর এক সংগ্রামের মধ্য দিয়ে যায়। এভাবে সে একটা Face তৈরী করে। (Linguistic Politeness Theory পড়তে পারেন)। প্রত্যেকটা মানুষের একটা Face থাকে। সবাই চায় তার এই ফেইসটাকে অন্যরা গুরুত্ব দিক। এই Face টা গুরুত্ব পেতে চায়, প্রাধান্য পেতে চায়, নিজের মতামতের মূল্য পেতে চায়। তবে, অনেক কাজের মাধ্যমে এই Face অনেক সময় তার আকাঙখিত জিনিসগুলো পায়না, বরং অনাকাঙ্ক্ষিত অনেক শব্দ তাকে শুনতে হয়। এগুলোকে বলা হয় Face Threatening Act (FTA). যখন অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা বা শব্দ তার FTA এর কারণ হয়, তখন সে সাথে সাথেই তার কাঙ্ক্ষিত Face রক্ষা করার জন্য তাগাদা দেয়। তার কাঙখিত আচরণগুলো যা তার Face কে save করবে সেগুলো হল Face Saving Act (FSA). যখন বাইরে থেকে FTA আসে তখন শ্রোতা FSA Expect করে এবং ক্ষেত্রবিশেষে Offer করে কারণ একটাই, সমাজে সে যে Face এর জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে, তার অস্তিত্ব বিলীন হতে না দেয়া; সেটাকে টিকিয়ে রাখা। কোন কিছুই স্বেচ্ছায় তার অস্তিত্ব বিলীন হতে দিতে চায় না, মানুষের Face ও না। যে কোন মূল্যে এটাকে রক্ষা করা মানেই নিজের অস্তিত্ব রক্ষার লড়ায়ে টিকে থাকা। কোন মানুষই এর উর্ধ্বে নয়। মানুষ সে যতই ক্ষুদ্র বা বৃহৎ হোক না কেন, (ভিক্ষুক, অফিস স্টাস, বাসার কাজের খালা, বা অফিস স্টাফ, প্রশাসক) মানুষের সামাজিক, আর্থিক, প্রাতিবেশিক অবস্থান তার Face তৈরীতে মুখ্য ভূমিকা পালন করে। যত ক্ষুদ্রই হোক, রূহ যেমন রূহই, Face ও তেমনি। 

সুতরাং, আপনি যখন বাসের কন্ট্রাক্টরকে 'মামা' বলবেন, এটা তার কাছে Face Saving Act (FSA) কিন্তু তাকে যদি 'শালা' বলেন সেটা তার কাছে Face Threatening Act (FTA). আবার অফিসের স্টাফকে 'মামা' বললে, সেটা তার জন্য FTA, তবে তাকে 'ভাই' বললে সেটা FSA. একইভাবে, একজন প্রশাসককে 'আপা বা বোন' ডাকলে সেটা তার জন্য অবশ্যই FTA, তবে তাকে 'স্যার বা ম্যাডাম' বললে সেটা তার জন্য FSA. পুরো ব্যাপারটাই Face রক্ষার নিরন্তর লড়াই।

এটা কোন সমস্যা না। এটা সহজাত। সমাধান অফিস স্টাফ বা খালা বা প্রশাসকের হাতে না, আপনার হাতে। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত বিনয়ী হওয়া। অন্যের Face কে সম্মান করা। অন্যের Face এর চাহিদার প্রতি লক্ষ্য রেখে তাকে সম্বোধন করা।

আমার ছাত্ররা আমাকে 'স্যার' ডাকুক, এটা যেমন আমি চাই, আমার প্রতিবেশি আমাকে 'ভাই' ডাকুক এটাও আমি চাই। আমি আরো চাই, আমার বন্ধু আমাকে শালা ডাকুক, কোন সমস্যা নাই। আবার, আমার শত্রু যদি আমাকে "বা..ন..দ" ডাকে আমার কি করার আছে?  

Comments

    Please login to post comment. Login