পরদিন সকাল।
রিহান আজ একটু আগেই স্কুলে পৌঁছে গেছে। তার চোখ বারবার স্কুলের গেটের দিকে চলে যাচ্ছে।
রিহান (নিজের মনে): সত্যিই কি মেয়েটা আসবে? আজকে না হয় স্যারের সাথে কথা বললো, কিন্তু কাল?
কিছুক্ষণ পর স্কুলের ঘণ্টা বেজে উঠল। ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে। কিন্তু রিহান তখনো রাস্তার দিকে তাকিয়ে রিমঝিমের অপেক্ষা করছে।
একসময় সে মন খারাপ করে বাড়ি ফিরে যাওয়ার জন্য পা বাড়াল।
হঠাৎ পেছন থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে এলো।
রিমঝিম: এই রিহান! দাঁড়াও!
রিহান ফিরে তাকাল।
রিহান: কী হয়েছে?
রিমঝিম (হাঁপাতে হাঁপাতে): তোমার জন্য একটা কথা ছিল।
রিহান: তুমি এসেছ!
রিমঝিম: হ্যাঁ, এই তো! আজ একটু দেরি হয়ে গেল।
রিহান মুখ কালো করে বলল—
রিহান: আচ্ছা, তুমি না হয় আজ স্যারের সঙ্গে কথা বললে। আজ না হয় স্যার আমাকে এই ছেঁড়া জুতো পরে ক্লাসে ঢুকতে দিলেন। কিন্তু কাল? এভাবে আর কত দিন চলবে? এর চেয়ে ভালো, আমি বাড়ি ফিরে যাই। এই স্কুল আমার জন্য নয়।
রিমঝিম: না, সেটার দরকার নেই। আমি তোমার জন্য জুতো এনেছি।
রিমঝিম নিজের ব্যাগের দিকে তাকাল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ তার মুখটা মলিন হয়ে গেল।
রিমঝিম: ওহ! জুতো আনতেই তো ভুলে গেছি!
রিহান: থাক, আমি বাড়ি ফিরে যাই।
রিহান হাঁটতে শুরু করল।
রিমঝিম: এই, দাঁড়াও! আমার জুতো তুমি নাও, আর তোমার জুতো আমাকে দাও।
রিহান অবাক হয়ে ফিরে তাকাল।
রিহান: কী বলছ? তোমার জুতো আমি কীভাবে নেব?
রিমঝিম: কেন? নিতে পারবে না?
রিহান: কিন্তু তুমি আমার এই ছেঁড়া জুতো কীভাবে পরবে?
রিমঝিম হেসে ফেলল।
রিমঝিম: তাতে কী হয়েছে? তুমি আমার জুতো নাও। আমি তোমার এই জুতো পরেই ক্লাসে যাব।
রিহান: তোমার পায়ে এই ছেঁড়া জুতো ভালো লাগবে?
রিমঝিম: আমার ভালো লাগা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর একদিন ছেঁড়া জুতো পরলে স্যার কিছু বলবেন না।
কথাটা শেষ করেই সে নিজের নতুন জুতো খুলে রিহানের দিকে এগিয়ে দিল।
রিহান কিছুক্ষণ জুতোর দিকে তাকিয়ে রইল।
রিহান: তুমি সত্যিই এটা করবে?
রিমঝিম: হ্যাঁ। এবার তাড়াতাড়ি জুতো বদল করো। স্যার দেখে ফেললে আবার বকা দেবেন!
দুজন নিজেদের জুতো বদলে নিল।
রিমঝিম ছেঁড়া জুতো পরে ক্লাসে প্রবেশ করতেই সবাই অবাক হয়ে তার দিকে তাকাল।
একজন ছাত্রী: আরে রিমঝিম! তোমার জুতোর কী হয়েছে?
রিমঝিম (হেসে): কিছু হয়নি। ভুল করে অন্য জুতো পরে এসেছি। কাল থেকে আর এমন হবে না।
রহমান স্যারও বিষয়টি লক্ষ করলেন।
রহমান স্যার: রিমঝিম! তোমার জুতোর এই অবস্থা কেন?
রিমঝিম: স্যার, আজ একটু ভুল হয়ে গেছে। আর হবে না।
রিহান পাশ থেকে সবকিছু দেখছিল। তার মুখে তখন এক অদ্ভুত হাসি।
সেদিন থেকেই শুরু হলো তাদের বন্ধুত্ব।
ক্লাস শেষে দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা হলো।
রিমঝিম: আচ্ছা রিহান, একটা কথা বলি?
রিহান: বলো।
রিমঝিম: তোমার জুতো যখন ছিঁড়ে যাবে, আমাকে দিয়ে দেবে।
রিহান: কেন?
রিমঝিম: আমি তোমাকে আমার জুতো দেব। আমি না হয় নতুন জুতো নিয়ে নিবো। তোমাকে আর নতুন জুতো কিনতেও হবে না ছেঁড়া জুতো পরে ইস্কুলে ও আসতে হবে না!
রিহান (হেসে): আচ্ছা, ঠিক আছে।
রিমঝিম: আর একটা কথা, কখনো স্কুল ছেড়ে দেবে না। এখন থেকে প্রতিদিন আমাদের দেখা হবে।
রিহান: কথা দিলাম!
কিন্তু হয়তো, এই ছোট্ট প্রতিশ্রুতিই একদিন তাদের জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে।