Poetry

মিথ্যেই থাকুক

April 30, 2025

352 views

কথায় কথায় পুরোনো দিনের কথা 

এটুকুই শুধু বাকি থেকে যায় জানো 

মুখোমুখি এক দূরত্ব ধরে রাখা 

দায়বদ্ধতা দুর্বল হবে কেন

পিছিয়ে আসা বাস্তব সিদ্ধান্ত 

জটিল থেকে সরল হিসেবে কারুকার্য 

আসল কথা দুজনেই তারা জানতো 

কিভাবে খেলায় দুটো হারই অনিবার্য

চোখ থেকে চোখ রাস্তায় হাঁটু জল 

মাঝি লাগেনা কাগজের নৌকায় 

হাতে হাত ছুঁলে সবটুকু সমতল 

ছাড়াছাড়ি হলে জলের কি আসে যায়

অন্যমনস্ক চুল উড়ে যায় সত্যি 

সবটুকু আর কেই বা দিতে পারে 

ভালোবাসা সে তো সম্ভ্রম এক রত্তি 

ভালোথাকাটুকু বিপন্ন করে ছাড়ে

এইভাবেই তো বেঁচে থাকে সব মিথ্যে উপাখ্যান 

গল্পে কোথাও লিখতে নেই সত্যিকারের নাম

কবি ও কথাসাহিত্যিক : অনিরুদ্ধ রনি 
Picked up where you left off

Comments

    Please login to post comment. Login