Poetry

আম্মারে কইতে ইচ্ছা করে

May 10, 2026

172 views

আম্মারে কইতে ইচ্ছা করে—
আম্মা, একটা দুঃখের গান গাও
কত দুঃখ তুমি মনে পুইষা রাখসো
যা কেউ টের পায় না।
ছোট্ট বেলার খেলার সাথী হারাইসো,
নিজের জীবনসঙ্গী হারাইসো,
নিজের বাপ-মারে হারাইসো,
হারাইসো নিজের প্রথম সন্তানডারেও!
এতো হারানোর ভীড়ে তুমি কেবল হারাও নাই দুঃখ!

তোমার  হাসি যে কত্ত সুন্দর লাগে আম্মা 
যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল

তোমারে আমি হাসতে দেহি না
তুমি হাসো না ক্যান মা!
তুমি হাইসো কারণে-অকারণে 
তোমার হাসি দেখতে আমার মেলা ভাল্লাগে
আরাম পাই মনে
আমার বাঁচতে ইচ্ছা করে।

তুমি হাইসো আম্মা—
কিশোরী যেমন চুলে লাল ফিতা বাইন্ধা 
ফড়িংয়ের মতো নাচতে নাচতে হাসে 
তুমি কিশোরীর মতোই হাইসো।

তোমারে হাসতে দেখলে —
আমি শিশু হইয়া উঠি।

তোমার মন খারাপ দেখলে —
আমার জীবন হইয়া উঠে শ্মশানঘাট।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login