কবিতা

স্বাগতম শীত

December 10, 2025

আহমেদ সাব্বির

Original Author আহমেদ সাব্বির

540
View

স্বাগতম শীত

আহমেদ সাব্বির

এসে গেছে শীতকাল বেশ টের পাচ্ছি

ঠান্ডাকে স্বাগতম হা-হা-হাঁচ্চি।

কুয়াশায় কোণঠাসা গাছপালা রাস্তা

কম্বল মুড়ি দিয়ে সকালের নাশতা-

খেতে খেতে হাই ওঠে, ঘুমে চোখ ঢুলল

ধুত্তুরি! ঘুম থেকে কে যে টেনে তুলল।

শীতকাল চলে গেলে পোষাবে কে লসটা?

ফোন খুলে ঘড়ি দেখি বাজে সাড়ে দশটা।

জানালায় রোদ নেই সূর্যটা বন্দি

কম্বলে ঢুকে তাই নিদ্রায় মন দিই।

কিছুক্ষণ কী আরাম উম উম ফুর্তি

টের পাই কার যেন মারমুখী মূর্তি!

ভয়ে বুক ধড়ফড় থেমে যায় গানটা

আচানক ঘ্যাচ করে টান খায় কানটা।

মুখ তুলে চেয়ে দেখি আম্মুর হাতটা

ড্রাগনের মতো চোখ খিটমিটে দাঁতটা।

কান ধরে বলে 'চল গোসলের মঞ্চে

ঠান্ডার ভূত আজ পালাবেই লঞ্চে।'

গোসলের ভয়ে আজ কানমলা খাচ্ছি

স্বাগতম শীতকাল হা-হা-হাঁচ্চি।

Comments

    Please login to post comment. Login