Poetry

ক্যালকুলেটর

September 4, 2026

Original Author আহমেদ সাব্বির

4
View

ক্যালকুলেটর!

আহমেদ সাব্বির

 

সমস্যাটা অফিসিয়াল

হয়নি খেয়াল আগে

একটা মোটে ক্যালকুলেটর

চৌদ্দ জনের ভাগে।

 

সেটাও আবার ব্রিটিশ যুগের

বোতাম গেছে বসে

এক টিপলে একশ ওঠে

বয়স কালের দোষে।

 

এক মেশিনেই ঝুঁকেছে আজ

চৌদ্দখানা মাথা

চলছে হিসাব কার কতটা

বাড়ছে বেতন ভাতা।

 

কার কতটা ইনক্রিমেন্ট

মিলবে এসে ধাপে

ক্যালকুলেটর দিশেহারা

চৌদ্দ জনের চাপে।

 

হিসাব কষে ক্যালকুলেটর

খুব হাঁপিয়ে উঠে

বলল- "ও স্যার আস্তে চাপেন

বোতাম যাবে ছুটে।"

 

"চৌদ্দ রকম লাভের হিসাব

যতই করেন জড়ো

আমার চেয়ে দোকানদারের

ক্যালকুলেটর বড়।"

Comments

    Please login to post comment. Login