Posts

চিন্তা

মা কখনো হারে না

January 31, 2026

MST. MOKARROMA SHILPY

11
View

যখন ডাকি, 

শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে

কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছেই 

                                             সব খানেতেই মা।


 

আজ এখানে দাঁড়িয়ে হৃদয়ে এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছে। একদিকে প্রশিক্ষণ শেষের স্বস্তি, অন্যদিকে এক নিদারুণ কঠিন জীবন যুদ্ধের স্মৃতি আবার হঠাৎ প্রাণপ্রিয় মায়ের অকাল প্রয়াণে স্তব্ধ হৃদয়ের হাহাকার। আজ একই সাথে আমি সুবিধাবঞ্চিত অঞ্চলের বৈষম্য পীড়িত নারী ও মা প্রশিক্ষণার্থী। বাড়িতে একই সাথে একজন ক্যান্সারের, একজন অ্যাজমার ও দুজন স্ট্রোকের রোগী রেখে নিরুপায় হয়ে দুটি ছোট্ট ছোট্ট অবুঝ সন্তানকে নিয়ে ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে আসি আমি মোছাঃ মোকাররমা শিল্পী, আইডি ডি-৪০২। উদ্দেশ্য ছিল - অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে নিজের পেশাদারিত্ব কে শাণিত করা ও প্রশিক্ষণের ফলাফলে নিজেকে এগিয়ে রাখা। কিন্তু অত্যন্ত চঞ্চল ছোট্ট দুটি সন্তানকে নিয়ে পড়ি এক অগ্নিপরীক্ষায়। প্রশিক্ষণের শুরু থেকেই আমার প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত ছিল যুদ্ধের মতো। প্রশিক্ষণের টাইট শিডিউল, পিটি, ক্লাস, স্পোর্টস, সুইমিং এর পর বাচ্চাদের জন্য প্রায় সারারাত জাগা; ঘুম নেই, বিশ্রাম নেই, তবুও চেষ্টা করেছি সর্বোচ্চ; কখনো হোঁচট খেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, হাল ছাড়িনি। 
 

প্রশিক্ষণের সকল ইভেন্টে সক্রিয় অংশগ্রহণের চেষ্টা করেছি। কিন্তু হঠাৎ জীবনের সবচেয়ে ভয়ানক ও শ্বাসরুদ্ধকর মুহুর্তের সাক্ষী হলাম - মমতাময়ী মাকে চিরতরে হারালাম, অন্তিম মুহূর্তে একটি কথাও বলতে পারলাম না- একটি শব্দ ও না; সাত বছর আগে বাবাকেও হারিয়েছিলাম। আজ আমি শূন্য - এতিম; সেই শূন্যতা নিয়েই দায়িত্ববোধ থেকে ফিরে আসি এ প্রশিক্ষণে। BPATC র এ প্রশিক্ষণ আমাকে অনেক দিয়েছে, অনেক শিখিয়েছে; শুধু পেশাগত জ্ঞান নয়, দিয়েছে সময়জ্ঞান, ধৈর্য, সহনশীলতা ও পরিমিতিবোধ; পেয়েছি অত্যন্ত মেধাবী মস্তিষ্ক ও উদার মনের ৬০৪ জনের এক বিশাল পুল, এক অনন্য বন্ধন। 
 

ছয় মাসের দীর্ঘ যাত্রায় আমি অত্যন্ত শ্রদ্ধাবনত চিত্তে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন ও ক্ষমা প্রার্থনা করছি BPATC এর সম্মানিত রেক্টর মহোদয়, MDSবর্গ, কোর্স পরিচালক মহোদয়গণ, কোর্স ম্যানেজমেন্ট টিম, কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ, কোর্স সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীগণের প্রতি, যাদের ছাড়া আমার পক্ষে এ কোর্স সম্পন্ন করা সম্ভব ছিল না। 

প্রশিক্ষণের ফলাফলে হয়ত প্রথম সারির তালিকায় আমার নাম থাকবেনা, কিন্তু আমি জানি আমি এখানে কতটা সংগ্রাম করেছি; এই মাঠে আমি এক যোদ্ধা; আমি লড়েছি, আমি লড়ব; এ লড়াই আমার নিজের জন্য, আমার সন্তানদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য সর্বোপরি এ দেশের জন্য। লড়াই করেই এগিয়ে যাব; কারণ আমি একজন মা, আর মা কখনোই হারে না।

Comments

    Please login to post comment. Login