Posts

কবিতা

অকারণ ভালোবাসা

February 10, 2026

মোছা: মোকাররমা শিল্পী

161
View


যুক্তি দিয়ে আর যাই হোক,
ভালোবাসা হয় না—
হিসাবের খাতায় তার নাম লেখা যায় না।
আর জোর করে, কোনো দিনই
মন পাওয়া যায় না।

ভালোবাসা আসে হঠাৎ,
কারণহীন এক আগুনের মতো—
নিজের অজান্তেই জ্বলে ওঠে,
কোনো অনুমতি নেয় না।

কারো মন পেতে হলে
তাকে ভালোবাসতে হয় অকাতরে—
শর্তহীন, প্রশ্নহীন,
নিজেকে উজাড় করে দিয়ে।

মনের সাথে মনের মিল,
চিন্তার সাথে চিন্তার—
বোঝার মিল, ভাবনার সেতু,
কাজে কাজে সুর,
জানায় জানায় আলো।

এইসব মিলের ভেতরেই
জন্ম নেয় এক নিঃশব্দ ভালোলাগা—
যা প্রথমে শুধু চোখে থাকে,
পরে ধীরে ধীরে হৃদয়ে নামে।

আর সেই ভালোলাগা
যখন শ্রদ্ধায় মাথা নোয়ায়,
মমতায় বুক ভরে ওঠে—
তখন তার নাম হয় ভালোবাসা।

যারা ভালোবাসে অকাতরে,
যারা ভালোবাসে নিঃশর্তে—
তারা যুক্তির দরজায় কড়া নাড়ে না।
তাদের ভালোবাসতে কোনো কারণ লাগে না,
ভালোবাসা ছাড়া।

ভালোবাসার একমাত্র কারণ
তার অকারণ ভালোবাসা।

যেখানে স্বার্থ ঢুকে পড়ে,
যেখানে প্রয়োজন হিসাব কষে—
সেখানেই ভালোবাসা
নীরবে বিদায় নেয়।

Comments

    Please login to post comment. Login