Posts

কিডজ ফ্যাক্টরি

দূরালিঙ্গন

February 26, 2026

মোছা: মোকাররমা শিল্পী

25
View

মামনি❤️

আমার ছোট্ট পাখিটা,

তোমার জন্য মনটা ভীষণ ছটফট করছে। তোমায় খুব, খুব ভালোবাসি সোনা। তোমায় দারুন মিস করছি কলিজা।

এই প্রথম তোমাকে বাসায় রেখে এতদিনের জন্য দূরে আছি। পনেরোটা দিন—কিন্তু আমার কাছে যেন পনেরোটা বছর। প্রতিটা মুহূর্তে তোমার তুলতুলে হাতের স্পর্শ মনে পড়ে। আমার গালে তোমার টুপ করে চুমু না পাওয়ার কষ্টটা বুকের ভেতর কেমন হাহাকার তোলে, জানো?

আজ তোমার কান্নার শব্দ শুনে নিজেকে আর সামলাতে পারিনি। দুচোখ ভরে পানি নেমে এলো।বহুক্ষন অঝোরে ঝরেছে। খুব ইচ্ছে করছিল ছুটে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি, বুকের ভেতর লুকিয়ে রাখি—যেন আর কোনোদিন তোমাকে ছেড়ে যেতে না হয়।

 মিষ্টি মেয়ে আমার, আমি জানি তুমি আমারই মতো—ভীষণ আদুরে, একটু অভিমানী। একটু কঠিন কথা শুনলেই তোমার ছোট্ট বুকে পাহাড়সমান কষ্ট জমে যায়। তুমি অভিমান করো, কেঁদে ফেলো—আর আমি দূরে বসে সেই কষ্টটা অনুভব করি।

মামনি, মা ইচ্ছে করে দূরে থাকেনি।
সংসারের দায় আছে, তোমাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আছে। তোমাকে ভালো পড়াতে চাই, ভালো রাখতে চাই—এই ছোট্ট চাকরিটা তাই আমার কাছে খুব প্রয়োজন। সেই দায়িত্বের কারণেই এই কঠিন ট্রেনিংয়ে আসা।

এখানে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্লাস। সারাদিন ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততার মাঝেও হঠাৎ তোমার কথা মনে পড়লে বুকটা কেঁপে ওঠে। মনে হয়—এখন যদি তুমি এসে বলো, “মা, কোলে নাও…”

আর মাত্র ৬টা দিন বাকি।
দিনগুলো যেন কাটতেই চায় না। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে গুনে গুনে রাখছি—কবে ৪ তারিখ আসবে। সেদিন আমি ছুটে যাব তোমার কাছে।

ফিরেই তোমাকে শক্ত করে জড়িয়ে ধরব। অনেকক্ষণ কোলে নিয়ে বসে থাকব। তোমার গালে, কপালে, গলায় অজস্র চুমু দেব।
আর তুমি নিশ্চয়ই বলবে—
“মা, তুমি এসেছ? আমি তোমায় খুব ভালোবাসি। আর কখনো যেও না।”

যেদিন আমি ট্রেনিংয়ে আসি, সেদিনও তুমি এমন করেই বলেছিলে। সেই কথাগুলো এখনো কানে বাজে।

লক্ষ্মী মামনি, আর একটু অপেক্ষা করো।
মা আসছে খুব শীঘ্রই।
তোমার জন্য মায়ের ভালোবাসা আকাশের চেয়েও বড়, দূরত্বের চেয়েও শক্ত।

অনেক আদর আর অগণিত চুমু রইলো।

তোমার মা ❤️


 

Comments

    Please login to post comment. Login