Poetry

সাদা হেলমেটের নিচে

March 10, 2026

262
View


​তপ্ত রোদে পুড়ছে কপাল, লোনা জলে দুচোখ ভাসে,
সাদা হেলমেট সঙ্গী হয়েই দূর বিপদে মুচকি হাসে।
ধুলোর মেঘে মলিন জামা, রুক্ষ চুলে বালুর মেলা,
প্রকৌশলীর জীবন মানেই—প্রলয় নিয়ে নতুন খেলা।
​নীল নকশার হিজিবিজি ওই জ্যামিতিক সব রেখার টানে,
ইমারত সব আকাশ ছোঁয়, বিম-কলামের গূঢ় মানে।
মানুষ যখন ঘরে ফেরে, সে তখনো সাইটে একা,
কংক্রিটের ওই ধূসর ভাঁজে আপনজনের স্বপ্ন দেখা।
​মাথার ওপর আগুনের গোল্লা, পায়ের নিচে তপ্ত রড,
ধৈর্য নিয়ে সামলে রাখা এক বিশাল বড় কর্মযজ্ঞ।
শ্রমিক ভাইয়ের ঘামের সাথে নিজের মেধা বিলিয়ে দিয়ে,
যূথবদ্ধ সৃষ্টি জাগে—এক অনন্য শপথ নিয়ে।
​সাদা হেলমেট শুধু তো সাজ নয়, এ যে এক বড় আস্থার নাম,
হাজারো প্রাণের ভার বয়ে চলাই যার আসল কাম।
নিজের বাড়ির মায়া ছেড়ে পরের ভিটে গড়ছে যখন,
সাদা রঙের আবরণে ঢাকা পড়ে তার মনের যতন।
​বিশাল সব ক্রেন-মেশিন আর ভাইব্রেটরের তপ্ত সুরে,
পরিশ্রমের ক্লান্তিগুলো যায় না কভু পিছু ঘুরে।
নির্মাণ শেষে অট্টালিকা যখন হাসে পূর্ণ সাজে,
তৃপ্তির এক মৌন হাসি প্রকৌশলীর মনে বাজে।
 

Comments

    Please login to post comment. Login