অপূর্ণতার দিনলিপি
লেখক : আদিত্য ভৌমিক
তারিখ : ২৮/০৪/২০২৬
কিছু মানুষ হাসতে হাসতে ভেতরে কাঁদে,
কেউ তা দেখে না—
শুধু রাতের বালিশ জানে
কতটা নোনা জলে ভিজে থাকে একজন মানুষের স্বপ্ন।
আমি আজও কিছু শব্দ জমিয়ে রেখেছি,
যেগুলো কাউকে বলা হয়নি—
কারণ সব কান শোনে না,
সব মানুষ অনুভূতির ভাষা বোঝে না।
আমার বুকের ভেতরও এক সমুদ্র আছে,
উপরে শান্ত, নিচে তুমুল ঝড়—
প্রতিটি ঢেউ যেন বলে,
“তুমি যতটা শক্ত দেখাও, ততটা নও।”
অনেক ইচ্ছে ছিল—
কিছু আকাশ ছোঁয়ার, কিছু মানুষ ধরে রাখার,
কিন্তু সময় বড় নিষ্ঠুর—
সে হাতে ফুল দিয়ে
মুহূর্তেই কাঁটা গুনে দেয়।
যাদের জন্য হৃদয় নিঃস্ব করেছি,
তারা কেউ কেউ ব্যস্ত ছিল নিজের সুখে,
আর আমি?
আমি দাঁড়িয়ে থেকেছি অপেক্ষার শেষ স্টেশনে,
একটা ফিরতি ট্রেনের আশায়।
জীবন আমাকে শিখিয়েছে—
সব হারানো জিনিসের শব্দ হয় না,
কিছু কিছু ভাঙন নীরবতায় ঘটে,
আর সেই নীরবতা মানুষকে
ভেতর থেকে পাথর বানিয়ে দেয়।
তবুও আমি বেঁচে আছি—
কারণ মৃত্যু সহজ,
কিন্তু না-পাওয়া নিয়ে প্রতিদিন বেঁচে থাকা
সবচেয়ে বড় সাহস।
হয়তো একদিন কেউ পড়বে আমার চোখ,
বুঝবে এই নীরবতার পেছনে
কত শত আর্তনাদ লুকিয়ে আছে—
সেদিন আমি কিছু বলব না,
শুধু হেসে দেব…
যেমন করে ভাঙা মানুষ হাসতে জানে।
46
View