Poetry

বৃষ্টিভেজা ভাবনার পথ

April 28, 2026

Original Author লামিম পাইক

199 views


বৃষ্টি নামলেই শহরটা একটু অন্যরকম হয়ে যায়।
সবকিছু যেন একটু ধীরে শ্বাস নেয়।
টিনের ছাদে টুপটাপ শব্দ,
জানালার কাঁচে ছোট ছোট জলের দাগ—
হঠাৎ করেই মনে হয়,
কত কিছু থেমে গেছে, আর কত কিছু শুরু হয়েছে!
শীতল হাওয়া যখন গায়ে লাগে,
মনে হয় কেউ কিছু না বলেই
ভেতরের ক্লান্তিটা একটু সরিয়ে দিল।
ভেজা মাটির গন্ধে,
পুরোনো দিনের কথা এসে ধরা দেয়।
কোনো নাম নেই,
তবু চেনা একটা অনুভব…
আমি হাঁটি বৃষ্টির ভেতর,
আর দেখি নিজেকে একটু একটু করে বদলে যেতে।
মনে হয়, এই শহর না,
আমার ভেতরটাই ভিজে যাচ্ছে!
সব শব্দ কমে যায়,
চিন্তা গুলোও যেন ভিজে নরম হয়ে যায়।
কিছুই আর জোরে জোরে কথা বলে না।
প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না,
তবু সব ঠিক জায়গায় নিয়ে যায়।
এই বৃষ্টি,
এই ঠান্ডা হাওয়া—
শুধু মনে করিয়ে দেয়,
সবকিছু ধরার দরকার আছে কি?
তখন খুব সাধারণ একটা প্রশ্ন আসে,
জীবন আসলে খুব বেশি কিছু না, তাই না?
একটু বৃষ্টি,
একটু ভেজা পথ,
আর নিজের ভেতরে একটু থেমে যাওয়া।

Picked up where you left off

Comments