Post

জীবনটা কি শুধু একটা ইঁদুর দৌড়?

May 17, 2026

Original Author লামিম পাইক

130 views

জীবনটা কি শুধু একটা ইঁদুর দৌড়?

মাঝে মাঝে মনে হয়, আমরা সবাই কি কোনো একটা অদৃশ্য সুতোর টানে দৌড়াচ্ছি? ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়, জীবনে একটা বড় 'উদ্দেশ্য' থাকতে হবে। ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কিংবা অনেক অনেক টাকা কামাতে হবে। কিন্তু এই দৌড়াতে দৌড়াতে আমরা কি আসলে বাঁচতে ভুলে যাচ্ছি না?

ফেসবুক বা ইন্সটাগ্রাম স্ক্রল করলে মনে হয়, সবার জীবন কত রঙিন! কেউ পাহাড়ের চূড়ায়, কেউ দামি রেস্টুরেন্টে, কেউ বা নতুন চাকরিতে প্রমোশন পেয়েছে। এগুলো দেখে আমরা আরও বেশি হতাশ হয়ে পড়ি। মনে হয়, আমার বোধহয় কোনো লক্ষ্য নেই, আমি বোধহয় পিছিয়ে পড়ছি।

কিন্তু সত্যি বলতে কি, জীবনের মানে কি সবসময় অত বড় কিছু হতে হয়?

আমার তো মনে হয়, জীবনের কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকতেই হবে এমন কোনো কথা নেই। ধরুন, আজ সকালে আপনি খুব আয়েশ করে এক কাপ চা খেলেন, কিংবা অনেকদিন পর পুরোনো কোনো বন্ধুর সাথে প্রাণ খুলে আড্ডা দিলেন, এটাই কি জীবনের একটা সার্থকতা নয়?

উদ্দেশ্য মানে এই নয় যে আপনাকে দুনিয়া বদলে দিতে হবে। আপনি যদি আপনার চারপাশের দু-তিনজন মানুষকে একটু ভালো রাখতে পারেন, যদি দিনশেষে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে শান্তিতে একটা হাসি দিতে পারেন, তবেই তো জীবনটা সার্থক।

আমরা মানুষ, আমরা তো আর রোবট নই যে একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করে সেই অনুযায়ী চলতে হবে। আমাদের মন খারাপ হবে, আমরা ভুল পথে হাঁটবো, আবার নতুন করে স্বপ্ন দেখবো। জীবনের আসল আনন্দ তো আসলে এই চড়াই-উতরাইয়ের মধ্যেই।

বেঁচে থাকাটাই তো একটা বড় উদ্দেশ্য। সকালের মিঠে রোদ দেখা, বৃষ্টির শব্দ শোনা, কিম্বা মা-বাবার সাথে বসে গল্প করা—এই ছোট ছোট মুহূর্তগুলোই আসল। বড় বড় অর্জনের পেছনে ছুটতে গিয়ে এই ছোট আনন্দগুলোকে হারিয়ে ফেলা মানেই তো জীবনকে হারিয়ে ফেলা।

তাই বলছি কি, জীবনের মানে না খুঁজে বরং জীবনটাকে উপভোগ করার চেষ্টা করুন। আপনি যেমন, সেভাবেই নিজেকে ভালোবাসুন। দিনশেষে আপনি কত বড় হলেন তার চেয়ে বেশি জরুরি হলো, আপনি কতটা মানুষ হতে পারলেন।

জীবনটা কোনো কঠিন অংক নয়, জীবনটা হলো একটা খোলা আকাশ। এখানে আপনি যেভাবে খুশি উড়তে পারেন।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login