Post

বেঁচে থাকার নামতা

August 21, 2026

Original Author Lamim Paik

93 views

রোজ সকালে অ্যালার্মটা যখন কানের কাছে আর্তনাদ করে ওঠে
মনে হয় এক পৃথিবী ক্লান্তি নিয়ে আজও কি যুদ্ধে যেতেই হবে
আমরা তো আসলে কেউ রাজা নই সবাই স্রেফ খাটুনি খাটা মজুর
পেটের দায়ে স্বপ্নগুলোকে আলমারিতে তুলে রাখাই এখন নিয়ম।

আয়নার সামনে দাঁড়িয়ে যখন কৃত্রিম এক হাসি মাখি ঠোঁটে
তখন ভেতরে থাকা আসল মানুষটা অপমানে বড্ড কুঁকড়ে যায়
অফিসের ওই মেপে রাখা ফাইল আর বসের কর্কশ কণ্ঠস্বরের মাঝে
নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখাটাই এখন আমাদের বড় সাধনা।

আগে বৃষ্টিতে ভিজতাম খুব এখন জ্বর আসার ভয়ে দূরে থাকি
শৈশবের সেই আকাশটা এখন ইটের দালানে বড্ড বেশি ঝাপসা
কত পিছুটান আর কত দায়িত্বের চাপে আমরা আজ দিশেহারা
নিজেকে একটু ভালোবাসার সময়টুকুও কবে যে হারিয়ে গেছে নিঃশব্দে।

দিন শেষে যখন ঘরে ফিরি তখন ক্লান্তিটা বিষণ্ণ হয়ে ঝরে পড়ে
মনে হয় আমরা কি আসলেই বেঁচে আছি নাকি শুধু যন্ত্রের মতো চলছি
বড় হতে চেয়েছিলাম একদিন কিন্তু এখন খুব বেশি করে বুঝতে পারি
এই পৃথিবীতে বড় হয়ে যাওয়াটাই আসলে মানুষের সবচাইতে বড় শাস্তি।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login