Poetry

এই অরণ্যে

June 14, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

140 views

আর কতকাল রয়ে যাব

এই শ্বাপদসংকুল অরণ্যে,

যেখানে অতি যত্নে ফুলেরা বাড়ে ধীরলয়ে,

বিনা যত্নে আগাছা বাড়ে অবিরাম গতিতে!

এখানে হরিণী দোষী নিজ মাংসের স্বাদে,

শিকারি হিংস্ররা তাই মহান সাজে;

ভণ্ড শেয়ালের দল থাকে সাধুর বেশে,

আবর্জনাভুক ধাঙড়েরা অনেক বেশি বাঁচে।

যখন প্রকৃতি বিচারের আসনে বসে,

তখন রুদ্রমূর্তি ভয়ংকর ঝড় আসে;

তাতে ছোট গাছেরা বেশি উপড়ে পড়ে,

আর দুর্বল টুনটুনিদের বাসা ভাঙে।

আজ বিলুপ্তির পথে আলোর জোনাকিরা,

তাই অন্ধকারে কিলবিল করে তেলাপোকা;

হুক্কাহুয়া দিয়ে হল্লা করে ধূর্ত শৃগালরা,

আর উহুউহু কাঁদে নিরীহ ডাহুকেরা।

ফুলেরা সব শুঁয়োপোকার দখলে,

তাই মৌমাছিরা ফিরে যায় দলে দলে;

ঘুঘুরা সব ঝড়-বৃষ্টির কবলে,

পেঁচারা নিরাপদে বৃক্ষের কোটরে।

নির্মম শিকারই যখন চূড়ান্ত নিয়তি,

তবে কোন মহাকালের প্রতীক্ষায়?

হে মহাজন! কবে সেই মাহেন্দ্রক্ষণ?

কবে দেব যোগ মহামুক্তির মিছিলে?

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login