একাকিত্ব আষ্টেপৃষ্ঠে গ্রাস করে যখন,
সূক্ষ্ম অনুভূতিরা জেগে ওঠে তখন।
একে একে খুলে বসে হিসাবের যত খাতা,
খুঁজে খুঁজে বের করে হৃদয়ে লুকানো সব ব্যথা।
ভুলের ভেতরেই ছিলাম, ভুলের ভেতরে পড়ে রই;
ঘোরের ভেতরেই ছিলাম, ঘোরেই আটকে রই।
কতবার নিজেকেই বিলিয়ে দিয়েছি,
সর্বস্ব উজাড় করে নিঃশেষ হয়েছি।
বার বার গুনে করি ভুল,
হিসাবের খাতায় বড্ড গরমিল!
কতবার গুটিয়ে নিয়েছি, কতবার লুটিয়ে পড়েছি,
তবুও মুছে ফেলতে পারিনি হৃদয়ের দগদগে ক্ষত।
এ ভবসংসারে সবাই চেনা, তবুও কেউ তো কারো নয়;
দিনের শেষে নিজের ছায়াও অন্ধকারের ভিড়ে হারায়।
হিসাবের খাতা পুড়ুক তবে, ভুলের ঘোর এবার ভাঙুক,
বুকের ভেতর লুকিয়ে থাকা ক্ষতরা এবার মুক্তি পাক।