রুদ্ধদ্বারের ওপাশে নিস্তব্ধ দাঁড়িয়ে থেকে লাভ নেই;
যতবার দ্বার খুলি, ততবার মরি—
দমকা বাতাসের এক ঝটকায়
তছনছ হয়ে যায় ভেতরটায়।
ফিরিয়ে দিয়েছি, তাই তো
দুয়ারে এসে দাঁড়িয়েছ; তবুও,
একলায় পড়ি, একলায় মরি,
রুদ্ধদ্বারের ভেতর একলায় বাঁচি।
বন্ধ জানালায় কান পেতে বসে থাকি,
ওপারে বসন্ত বাতাস আসবে আসবে ভাবি;
ভেতরে ভেতরে ভেবে মরি,
ঝড়ো হাওয়া ঢুকবে এই বুঝি!
বসন্তের বাতাসে এসে ফুল ফোটাবে,
সুরভি ভেসে আসবে মন-জানালা বেয়ে—
এইসব এখন আর ভাবি না,
তাই তো জানালায় চোখ রাখি না।
যদি কখনো আসো এক মুঠো জ্যোৎস্না নিয়ে,
কিংবা আসো নিবু নিবু জোনাক হয়ে;
রুদ্ধ জানালার ওপাশে রুদ্ধশ্বাসে জেনে রেখো—
কান পেতে ছিলাম এই আশাতেই।