Poetry

প্রণয়ে নহে,তবু..

July 5, 2026

97 views

একমুখী—


প্রণয়ের কোনো অভিসন্ধি নহে, নহে প্রেম।

তবু অচেনা প্রীতির আবেশে অন্তর ছিল নিবেদিত।


অকৃত্রিম সঙ্গের অপ্রকাশিত আত্মিক টানে

অতিক্রান্ত হয়েছে বহু অনুরাগমগ্ন মুহূর্ত— কোনো প্রতিশ্রুতি নয়, কোনো প্রণয়ঘন উচ্চারণও নয়।

তবু অনুচ্চারিত প্রীতির অন্তঃপ্রবাহে

রচিত হয়েছিল এক নীরব অন্তর্জগৎ।


অতঃপর একদিন—

সযত্নে লালিত অন্তর্জগতের প্রাচীরে 

হঠাৎ এক অচেনা হাহাকার।


বিস্মিত হলাম—

যার প্রতি ছিল না — অধিকারের ঘোষণা, প্রতিশ্রুতি, প্রণয়ঘন উচ্চারণও।

তার দূরত্বে কেন এতো ব্যাকুলতা?


উপলব্ধি—

কিছু অনুভব প্রেমও নহে, বন্ধুত্বও নহে।

তাহারা নীরব অনুরাগের মতো অন্তরের গহীন প্রদেশে জন্ম গ্রহণ করা অনুভূতি। 


হারানোর ভয় অপর উপস্থিতির সামান্য আভাস।

মুহূর্তেই স্বপ্নময় ভ্রমলোকে, বিষণ্নতার সন্ধ্যা নেমে আসে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login