Posts

কবিতা

মহামুক্তির আগে

July 9, 2026

saiful Islam

Original Author মোঃ সাইফুল ইসলাম

8
View

ঘুটঘুটে অন্ধকার গুহা,
সাজানো সব গোলকধাঁধা;
কত পথ, কত তার শাখা,
বন্ধুর আর খানাখন্দে ভরা।

কত মশাল জ্বালিয়েছি কতবার,
দমকা হাওয়ায় গেছে নিভে ততবার;
কতবার অভিযানের অভিযাত্রী হয়েছি,
ঘুরেফিরে বারে বারে শূন্যে ফিরেছি।

আলোক-সন্ধানে ক্রমাগত ছুটে চলছি,
উঠে দাঁড়াচ্ছি আর হোঁচট খেয়ে পড়ছি;
যেই না ক্ষীণ আলোকরেখা ফুটেছে,
একটু জ্বলে আবার নিবু নিবু করছে।

এই প্রজ্বলন-শিখা করে দিন তীব্র,
সংকীর্ণ পথকে করে দিন প্রশস্ত;
ডানায় সঞ্চার করে দিন শক্তি,
অন্ধকূপ থেকে পেতে মুক্তি।

বিচরণ করব পুরো আকাশজুড়ে,
উড়তে যেন পারি অনেক ওপরে;
ভিজতে যেন পারি শ্রাবণজুড়ে,
নেকড়ের মতো পূর্ণিমার রাতে,
ডাহুকের মতো দিঘির জলে।

মহামুক্তি কত সন্নিকটে,
একমাত্র মালিকই জানে;
প্রত্যাশার পারদ অনেক নিচে,
নিরাশারা তাই অট্টহাসি হাসে।

হে মহামুক্তির মালিক!
মহাপ্রলয়ের আগে আগেই,
পান করাও মুক্তির সুধা;
মেলে দেব দুটি ডানা।

Comments

    Please login to post comment. Login