Posts

প্রবন্ধ

আল্লাহ যাদের ভালবাসেন না

July 22, 2026

মাহমুদুর রহমান

Original Author A. K. M. Mahmadur Rahman

17
View

আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া প্রতিটি মুমিনের স্বপ্ন। মানুষ নিজের সব কিছু বিলিয়ে দেয় মহান রবের সান্নিধ্য লাভের আশায়। আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারা বান্দার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমরা সব সময় চেষ্টা করি আল্লাহ্‌ তাআলার ভালোবাসা অর্জন করা। কিন্তু আল্লাহ্‌ তাআলা কোরআন মাজিদে এমন সব ব্যক্তিদের কথা আলোচনা করেছেন, যাদের তিনি ভালোবাসেন না। আর কোনো বান্দার ব্যাপারে যদি এ কথা জানা যায় যে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, তাহলে তার জন্য এর চেয়ে পরিতাপের কথা আর কী হতে পারে। 

আসুন আমরা এক এক করে উক্ত ব্যক্তিদের সম্পর্কে জেনে নেই।  

১। সীমালঙ্ঘনকারী

আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। আল্লাহ্‌ তাআলা পবিত্র কোরআনে বলেনঃ 

اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الۡمُعۡتَدِيۡنَ‏ ١٩٠

অর্থঃ নিশ্চয়ই আল্লাহ সীমা লংঘনকারীদেরকে ভালবাসেননা। আল বাকারাহ (২) আয়াতঃ ১৯০

সীমা লঙ্ঘনের অনেক ধরন রয়েছে। কারো প্রতি কথাবার্তায় বা আচার-আচরণে অন্যায়, জুলুম বা নির্যাতন করা এমনকি তুচ্ছতাচ্ছিল্য করা সীমা লঙ্ঘনের মধ্যেই পড়ে। হিংসাবিদ্বেষ বা অহংকার করাও সীমা লঙ্ঘনের শামিল। এমন কি যুদ্ধ করার ক্ষেত্রে ও আমাদের কে সীমালঙ্ঘন না করার নির্দেশ দিচ্ছেন। যারা বিভিন্ন কাজে সীমা লঙ্ঘন করে বেড়ায়, তাদের আল্লাহ তাআলা ভালোবাসেন না। অতএব, আমাদের কোনোভাবেই সীমা লঙ্ঘন করা উচিত নয়।

২। অকৃতজ্ঞ পাপী

আল্লাহ তাআলা অকৃতজ্ঞ পাপীদের ভালোবাসেন না। আল্লাহ্‌ তাআলা পবিত্র কোরআনে বলেনঃ

وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيۡمٍ‏

অর্থঃ আল্লাহ অকৃতজ্ঞ পাপীদেরকে ভালবাসেন না। আল বাকারাহ (২) আয়াতঃ ২৭৬

কৃতজ্ঞতা আদায় করা ও পাপমুক্ত জীবন যাপন করা আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত বান্দার জন্য। কিন্তু যারা এই নিয়ামত পেয়েও অকৃতজ্ঞ থেকে যায় এবং গুনাহে পরিপূর্ণ জীবন যাপন করে, আল্লাহ্‌ তাদের ভালোবাসেন না।  

৩। কাফির

আল্লাহ তাআলা কাফিরদের ভালোবাসেন না। আল্লাহ্‌ তাআলা পবিত্র কোরআনে বলেনঃ

فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الۡكٰفِرِيۡنَ‏ ٣٢

অর্থঃ তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে ভালবাসেন না। আল ইমরান (৩) আয়াতঃ ৩২

যারা আল্লাহ্‌ ও তার রাসূল (সঃ) আর আনুগত্য স্বীকার করে না বা যারা আল্লাহ্‌ ও রাসূল (সঃ) এর নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা কাফের। আর আল্লাহ্‌ কাফিরদের ভালবাসে না। 

অন্য আয়াতে আল্লাহ্‌ তায়ালা বলেনঃ 

اِنَّهٗ لَا يُحِبُّ الۡكٰفِرِيۡنَ‏ ٤٥

অর্থঃ তিনি কাফিরদেরকে ভালবাসেন না। রোম (৩০) আয়াতঃ ৪৫

৪। জালেম (অত্যাচারী)

আল্লাহ তাআলা জালিমকে ভালোবাসেন না। আল্লাহ্‌ তাআলা পবিত্র কোরআনে বলেনঃ

وَ اللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيۡنَ‏ ٥٧

অর্থঃ আল্লাহ জালিমদেরকে ভালবাসেন না। আল ইমরান (৩) আয়াতঃ ৫৭

যারা অন্যের প্রতি জুলুম করে, জুলুম করাই তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে যারা অন্যার উপর জুলুমে করে, তাদের আল্লাহ তাআলা ঘৃণা করেন। 

৫। অহংকারী, দাম্ভিক

আল্লাহ তাআলা অহংকারী, দাম্ভিক কে ভালোবাসেন না। আল্লাহ্‌ তাআলা পবিত্র কোরআনে বলেনঃ

اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنۡ كَانَ مُخۡتَالًا فَخُوۡرَا ۙ‏ ٣٦

অর্থঃ নিশ্চয়ই আল্লাহ ঐ লোককে ভালবাসেন না, যে অহংকারী, দাম্ভিক। আল নিসা (৪) আয়াতঃ ৩৬

আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না। নিজের সম্পদ, বংশ বা গোত্র নিয়ে বড়াই করা, অন্যকে তুচ্ছতাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা, এসব অহংকারের বহিঃপ্রকাশ। এই অহংকারের কারণে সে সত্য গ্রহণ করতে পারে না। অহংকারী আল্লাহর কাছে ও মানুষের কাছে সর্বদা ঘৃণিতই থাকে। এ সম্পর্কে আল্লাহ্‌ তায়ালা পবিত্র কোরআনে আরো বলেনঃ

اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الۡفَرِحِيۡنَ‏٧٦

অর্থঃ নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেননা। আল কাসাস (২৮) আয়াতঃ ৭৬

اِنَّهٗ لَا يُحِبُّ الۡمُسۡتَكۡبِرِيۡنَ‏ ٢٣

অর্থঃ তিনি অহঙ্কারীদেরকে ভালবাসেন না। আন নাহল (১৬) আয়াতঃ ২৩

উল্লেখিত আয়াত থেকে এটা স্পষ্ট যে আল্লাহ্‌ অহংকারী, দাম্ভিক ব্যক্তিদের ভালোবাসেন না। 

৬। অপব্যয়কারী

আল্লাহ্‌ তাআলা পবিত্র কোরআনে বলেনঃ

اِنَّهٗ لَا يُحِبُّ الۡمُسۡرِفِيۡنَ‏ ١٤١

অর্থঃ নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। আল আনআম (৬) আয়াতঃ ১৪১

বৈধ কাজে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করাকে অপচয় এবং অবৈধ কাজে কোনো কিছু ব্যয় করাকে অপব্যয় বলে। আল্লাহ্‌ আমাদেরকে  অপচয় ও অপব্যয়কে নিষিদ্ধ করে প্রতিটি বস্তুর সঠিক ও পরিমিত ব্যবহার করতে বলেছেন। আর যে ব্যক্তি অপচয় ও অপব্যয় করবেন আল্লাহ্‌ তাকে পছন্দ করেন না। 

৭। বিশ্বাস ভঙ্গকারী

আল্লাহ্‌ তাআলা পবিত্র কোরআনে বলেনঃ

اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الۡخَآٮِٕنِيۡنَ

অর্থঃ নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস (ওয়াদা-চুক্তি-প্রতিশ্রুতি) ভঙ্গকারীদেরকে পছন্দ করেননা। আল আনফাল (৮) আয়াতঃ ৫৮

যদি কোন কারণে কারো সাথে করা চুক্তি বাতিলের প্রয়োজন হয় তাহলে তা শান্তিপূর্ণ উপায় ও পন্থায় বাতিল করতে হবে এমন কি তা কাফিরদের সাথেও হয় না কেন। আর যদি তা না হয় তাহলে আল্লাহ্‌ তাকে ভালোবাসেন না, পছন্দ করেন না।

৮। খিয়ানতকারী পাপিষ্ঠ

আল্লাহ্‌ তাআলা পবিত্র কোরআনে বলেনঃ

اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنۡ كَانَ خَوَّانًا اَثِيۡمًا ۙ​ ۚ‏

অর্থঃ কারণ আল্লাহ অতি খিয়ানতকারী চরম পাপীকে পছন্দ করেন না। আল নিসা (৪) আয়াতঃ ১০৭

আল্লাহ তাআলা খিয়ানতকারীকে ভালোবাসেন না। যারা আমানতের খিয়ানত করে, যারা নিয়মিত ওয়াদা রক্ষা করে না, তাদের আল্লাহ্‌ ভালোবাসেন না।

৯। বিপর্যয় ও ফ্যাসাদ সৃষ্টিকারী

আল্লাহ্‌ তাআলা পবিত্র কোরআনে বলেনঃ

اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الۡمُفۡسِدِيۡنَ‏ ٧٧

অর্থঃ নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীকে ভালবাসেন না। আল কাসাস (২৮) আয়াতঃ ৭৭

যারা জমিনে বিশৃঙ্খলা, ফ্যাসাদ, বিপর্যয়, সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করে পৃথিবীতে অরাজক পরিস্থিতি করে রাখে তাদের আল্লাহ তাআলা ভালোবাসেন না। 

অন্য আয়াতে আল্লাহ্‌ তায়ালা বলেনঃ 

وَاللّٰهُ لَا يُحِبُّ الۡمُفۡسِدِيۡنَ‏ ٦٤

অর্থঃ আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না।  আল মায়িদাহ (৫) আয়াতঃ ৬৪

সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর ভালোবাসা লাভ করতে চাইলে আমাদের এসব গুণাবলি থেকে বেঁচে থাকতে হবে এবং নিজেদের আত্মশুদ্ধির পথে এগিয়ে যেতে হবে। আমরা যেন আল্লাহর অপছন্দনীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত না হই, সে জন্য সবসময় সচেতন থাকতে হবে।

আল্লাহ তাআলা তাঁর মহান কৃপায় আমাদের এসব থেকে হিফাজত করুন। আমিন

Comments

    Please login to post comment. Login